প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাকে তুমি ভাবতে পারো ছোট
কিন্তু আমি মোটেই ছোট নই
আমাকে তুমি ভাবতে পারো বড়
কিন্তু আমি কেমনে বড় হই?
আমি তো নই গাছের মতো উঁচু
আমি তো নই মাঠের মতো বড়
কিন্তু আমি অতটা ছোটও নই
ছোট বলেই যেমন ফড়িং ধরো
আমাকে কেউ ধরতে পারে না
কেউ জানে না আমি কোথায় থাকি
আমার দুজন সহপাঠির নাম
একটা দোয়েল, একটা চড়ুই পাখি
তবে কি আমি পাখিবংশের ছেলে?
আমারও কি পাখনা আছে ওড়ার?
না না আমার পালক-টালক নেই
আছে একটি পক্ষিরাজের ঘোড়া
ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দূরে
‘বাড়ির লোক’এর চোখ এড়িয়ে ঘুরি
কোথাকার কোন মেঘ-দেশান্তরে
আছে আমার হারিয়ে যাওয়া ঘুড়ি!
সেই ঘুড়িটা খুঁজতে খুঁজতে যদি
ধরো আমার বয়স গেল বেড়ে
ঘুড়ির কথা মনে থাকবে তখন?
আমিই কারো ছোটবেলাটা কেড়ে
বড় হয়ে হব ‘বাড়ির লোক’?
আমিও কি ভুলে যাব রংধনুর সাঁকো!
আর্টের টিচার শিল্পী মানুষ, বলেন—
যা যা বললে, জলরঙে সব আঁকো।