ডানপিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠফাটা রোদ্দুর গনগনে দুপুরে

হনহনে হেঁটে যায় ছন্দের নূপুরে।

কার গাছে আম পাকে, কুল কার মিষ্টি
দেখে শুনে রাখে তার সচেতন দিষ্টি।

ঠিক করে নিশানাটা হাতে নিয়ে গুলতি
মগডালে মারে ঠিক, হয় না তো ভুলটি।

বাসা পেড়ে নিয়ে আসে কোকিলের ডিমটি
ছোট বাবু ঘুমালেই দেয় জোরে চিমটি।

ইশকুলে মন নেই, ভাল্লাগে খেলতে
ভাল্লাগে গ্যারেজের ভাঙা গাড়ি ঠেলতে।

থইথই বর্ষায় লাফ ঝাঁপ পুকুরে
সাথে করে যায় নিয়ে রনি-রানা-রুকুরে।

দেয় পাড়ি নদী নালা মাঠ ঘাট বিল কি
ডানপিটে ছেলেটার নাম হলো মিল্কি।