
ছড়ার পাখি কিনেছিলাম
গিয়ে ছড়ার হাটে
পাখি নিয়ে কাটাই সময়
মন বসে না পাঠে।
ছড়ার পাখি ভোরে জেগে
সূর্য ওঠা দেখে
পাখি আমার গোসল করে
সূর্যের রং মেখে।
শীত-সকালে শিশির মেখে
ঝাপটায় দুই ডানা
গলা সাধে সা রে গা মা...
যতই করি মানা।
পাখি আমার দুপুরবেলা
সবুজ পাতার ফাঁকে
বসে আমায় মিষ্টি করে
‘ও ছড়াকার’ ডাকে।
সবুজ পাতা ঝিরিঝিরি
লেগে হাওয়ার কাঁপন
পাখির সাথে কথা বলেই
আমার জীবনযাপন।
ছড়ার পাখি কাঁধে বসে
দুষ্টু হেসে কয়—
ও ছড়াকার তুমি নাকি
পাও ভূতকে ভয়?
ভূত বলে নেই কোনো কিছু
এইটা রেখো মনে
ঠিক দুপুরে তোমায় নিয়ে
ঘুরতে যাব বনে।
বনের ভেতর সবুজ সবুজ
মায়াবী এক জাল
পাতা আছে, দেখে তোমার
কুঁচকাবে কপাল...
এমনি কত গল্প বলে
আমার ছড়ার পাখি
পাখির অনেক কথা আমার
দেয় চেতনায় ঝাঁকি।
পাখি আমায় জোছনা রাতে
গল্প বলে চাঁদের
ছড়ার পাখি শক্তি আমার
ভাষা প্রতিবাদের।
পাখির মুখেই বলি আমি
আমার অনেক কথা
পাখি আমার ভাষা এবং
পাখিই স্বাধীনতা।