ছেলেবেলার যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>‘আমরা সবাই রাজা!’ কে লিখেছিলেন বলো তো? হুঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। গতকাল ছিল তাঁর মৃত্যুদিন। সবাইকে রাজা বানানোর মন্ত্র যিনি জানতেন, তাঁর ছেলেবেলাটা কেমন ছিল? তোমাদের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজেছেন তারিক মনজুর
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

জন্মকথা
২৫ বৈশাখ ১২৬৮। ৭ মে ১৮৬১। মঙ্গলবার। বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো। ঘড়িতে তখন রাত ২টা ২৮ মিনিট। ভোরের আলো ফুটতে তখনো কিছু সময় বাকি। রবির কিরণ নিয়ে রবিঠাকুর এলেন। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সেই রাতেই আলোকিত হলো এই নতুন শিশুর আগমনে।

সে সময়ের কলকাতা
তখনো কলকাতা পুরো শহুরে রূপ নেয়নি। রাস্তাঘাট অধিকাংশই ছিল কাঁচা। মিউনিসিপ্যালিটির কলের পানির ব্যবস্থা তখনো হয়নি। অজস্র পুকুর ছিল এখানে-ওখানে। স্নান ও পান চলত তারই জলে। রবীন্দ্রনাথের বর্ণনায়: ‘আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়। শহরে শ্যাকরাগাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে, দড়ির চাবুক পড়ছে হাড়-বের-করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটরগাড়ি।’

অন্নপ্রাশন
যথাসময়ে রবীন্দ্রনাথের অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান হয়। বোন সৌদামিনী দেবী এ নিয়ে লিখেছেন: ‘রবির অন্নপ্রাশনের যে পিঁড়ার উপরে আলপনার সঙ্গে তাহার নাম লেখা হইয়াছিল সেই পিঁড়ির চারিধারে পিতার আদেশে ছোটো ছোটো গর্ত করানো হয়। গর্তের মধ্যে সারি সারি মোমবাতি বসাইয়া তিনি আমাদের তাহা জ্বালিয়া দিতে বলিলেন।’ এই অনুষ্ঠান সম্ভবত ১২৬৮ সালের অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত হয়।

স্কুলে যাওয়া
রবীন্দ্রনাথের বয়স তখন তিন বছর দশ মাস। একদিন দেখলেন, ভাই সোমেন্দ্রনাথ ও ভাগনে সত্যপ্রসাদ স্কুলে গেছেন। এই দুজন তাঁর চেয়ে বছর দুয়েকের বড় হবেন। রবীন্দ্রনাথ স্কুলে যাওয়ার যোগ্য বিবেচিত হলেন না। উঁচু স্বরে কান্না ছাড়া যোগ্যতা প্রকাশের আর কোনো উপায় ছিল না তাঁর হাতে। যিনি তাঁদের বাড়ির শিক্ষক ছিলেন, তিনি বললেন, ‘এখন ইস্কুলে যাবার জন্য যেমন কাঁদিতেছে, না যাবার জন্য ইহার চেয়ে অনেক বেশি কাঁদিতে হইবে।’

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

লাঠিখেলা
কুস্তি ও জিমন্যাস্টিকের সঙ্গে রবীন্দ্রনাথকে লাঠিখেলাও শিখতে হয়েছে। শেখানোর জন্য যাকে নিযুক্ত করা হয়েছিল, সে জাতে ছিল মুচি। খেলা শুরুর আগে নিয়ম হলো—গুরুর পায়ে হাত দিয়ে সালাম করবে শিষ্য। কিন্তু এ ক্ষেত্রে শিক্ষার্থী ব্রাহ্মণ, কিন্তু গুরু জাতে শূদ্র। অতএব কে কাকে প্রণাম করবে, এ এক সমস্যা দেখা দিল। দেবেন্দ্রনাথ সিদ্ধান্ত দিলেন, শিষ্য, রবীন্দ্রনাথই প্রণাম করবে। এ ক্ষেত্রে কোনো জাতভেদ চলবে না।

মোজা কেনা
রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে লিখেছেন, ‘বয়স দশের কোঠা পার হইবার পূর্বে কোনোদিন কোনো কারণেই মোজা পরি নাই।’ অবশ্য ৬ জানুয়ারি ১৮৬৫ তারিখের এক হিসাবে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের জন্য মোজা কেনা হয়েছে। তা-ও একটি-দুটি নয়, এক ডজন। দাম সাড়ে তিন টাকা। অবশ্য ছেলেবেলা থেকেই রবীন্দ্রনাথের স্বাস্থ্য খুব ভালো ছিল।

জিমন্যাস্টিক-চর্চা
১৮৬৯ সালের সেপ্টেম্বর থেকে রবীন্দ্রনাথ জিমন্যাস্টিক শেখা শুরু করেন। শেখার জন্য নির্ধারিত সময় ছিল বিকেলবেলা। রবীন্দ্রনাথ লিখেছেন: ‘সাড়ে চারটার পর ফিরে আসি ইস্কুল থেকে। জিম্নাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলটপালট করি। তিনি যেতে না যেতে এসে পড়েন ছবি-আঁকার মাস্টার।’

কবিখ্যাতি
বালক রবীন্দ্রনাথের কবিখ্যাতি পরিবারের গণ্ডি পার হয়ে স্কুল পর্যন্ত পৌঁছে গেল। নরমাল স্কুলের সাতকড়ি দত্ত একটা কাগজে লিখে দিয়েছিলেন—
রবিকরে জ্বালাতন আছিল সবাই,
বরষা ভরসা দিল আর ভয় নাই।
বললেন বাকি অংশ পূরণ করার জন্য। রবীন্দ্রনাথ বাকি অংশে লিখলেন—
মীনগণ হীন হয়ে ছিল সরোবরে,
এখন তাহারা সুখে জলক্রীড়া করে।

ঘুমের আগে
রাত নয়টার পর পড়া শেষ করে ভেতর-বাড়িতে যেতেন খাওয়ার জন্য। খাওয়া শেষ করে যখন বিছানায় শুতেন, তখন শংকরী দাসী, কিংবা প্যারী দাসী কিংবা তিনকড়ি দাসী এসে বলত রূপকথার গল্প। মিটমিট করা আলোয়, চুন-খসা দেয়ালের দিকে তাকিয়ে নানা কাল্পনিক ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়তেন ভবিষ্যতের এই যুবরাজ।