টাপুর-টুপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

দুটো পাখি। সবুজ সবুজ। ছোট্ট। নাদুসনুদুস।
ওদের নাম টাপুর-টুপুর।
থাকে সুদূর দত্তপুকুর।
ছোট্ট একটা গ্রাম। ছায়া-ছায়া। ঝোপঝাড় ঘেরা। সেই ঝোপের ফাঁকে ফাঁকে মিষ্টি হাওয়া খেলা করে। হাওয়ায় হাওয়ায় দোলে প্রজাপতি।
ওদের নামটি টাপুর-টুপুর হলেও লোকে ডাকে ‘ঘুঘু পাখি’ বলে। ওদের ডাকে নাকি সন্ধ্যা বেলায় মনটা বেজায় খারাপ খারাপ লাগে!
তাহলে কী হবে ? ওরা কিন্তু ভারি মিষ্টি। বড্ড চঞ্চল।
এই তো কদিন হলো, পাখি দুটোর বন্ধুত্ব হয়েছে। এরই মধ্যে ওরা দুজন মিলে এক হয়ে গেছে। সারাটা দিন সারাটা গ্রাম চষে বেড়ায়। এর বাড়ির ধান চুরি করে। ওর বাড়ির জানলায় ফুড়ুৎ করে উঁকি মারে।
পাখি দুটোর ভীষণ মিল। শুধু কি তাই ? মিলে মিলে আবার হঠাৎ গরমিল। এই তো সেদিন। হাসছে, গাইছে। নাচছে, গল্প করছে। হাসি-ঠাট্টায় গড়িয়ে পড়ছে এ ওর গায়ে। এর মধ্যেই কি থেকে কী হয়ে গেল কে জানে! বন্ধু দুটোর ভারি গণ্ডগোল। কথায় কথায় কাটাকাটি। ঝগড়া। হুলুস্থুল। আবার টাপুরটাকে টুপুর কী নিয়ে যেন কী এক কথা বলতে গেল। অমনি দুজনের গাল ভরা হাসি। এমনই চলতে থাকে সারা দিন।
অনেক দিন পেরিয়ে গেল ওদের বন্ধুত্বের। কিন্তু কোত্থাও যাওয়া হলো না। একটু বেড়িয়ে আসা হলো না বাইরে কোথাও গিয়ে! এ নিয়ে টুপুরের ভারি মন খারাপ। দেখে বিষণ্ন টাপুরও। কী করা যায় ? কী করা যায় ? ভাবনা। ভাবনা। এরপর পাক্কা কথা। দুজন মিলে শহরে ঘুরতে যাবে। ওই সুখপুকুর। ওখানকার সবাই নাকি বড্ড সুখী। দুঃখী দুঃখী মুখ নেই একটিও। একটু মন খারাপ করা হাওয়া নেই কোত্থাও।
যেই ভাবা সেই কাজ।
টাপুর বলল, ‘গোছাও বাক্সপেটরা।’
চটজলদি তৈরি হলো সব। রওনা হলো টাপুর-টুপুর। সেই সাতসকালে। উড়ে উড়ে চলতে লাগল দুটি ডানায় ভর করে। হঠাৎ মাঝপথে টুপুর বলল ‘টাপুর, আমার বড্ড ক্লান্ত লাগছে গো।’
হাঁপাতে হাঁপাতে টাপুরের জবাব, ‘কিন্তু এখনো তো ম্যালা পথ বাকি।’
‘না গো। আমি আর পারছি না।’
এই বলে টুপুর মাথা ঘুরিয়ে পড়ে গেল। থমকে গেল টাপুর। টুপুরের ভাবনায় সে কী অস্থিরতা টাপুরের। এদিক-ওদিক ছুটোছুটি। কান্নাকাটি। আর অবিরত ডানা ঝাপটানো। হঠাৎই একটু সামনে চোখ পড়ল ওর।
ছোট্ট একটা পুকুর। পুকুরের কোল ঘেঁষে মস্ত এক তালগাছ। একছুটে ডানা ঝাপটে পড়ল পুকুরের জলে। ডানা দুটো জড়ো করে এক আঁজলা জল নিল হাতের ওপর। আবার একছুট। সোজা গিয়ে পড়ল টুপুরের কাছে। অনবরত জলের ঝাপটা দিতে লাগল বন্ধ দুটি চোখে। ধীরে ধীরে চোখ মেললো টুপুর। টাপুরের তো মহা আনন্দ! টুপুরও কেঁদে ফেলল আনন্দে। ওরা ভাবল, ‘এবার তবে একটু বিশ্রাম নেওয়া যাক।’
কাছেই একটা ইলেকট্রিকের তার। সেটার ওপর গা এলিয়ে বসল ওরা দুজন। কত-না গল্প ওদের।
‘আচ্ছা টাপুর, তোমার কি সেই কথাটা মনে আছে?’
