প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই আমাকে চেনো? টিফিন বক্স আমি
ইশকুল ব্যাগে বসে বসে দরদরিয়ে ঘামি।
পাশেই থাকে জ্যামিতি বক্স
আস্ত একটা ভুতো
স্কেল, কম্পাস দিয়ে যদি
আমাকে দেয় গুঁতো!
গুঁতোর ভয়ে বইয়ের ফাঁকে ঘাপটি মেরে থাকি
তোমার জন্য খাবারগুলো যত্ন করে রাখি।
মায়ের হাতের আদরছোঁয়া, কী মমতামাখা
পাউরুটি ডিম জেলি-মাখন আমার কাছে রাখা।
আগলে রাখি তোমার জন্য কখন তুমি খাবে
টিফিন যদি না খাও তবে শক্তি কোথায় পাবে?
এত্ত পড়া, এত্ত লেখা, কত্ত পড়ার চাপ
টিফিন যদি না খাও তবে রুগ্ণ দেহের ছাপ।
ছুটির পরে খেলার মাঠে একটু ছোটাছুটি
কেমন করে দেবে তবে ধুলোয় লুটোপুটি?
আমি জানি টিফিন খেতে খুব অনীহা কারও
এমন যদি থাকে তোমার, এই অভ্যেস ছাড়ো।
টিফিন নিয়েও খায় না যারা ব্যাগে ভরে রাখে
কষ্ট তারা দেয় যে মাকে, পিঁপড়া সুখে থাকে।