
সকালে মা অফিসে যান। বাবার অফিসও সকালে। অফিসে যাওয়ার সময় টিনাকে মা বলে, ‘আম্মু, তোমার জন্য কী আনব?’
টিনা মন খারাপ করে বলে, ‘ঘোড়ার ডিম’।
‘ভালো করে বলো বাবা। আমার অফিসের গাড়ি চলে এসেছে।’
‘ভালো করেই তো বললাম, ঘোড়ার ডিম।’
মা আর দেরি করতে পারেন না। গেটের কাছে গাড়ি বারবার হর্ন দিচ্ছে। সকাল নয়টার দিকে বাবা অফিসে যান।
যাওয়ার সময় বাবা বলেন, ‘আম্মু, তোমার জন্য কী আনব?’
টিনা বাবার দিকে তাকিয়ে বলে, ‘কিছু আনতে হবে না।’
‘কেন বাবা, মন খারাপ নাকি?’
কাজের বুয়া এসে বলে, ‘বাবাকে টাটা দেও। আমি দরোজা বন্ধ করমু। চুলায় তরকারি পুইড়া যাইতেছে।’
টিনা বাবাকে টাটা দেয়। বাবা ইমতিয়াজ সাহেব বুয়াকে বলে, ‘হুরি, টিনার দিকে খেয়াল রেখো।’
বাবা চলে যাওয়ার পর বুয়া দরাম করে দরোজা বন্ধ করে দেয়।
বুয়া টিনার দিকে তাকিয়ে বলে, ‘টেলিভিশন ছাইড়া দিলাম। বইসা বইসা কার্টুন দেখবা। একদম দুষ্টামি করবা না।’
বুয়ার কথা বলার ঢং দেখে টিনা ভয় পায়। চুপচাপ টিভি দেখতে থাকে।
টিনার বয়স পাঁচ বছর। পল্লবীতে একটি কিন্ডারগার্টেনে পড়ে, প্লে গ্রুপে।
আজ তার টিভি দেখতে ভালো লাগছে না। টিভিতে নিনজা হচ্ছে। এমনিতেই এটা তার প্রিয় কার্টুন। সে দেয়ালঘড়ির দিকে তাকায়। ১২টা বাজে। মা আসবে ছয়টায়। বাবা আসবে রাত আটটায়। এতক্ষণ তাকে একাই থাকতে হবে। কত ঘণ্টা পর বাবা-মা আসবে—সে হিসাব করার চেষ্টা করে। পারে না। বুয়া এসে বলে, ‘অ্যাই, ডিমডা খাও। ছিলা দিছি।’
বুয়া একটি হাফ প্লেটে ডিম নিয়ে টিনার সামনে দাঁড়ায়।
‘কী, খাইবা না?’
‘না, খাব না।’
‘তাইলে তো বালাই। আমিই খাই।’
বুয়া গপ করে ডিমটা মুখে পুরে দেয়। চাবাতে চাবাতে চলে যায় রান্না ঘরে।
দুপুরে কিছু না খেয়েই বিছানায় যায় টিনা। বুয়া বলে, ‘কিছু না খাইয়াই ঘুমাই যাইবা? তোমার আন্ডাডাও তো আমি খাইয়া ফালাইলাম।’
টিনা জানতে চায়, ‘আন্ডা কী।’
‘আন্ডা হইল গিয়া ডিম। আমরা গিরামে কই আন্ডা।’
দেয়ালের দিকে চোখ যায় তার। সে শুয়ে আছে। দেয়ালে টাঙানো বাবা-মায়ের ছবি। বাঁধানো ছবি থেকে যেন বাবা-মা মুখ বাড়িয়ে কথা বলে।
‘বাবা টিনা, তোমার জন্য কী আনব?’ বাবা জানতে চান। বাবার ছবিটা যেন জীবন্ত হয়ে উঠেছে।
মা জানতে চান, ‘মামণি, তোমার জন্য কী আনব?’
‘কিছু আনতে হবে না।’
বুয়া এসে বলে, ‘দেয়ালের দিকে তাকাই কার সাথে কতা কও?’
টিনা চুপচাপ থাকে। কোনো কথা বলে না।
এ সময় কল বেল বেজে ওঠে। বুয়া সেদিকে দ্রুত পায়ে হেঁটে যায়। টিনা খাট থেকে লাফিয়ে পড়ে।
বুয়া বলে, ‘অ্যাই সাবধান। তোমার আম্মায় কইছে না, তুমি দরোজা খুলবা না?’
টিনা চুপ করে থাকে। তার মনে হয়, বাবা-মা চলে এসেছে। কিন্তু বাবা-মা এ সময়ে আসেন না।
বুয়ার পেছনে পেছনে সেও যায় দরোজার দিকে।
না, বাবা-মা না।
হকার পেপারের বিল দিয়ে যায়।
হকারকে দেখে খুব মন খারাপ হয় টিনার।
বুয়া আবার টিভি ছেড়ে দেয়।
‘যাও, টিভি দেখ।’
টিনা টিভি দেখতে থাকে। টিভিতে একটি সিনেমা হচ্ছিল। সিনেমায় একটি ছোট্ট ছেলে। সাত বছর হবে বয়স। কি দুর্দান্ত। অনেক সাহস তার। একটি নৌকা ডুবে যাচ্ছিল। সেই নৌকার অনেক লোককে সে বাঁচাল। বড় মানুষের মতো তাদের টেনে তুলল। হঠাৎ সেই ছেলেটা টিনার দিকে তাকায়। টিভির পর্দা থেকে বের হয়ে এল সে।
‘কি টিনা, তোমার কি মন খারাপ?’
কথা শুনেই যেন মন ভালো হয়ে গেল টিনার।
ছেলেটার কাঁধে ছিল একটা বড় ব্যাগ। ব্যাগটার চেন খুলল সে। তারপর ব্যাগ থেকে বের করতে লাগল নানা রকম খেলনা।
আনন্দে নেচে উঠল টিনা।
ছেলেটা বলল, ‘চলো, আজ সাড়া দিন তোমার সঙ্গে খেলব।’
টিনা বলে, ‘তারপর কি চলে যাবে?’
ছেলেটি হেসে বলে, ‘না, আর যাব না।’
টিনা যেন সে কথা বিশ্বাস করতে পারে না।