‘কী কথা?’
‘আমাদের প্রথম দেখা হওয়ার কথা।’
‘হুম বেশ মনে আছে।’
‘ও পাড়ার একটা দুষ্টু শালিক যে তোমায় “পচা” বলেছিল। আহা সে কী কান্না তোমার!’
‘তোমার কি সেই বৃষ্টির রাতের কথা মনে আছে? আমাদের কুড়েঘরটা যে বানের জলে ভেসে যাচ্ছিল...।’
‘হুম। তোমার আর আমার সারা রাত সে কী কান্না! বিজলির শব্দ ফেটে পড়ে। আর দুজনে ভাবি, এই বুঝি সব শেষ।’
‘এরপর ভোরের আলোয় বৃষ্টি উধাও।’
‘তুমি আমি মিলে ভাঙা ঘরটা আবার গড়ে তুললাম...’
এর মধ্যে কোত্থেকে যেন একটা ছানা চড়ুই দৌড়ে এল। ভীষণ হন্তদন্ত ! দিশেহারা। ওর অমন অস্থিরতা দেখে টাপুর বলল, ‘কী হয়েছে তোমার, শুনি?’
‘আমার বাবা-মা হারিয়ে গেছে।’
‘ও মা! কীভাবে?’
‘গ্রীষ্মের ছুটিতে গিয়েছিলাম মামাবাড়ি। আমাদের ঠিকানা ১০১, শান্তি সুখ লেন, স্বপ্ন কুটির। মস্ত এক পুরোনো দালানবাড়ি। সুখেই ছিলাম। মামাবাড়ি থেকে ফিরে দেখি বাড়িটা কারা যেন ভেঙে ফেলেছে। ভেঙে ওখানে গভীর করে মাটি খুড়ছে। ইট, রড, সিমেন্ট, সুরকি আর মেশিনের বেজায় শব্দ। সে এক ভয়ানক কাণ্ড ! আমাদের বাড়ি নেই। মা নেই। বাবাও নেই। কী করি আমি এখন ? আমার মা-বাবাকে দেখেছ? বলে দাও না একটু।
টাপুর তাকায় টুপুরের চোখে। টুপুর তাকায় টাপুরের দিকে। ওরা মৌন চোখে জবাব দেয় ‘না’। ছানা পাখিটা আবার দৌড়ে চলে যায় পাগলের মতো। আর চিৎকার করতে থাকে, ‘মা গো। বাবা গো। কোথায় গেলে তোমরা?’
ভীষণ মন খারাপ হয়ে গেল টাপুর-টুপুরের। টুপুর নরম গলায় বলে, ‘না গো টাপুর। আমরা আর শহরে যাব না। ওখানকার লোকেরা ভালো না। চলো আমরা গ্রামে ফিরে যাই। আমাদের গ্রাম জুড়েই না হয় সারা দিন ঘুরব। পাতায় পাতায় খেলা করব। লতায় লতায় দোল খাব। কথায় কথায় সন্ধ্যা পোহাব...।’ টাপুরও একবাক্যে রাজি হয়ে যায়। ওরা আনন্দে ফিরতে থাকে নিজের বাড়ি। ডানা ঝাপটাতে ঝাপটাতে গান ধরে:
‘সুখ পুকুরে নেই বুঝি সুখ
শহরজুড়ে খুব দুখী মুখ!
গ্রামে থাকি আমরা যারা
সুখের পাখি দেয় পাহারা।

চল ফিরে যাই আপন দেশে
কাটবে সময় হেসে হেসে।
বন্ধু দুজন টাপুর-টুপুর
করব খেলা সকাল দুপুর।’