ছোট্ট একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: ধ্রুব এষ
অলংকরণ: ধ্রুব এষ

ছোট্ট একজন। ভূতের গল্প শুনবেন।
বলি। কমলা একটা ভূতের হলুদ বাচ্চা হলো।
বেগুনি একটা ভূতের নীল বাচ্চা হলো।
হলুদ বাচ্চাটা বড় হয়ে হলুদ ভূত হলো।
নীল বাচ্চাটা বড় হলে নীল পেতনি হলো।
বিয়ে হলো হলুদ ভূত আর নীল পেতনির।
তাদের একটা সবুজ বাচ্চা হলো।
সবুজ বাচ্চা বড় হয়ে সবুজ ভূত হলো।
সবুজ ভূতের বিয়ে হলো একটা লাল পেতনির সঙ্গে।
সবুজ ভূত আর লাল পেতনির একটা আসমানি বাচ্চা হলো। এই বাচ্চাটা আর বড় হলো না। একসঙ্গে থেকে গেল তারা সাতজন। হলো?
গল্প শুনে ছোট্ট একজন বললেন, ‘এটা কি ভূতের গল্প?’
‘ভূতের গল্প না?’
‘উঁহু। রংধনুর গল্প।’
কী! মানুষজন এখন কম বলে এমন একটা কথা আছে বাংলায়। বলিহারি যাই! মানে কী কে জানে? মনে হলো, বলিহারি যাই!
‘কী? বলো রংধনুর গল্প না, বলো?’
‘না, এই তো...রংধনু ভূতের গল্প আর কি।’
‘রংধনু! ...ভূত?’
‘হ্যাঁ, গাছ ভূত হতে পারে আর রংধনু ভূত হতে পারবে না?’
‘গাছ ভূত হয়?’
‘হয় না আবার!’
‘গাছ ভূতের গল্প বলো তাহলে।’
কী মুশকিল! কী বলব?
আচ্ছা, বলি।
একটা গাছ ছিল কমলা রঙের।
একটা গাছ ছিল বেগুনি রঙের...।
কমলা আর বেগুনি গাছের হলুদ আর নীল বাচ্চা হতে হলো না, ছোট্ট একজন ঘুমিয়ে পড়লেন।