
‘মানুষের ঘুমের দুটি পর্যায় থাকে। এর মধ্যে একটি হলো র্যাপিড আই মুভমেন্ট বা রেম স্লিপ। সহজ কথায় অগভীর ঘুম। আর বাকি সময় হলো নন-রেম স্লিপ বা গভীর ঘুম। বুঝলি তো বিষয়টা?’ জানতে চাইলেন ছোট মামা। কাকডাকা ভোরে কনকনে ঠান্ডার মধ্যে ঘুম থেকে ডেকে তোলায় মেজাজটা এমনিতেই খিচড়ে আছে। তার মধ্যে মামার এই ‘জ্ঞান বিতরণ কর্মসূচি’ ভালো না লাগলে নিশ্চয়ই আমাকে দোষ দেওয়া চলে না। আমি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। বিশাল এক খেলার মাঠে ঘুড়ি ওড়াচ্ছি। মাঞ্জা দেওয়া সুতা সবে দৈত্যাকার একটা ঘুড়িকে ভোঁ-কাট্টা করে দিয়েছে। আনন্দে ‘হুররে’ বলে চিৎকার করেছি, অমনি ছোট মামার ডাক, ‘কী রে, ভোরবেলায় স্বপ্ন দেখছিস নাকি? ওঠ ওঠ, অনেক কাজ পড়ে আছে।’
ছোট মামা যে কী রাজকার্য করেন, তোমরা তা ভালোই জানো। দিনমান ঘরে বসে বইপত্র পড়া। আর মাঝেমধ্যে উদ্ভট সব গবেষণা কিংবা ঘুরে বেড়ানো। এবার মামার প্রজেক্ট হলো শক্তিদায়ক পানীয় বা ‘এনার্জি ড্রিংক’ তৈরি করা। শুনে বললাম, ‘বাজারে তো কতই এনার্জি ড্রিংক পাওয়া যায়। নতুন করে বানানোর কী আছে?’
মামা বললেন, ‘উঁহু, আমারটা হবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি।’
ধীরে ধীরে জানা গেল, তাঁর পানীয়ের মূল উপাদান হবে খেজুর রস। এর সঙ্গে আরও কীসব ভেষজ জিনিস মেশানো হবে। তো গবেষণার উদ্দেশ্যে মামা আমাকে নিয়ে এলেন গ্রামের বাড়ি; মানে আমার মামাবাড়ি। এখানে প্রচুর খেজুরগাছ। তাই রস নিয়ে কোনো সমস্যা নেই। মামা খুঁজতে শুরু করলেন অন্যান্য উপাদান। এর জন্য নাকি ভোরবেলাতেই বের হতে হবে। শিশিরভেজা লতাপাতা মিশিয়েই তৈরি হবে সেই ‘বিখ্যাত’ পানীয়।
ঘরের বাইরে বেরিয়ে দেখি প্রচুর কুয়াশা। এর মধ্যেই দুজনে চললাম ছোটখাটো এক জঙ্গলে। বড় গাছ তেমন নেই, লতা-গুল্মের ঝোপ। মামা সঙ্গে থাকা একটা লম্বা লাঠি দিয়ে সেসব লতা-গুল্ম সরিয়ে তাঁর কাঙ্ক্ষিত ভেষজ গাছ খুঁজছেন। তখনই আমার চোখে পড়ল দৃশ্যটা। কুয়াশার কারণে কিছুটা আবছায়ার মধ্যে দেখা গেল ছায়ামূর্তির মতো দুজন মানুষ। একজনের হাতে বোধ হয় কলসি-জাতীয় কিছু, আরেকজন মাটি খুঁড়ছে। মামাকেও ইশারায় দেখালাম। বেশ মনোযোগ দিয়ে দেখার পর মামা বললেন, ‘ওরাও বোধ হয় ভেষজ উদ্ভিদ খুঁজতে বেরিয়েছে। কিছু গাছের শিকড়-বাকড় নানা কাজে লাগে। চল কথা বলি।’
আমি বলতে চাইলাম, বিষয়টা মোটেই তেমন মনে হচ্ছে না। কিন্তু তার আগেই মামা লোক দুটোর দিকে এগিয়ে গেলেন। কুয়াশার প্রাচীরের কারণে একদম কাছে না পৌঁছানো পর্যন্ত ওই দুজন আমাদের উপস্থিতি বুঝতেই পারেনি। হঠাৎ আমাদের দেখে চমকে উঠল লুঙ্গি ও শার্টের ওপর সোয়েটার পরা লোক দুটি।
