টিমেনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টিক টিক টিক টিক। কী ভাবছ? এটা ঘড়ির শব্দ না। এটা হচ্ছি আমি, টিমেনপি। দেখো, আগেই বলে দিচ্ছি, নামটি শোনার পর একদম হাসবে না কিন্তু। টিকটিকি বলে কি কোনো সম্মানবোধ নেই আমার!
আমি হচ্ছি টিমেনপি, একটি টিকটিকি। আমার মায়ের একমাত্র এবং খুব আদরের ছেলে। মা অনেক আদর করে আমার এই নাম রেখেছেন। মানুষেরা ভাবে যে শুধু তারাই বুঝি কথা বলে, মনে মনে কথা বলে ও সুন্দর সুন্দর নাম রাখে। কত দিন তারা এই ভুল ধারণা নিয়ে থাকবে, কে জানে! আমি তো মায়ের সঙ্গে রোজই কথা বলি। আর আমার মনে প্রতিদিন আজগুবি সব চিন্তাভাবনা তো চলতেই থাকে।
আসলে আমার মাথায় মানুষদের নিয়ে বেশি প্রশ্ন ও কৌতূহল ঘোরাফেরা করে। আমি আর মা তপু নামের এক ছেলের রুমে থাকি। বড়ই দুষ্টু ছেলে। আমাকে দেখলেই এমন চিত্কার দেয়, মনে হয়, এই বুঝি বন্দুকটন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কে জানে, কী কী সব ঘোরাফেরা করে মানুষের মাথায়!
তপু নামের মানুষ ছেলেটি কখনো রাবার, নয়তো পেনসিল, মাঝেমধ্যে তো ওর টুথব্রাশটি দিয়েও আমাকে আঘাত করার চেষ্টা করে। তখন মনে হয়, মাকে এক্ষুনি গিয়ে ওই বদমাশটার নামে নালিশ দিই। কিন্তু ভয় লাগে, যদি মা আমাকেই উল্টো বকা দিয়ে বসে? সেই ভয়ে আর বলি না মাকে।
মানুষ নামের প্রাণীটি কি পাগল? এমনটাও ভাবি মাঝেমধ্যে। ভদ্রতা বলে কোনো শব্দই নেই এদের মধ্যে। তপুর বড় বোন রিমা, আমাকে দেখলেই একেবারে চিত্কার করে ওঠে—‘এই জঘন্য দেখতে টিকটিকিটাকে কেউ আমার সামনে থেকে দূর করো!’
তখন আমার খুব কষ্ট হয়। এটা কোনো কথা হলো নাকি! আমাকে কি সে এভাবে ধমক দিতে পারে? আমি কি ওকে খেয়ে ফেলছি? অথচ ওর থেকে কতই-না ছোট আমি। আমার তো মনে হয়, পারলে ও-ই বুঝি আমাকে খেয়ে ফেলত!
মোটা, হাতির মতো শরীর, বিদঘুটে হলুদ ও পোকা খাওয়া দাঁত নিয়ে মনে হয় আমাকে খেতে তেড়ে আসছে। ঠিক তপু টিভিতে যে কার্টুনটা দেখে...কী যেন নাম, ও হ্যাঁ, মনে পড়েছে, হাল্কের মতো দেখতে।

মানুষের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? শুধু অন্য মানুষের সামনে তারা ভদ্রতা দেখায়। আসলে যে তারা কতটা জঘন্য আর অভদ্র, সেটা আমাকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। অন্য মানুষের সামনে তো ঠিকই থাকে। কিন্তু এমনিতে আচ্ছামতো নাকের ভেতর আঙুল ঢুকিয়ে নাকের ময়লা বের করে আর সুযোগ পেলেই কাপড়ে মুছে রেখে দেয়।

টিকটিকি বলে কি আমরা কিছু বুঝতে পারি না? আমরাও সব দেখতে পাই আর সবকিছু বুঝি। এই মানুষগুলো কখনো তো আবার সুযোগ পেলেই সেই নাক পরিষ্কার করা হাত না ধুয়েই খেতে বসে যায়। ছি! এদের এসব কাণ্ড দেখে আমার নিজেরই পোকা ধরে খাওয়ার সময় ঘৃণা করে।

একদিন তপু বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা সেই ‘চিন্তাশীল’ গল্পটা পড়ছে। আমি টেবিলের ফাঁকে বসে খুব সাবধানে গল্পটা শুনলাম। বেশ মজাই লাগল। গল্পটিতে ‘নরহরি’ নামের লোকটা এত চিন্তা করে যে তার চিন্তা দেখে আশপাশের লোকজন চিন্তায় পড়ে যায়। আমি তখন চিন্তা করলাম যে মানুষদের নিয়ে আর বেশি চিন্তা করাটা আমারও মনে হয় ঠিক হবে না।

‘এই টিমেনপি! কোথায় তুই? ঘুমোবি না? তাড়াতাড়ি আয়।’

ওই যে, মা ডাকছে। এখন যদি এই চিন্তা ছেড়ে না যাই, মায়ের বকুনি খেতে হবে।

‘আসছি মা।’

ষষ্ঠ শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর।