জিরাফের দুঃখের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধ্রুব এষ
ধ্রুব এষ

‘জিরাফের গলা এত লম্বা কেন?’
আমি কী করে বলব? আমি কি ‘জিবি’? জিরাফ বিশেষজ্ঞ?
কিন্তু একটা কিছু বলতে তো হবেই।
চিন্তা করে দেখলাম কী বলি? জিরাফের গলায় সাতটা হাড় আছে জানি। এ জন্য তাদের গলা লম্বা? কিন্তু সে তো রাজহাঁসের গলায় তিন সাতে একুশটা হাড়। রাজহাঁসের গলা তাহলে জিরাফের থেকে লম্বা না কেন? মুশকিল! বানিয়ে একটা কিছু বলে দেব নাকি? কী বলব? কিছু চিন্তা করে বানিয়ে বললাম, ‘সে বড় দুঃখের কাহিনি।’
‘কী দুঃখের কাহিনি বলো?’
‘এই যে জিরাফ, তারা কি আর এই দেশের মানুষ?’
‘কী? কী? কী? জিরাফ কি মানুষ?’
‘না, জানোয়ার। জানো আর দেখো জানোয়ার। সুভাষ মুখোপাধ্যায়ের একটা বই এটা।’
‘সুরভাষ?’
‘সুরভাষ না, সুভাষ মুখোপাধ্যায়। মস্ত বড় কবি। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, কবিতা লিখেছেন। জন্তু জানোয়ার নিয়ে জানো আর দেখো জানোয়ার বইটা লিখেছেন। ছোটদের জন্য।’
‘অ।’
এমন একটা ভাব, খুবই বুঝেছে। তা তো চন্দ্রবিন্দুর বিন্দুটাও না। মুখোপাধ্যায় উচ্চারণ করতে পারবে? তিনটা দুধদাঁত পড়ে যাবে না? কিন্তু ভবি কি সহজে ভোলে? বলল, ‘জিরাফের কথা বলো। দুঃখের কাহিনি বলো।’
‘বলছিলাম তো, জিরাফরা অনেক দূর-দেশের মানুষ...ইয়ে জানোয়ার। আফ্রিকায় থাকে। এই দেশের ওই দেশের চিড়িয়াখানায় তো তাদের ধরে এনে আটকে রাখা হয়। কোথায় আফ্রিকার জঙ্গলে নিজেদের মতো থাকে তারা, নিজেদের দেশ, চিড়িয়াখানায় খাঁচায় তারা কী করে থাকবে? একদম ভালোবাসে না থাকতে। নিজেদের দেশের কথা মনে পড়ে তাদের। মা বাবা ভাই বোন বন্ধু বোনঝিদের কথা মনে পড়ে। আবার তারা বোকাসোকা তো একটু। মনে করে কি, গলা লম্বা করে তাকালেই বুঝি দুনিয়ার সব দেখতে পেয়ে যাবে। নিজেদের দেশ আফ্রিকা দেখতে পেয়ে যাবে। মা বাবা ভাই বোন বন্ধু বোনঝিদের দেখতে পেয়ে যাবে। কিন্তু কোন চিড়িয়াখানা থেকে কোন দিকে তাদের দেশ, সেটা তো তারা বলতে পারে না। এ জন্য যতটা পারে গলা লম্বা করে এদিকে ওদিকে দেখে আরকি। আরও লম্বা, আরও লম্বা করে দেখে। এই করে করে তাদের গলা লম্বা হয়ে গেছে আরকি।’
ভালো বানিয়েছি মনে করলাম এবং নিজে নিজের পিঠ চাপড়ে দিলাম। মনে মনে। কিন্তু একটা কঠিন কথা আছে, হা হতোস্মি! আজকালকার পোলাপান এরা। ট্যাটনার ট্যাটনা! ছোট সাইজের স্টিফেন হকিং একেকটা। জিরাফের দুঃখের কাহিনি শুনে বলল, ‘অ্যাফ্রিকার জিরাফদের গলা লম্বা কেন তবে?’
আফ্রিকা না অ্যাফ্রিকা বলল। যায় আসে না। যা বলেছে সত্যি বলেছে। আফ্রিকার জিরাফদের গলাও লম্বা। দুনিয়ার সব জিরাফের গলাই লম্বা। কেন? এখন কী বলব বানিয়ে? মুশকিল!
‘বলো! বলো! অ্যাফ্রিকার জিরাফদের গলা লম্বা কেন বলো?’
‘এই যে একটা নীল ফড়িং উড়ছে।’
‘দেখেছি। তুমি অ্যাফ্রিকার জিরাফদের কথা বলো।’
ভবি ইংলিশ কী? ভবি ভোলে না? ভবি ডাজ নট ফরগেট?
‘বলো না হ্যাঁ?’
‘আজও মনে হয় বৃষ্টি হবে না।’
‘তাতে তোমার কী? তুমি বলো।’
‘কী বলব?’
‘আরররে! অ্যাফ্রিকার জিরাফদের গলা লম্বা কেন বলো?’
কী বলব? কী বলব? কিছু চিন্তা করে আবার বানিয়ে বললাম, ‘এও সে রকম আরেক দুঃখের কাহিনি।’
‘কী দুঃখের কাহিনি বলো?’
‘এই দেশের ওই দেশের চিড়িয়াখানায় যে ধরে নিয়ে আটকে রাখা হয় জিরাফদের, আফ্রিকার জিরাফদের কি তাতে মন খারাপ হয় না? খুব হয়। তারাও সে রকম বোকাসোকা তো, যতটা পারে গলা লম্বা করে তাকায়। এই দেশের ওই দেশের চিড়িয়াখানায় আটক মা বাবা ভাই বোন বোনঝিদের যদি দেখতে পায়। এই করে করে চিড়িয়াখানার জিরাফদের মতো তাদের গলাও লম্বা হয়ে গেছে আরকি।’
‘অ-অ-অ। বুঝলাম। এখন চলো। মা যাব চলো।’
বোঝা গেছে? আর সব কথা বলতে পারে কিন্তু মায়ের কাছে যাব বলতে পারে না এখনো, মা যাব বলে, সে সব ঝুঝে ফেলেছে! আচ্ছা যাই, তবে মা যাই। না হলে, চিড়িয়াখানায় আর কিছুক্ষণ থাকলে আরও অনেক দুঃখের কাহিনি বানাতে হবে হয়তো। বাঘ, হাতি, গন্ডার, এন্টিলোপের দুঃখের কাহিনি। আমি অত পারব না বাবা!