টোপন আর সেই কাক

টোপন ভারি দুষ্টু। বয়স দশ। সে থাকে গোপীনাথপুর নামের ছোট্ট এক গ্রামে। তার দুষ্টুমিতে গ্রামের সবাই অস্থির। সেই গ্রামের সবচেয়ে উঁচু বাড়িটা ওদেরই, চারতলা। তাদের পরিবারটা সবচেয়ে শিক্ষিত ও ধনী। সেই চারতলা বাড়ির ছাদ থেকেই টোপন তার যতসব দুষ্টুমি করে। প্রতিদিন স্কুল থেকে আসার সময় সে রাস্তা থেকে পাথর কুড়িয়ে আনে। তারপর ছাদে গিয়ে সেগুলো আশপাশের বাড়িগুলোর টিনের চালে ছুড়ে মারে। টিনের চালে এগুলো ঠাস ঠাস শব্দ করে পড়ে। আর রাস্তা দিয়ে যেসব মানুষ যায়, তাদের গায়ে টোপন পানি ছুড়ে মারে। পানি ছুড়ে মেরেই সে টুপ করে সরে যায়। কে পানি ছুড়ে মারল তা কেউ দেখতে পায় না। আর দেখতে পেলে এসে টোপনের বাবাকে বলে দেয়। কিন্তু তারপরও টোপন তার দুষ্টুমি চালিয়ে যায়। রহিম চাচার বাড়িতে ও খুব পাথর ছুড়ে মারে। ওর খুব মজা লাগে। আর এভাবেই ওর সময় কাটে। কিছুদিন আগের কথা। টোপন সেদিনও বিকেলে রহিম চাচার টিনের চালে পাথর ছুড়ে মারছিল। হঠাৎ একটা পাথর ভুলে একটা কাকের গায়ে গিয়ে লাগে। কাকটা তখন চালের ওপর আরাম করে ঘুমাচ্ছিল। পাথরটা যখন ওর গায়ে লাগে, সে চেঁচিয়ে লাফিয়ে ওঠে। উড়ে যায় না। পাথরটা ছোট ছিল বলে তার খুব বেশি ব্যথাও লাগে না। কাকটা উঠে দেখতে লাগল পাথরটা কে ছুড়ে মারল, সে মুহূর্তে দেখতে পেল টোপনকে। টোপন তখন বোকার মতো দাঁড়িয়ে ছিল বাঁ হাতে একটা পাথর নিয়ে। তারপর কাকটা চেঁচাতে লাগল, ‘এই! পাথর ছোড়ো কেন? সাধের ঘুমটা ভেঙে গেল। এখন দাও, জরিমানা দাও।’
কাকের গলাটা কর্কষ ছিল। তাই তার চিৎকারে টোপন বেশ ঘাবড়ে গেল। এর আগে কখনো কোনো পশুপাখি ওকে ধমক দেয়নি। কাছে গেলে বা ঢিল ছুড়লে বাপ বাপ বলে পালিয়ে গেছে। কাকটা আবার চেঁচিয়ে উঠল, ‘কী? জরিমানা দাও!’
টোপন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ‘কিসের জরিমানা?’
‘এই যে পাথরটা যে আমার গায়ে লাগল, তার জন্য কিছু দিতে হবে।’
‘কী দেব? আমি তো ছোট। আমার কাছে কিছু নেই। টাকাও নেই। ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দাও।’
কাক তার চোখ দুটো সরু করে জিজ্ঞেস করল, ‘সত্যি করে বলো, ইচ্ছে করে মারোনি তো?’
‘সত্যি, আমি ইচ্ছে করে মারিনি। ভুল হয়ে গেছে। আমি তোমাকে দেখতেই পাইনি।’
‘কেন? আমি কি অদৃশ্য?’
‘না তা নয়, আমি আসলে খেয়াল করিনি।’
‘আচ্ছা যাও, এবারের মতো মাফ করে দিলাম। নইলে কিন্তু জরিমানা দিতে হতো।’
‘জরিমানা হিসেবে কী নিতে?’
‘তোমার এক সপ্তাহের খাবার।’
‘মানে?’
‘এই সাত দিনের প্রতি বেলার ভাতের অর্ধেকটা হতো আমার।’
‘ওওও! তো তোমার নাম কী?’
‘কাক।’
‘তুমি থাকো কই?’
‘ওই দিকে একটা তালগাছ আছে, সেখানে থাকি।’
‘তোমার কোনো বন্ধু নেই?’
‘এই গ্রামের যত কাক আছে, সবাই আমার বন্ধু।’
টোপন অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘সবাই’!
‘হ্যাঁ, কাকেরা অনেক ভালো হয়। মিশুক হয়। হিংসা করে না। শুধু শুধু ঝগড়া করে না।’
‘ওওও!’
‘দাঁড়াও, আমি আমার কয়েকটা বন্ধুকে ডাকি। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব।’
এই বলে কাকটি জোরে জোরে কা কা বলে চেঁচাতে লাগল। আর সঙ্গে সঙ্গে অনেকগুলো কাক এসে ছাদে হাজির হলো। তারপর সেই কাকটা টোপনের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিল। সবাই টোপনের বন্ধু হলো।
টোপন এখনো প্রতিদিন বিকেলে ছাদে যায়। দুষ্টুমি করতে না, কাকদের সঙ্গে গল্প করতে।
সপ্তম শ্রেণি, নালন্দা বিদ্যালয়, ঢাকা