মামা হেসে হাত বাড়িয়ে দিলেন, ‘হ্যাল্লো, আপনাদের দেখা পেয়ে ভালো লাগছে। আমিও...’ কিন্তু মামাকে দেখে যে তাদের ভালো লাগেনি, তা দ্রুতই বোঝা গেল। মামার কথা শেষ হওয়ার আগেই তাঁর নাক বরাবর ঘুষি চালাল একজন। হতবিহ্বল মামা একটু সরে যাওয়ায় ঘুষিটা লাগল তাঁর মাথায়। ‘আঁউক’ শব্দ করে তিনি মাটিতে বসে পড়লেন। এবার অপরজন মামার হাত দুটি পিছমোড়া করে বাঁধার চেষ্টা শুরু করল। তার হাতে একটি ছুরিও রয়েছে। ছোট বলেই কিনা জানি না, একটু দূরে দাঁড়িয়ে থাকা আমার দিকে তারা নজর দিল না। আমি অবশ্য এমনিতেই ভয়ে জড়সড়। কী করব ভাবছি, এমন সময় চটজলদি আইডিয়াটা মাথায় এল। পাশেই একটা বড় গাছের ডালে ঝুলছিল মৌমাছির মস্ত চাক। সাত-পাঁচ না ভেবে পর পর কয়েকটা ঢিল ছুড়লাম মৌচাকে। মুহূর্তে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে এল। আমি হুডির মাথার অংশ চেপে ধরে উল্টো দিকে দৌড় দিলাম।
এরপর কী ঘটল বুঝতেই পারছ। ক্ষিপ্ত মৌমাছির ঝাঁক গিয়ে লোক দুটোর নাকে-মুখে আচ্ছা করে কামড় বসাতে লাগল। মামার মুখ মাংকি টুপি দিয়ে ঢাকা থাকলেও একটি মৌমাছির কামড় তিনি এড়াতে পারলেন না। পরিস্থিতি বেগতিক বুঝে লোক দুটি কলসি রেখেই ভোঁ-দৌড়। একটু পর ফিরে গিয়ে আমি মামাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলাম। সেই সঙ্গে কলসিটাও। মজার ব্যাপার হলো, কলসির ভেতরে ছিল পলিথিনে মোড়ানো বেশ কিছু সোনার গয়না!
২.
বাড়িতে ফিরে প্রথমেই মামার চিকিৎসার ব্যবস্থা করা হলো। কলসির গয়না দেখে সবাই জানাল, দুদিন আগে পাশের গ্রামের আকবর মাতব্বরের বাড়িতে চুরি হয়েছে। এগুলো তাঁর গয়না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা অবশ্য সেগুলো পুলিশের হাতেই তুলে দিলাম। আমাদের দেওয়া বর্ণনা অনুযায়ী পুলিশ সেদিনই লোক দুটিকে গ্রেপ্তার করল। তারা নাকি এই গ্রামের চিহ্নিত চোর। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করল, গয়নাগুলো আকবর মাতব্বরের বাড়ি থেকেই চুরি করা হয়। পুলিশ যেকোনো সময় তল্লাশি চালাতে পারে। তাই জঙ্গলের মধ্যে গর্ত করে গয়নাসহ কলসিটি লুকিয়ে রাখার পরিকল্পনা ছিল। মামাকে পুলিশ ভেবে ধরা পড়ার ভয়ে তারা আক্রমণ করে বসে।
সেরে উঠতে মামার প্রায় এক সপ্তাহ লেগে গেল। সুস্থ হয়েই আমাকে বললেন, ‘বুঝলি পোনা, এনার্জি ড্রিংক বানানোর নতুন ফর্মুলা পেয়ে গেছি!’
‘তাই নাকি? কীভাবে পেলেন?’
‘সেদিন মৌমাছির কামড় খেয়ে আমার মাথায় বুদ্ধিটা এসেছে। মধু আর খেজুরের রস দিয়েই তৈরি হবে আমার এনার্জি ড্রিংক। খেজুরের রস সামান্য গরম করে তার সঙ্গে মধু আর একটা ভেষজ উদ্ভিদের পাতার রস মেশাতে হবে, ব্যস।’
‘বাহ্, চমৎকার তো।’
চমৎকার বলেছিলাম ঠিকই। কিন্তু পরদিন মামার তৈরি সেই শক্তিদায়ক পানীয় খেয়ে আমাকে মত বদলাতে হলো! শক্তি পাওয়া যাবে কি না জানি না, তবে এমন বিস্বাদ জিনিস যে কেউ দ্বিতীয়বার চেখে দেখবে না, সেটা নিশ্চিত।