
স্কুল থেকে ফেরার পথে পয়সার মতো গোলাকার একটা জিনিস কুড়িয়ে পেল নিশু। তাতে খোদাই করে ইংরেজিতে লেখা আছে ‘ঢাক্কা এক তোলা’। অদ্ভুত তো! জিনিসটা কী, জানার জন্য নিশু গেল চাচ্চুর কাছে। চাচ্চু একসময় সরকারি চাকরি করতেন। সারা দিনই বই পড়েন। অনেক কিছু জানেন। তিনি জিনিসটা নেড়েচেড়ে দেখলেন।
‘এটা কী চাচ্চু?’ জিজ্ঞেস করল নিশু।
চাচ্চু বললেন, ‘এটা একটা পরিমাপক। একসময় স্বর্ণরূপা বা অল্প ওজনের জিনিসপত্র পরিমাপ করার কাজে ব্যবহৃত হতো। এখন তো ডিজিটাল মেশিনে ওজন মাপা হয়। তবু কোথাও কোথাও এখনো এর ব্যবহার আছে।’
‘বুঝলাম। কিন্তু এটার গায়ে যে “ঢাক্কা” লেখা। এটা এল কোত্থেকে?’
‘আগে পড়ালেখা শেষ হোক, তারপর আমরা ঢাক্কার গল্প করব।’ চাচ্চু শর্ত জুড়ে দেন। ‘এখন স্কুল থেকে এসেছ। ফ্রেশ হয়ে খাওয়াদাওয়া করো।’
সন্ধ্যাবেলায় পড়তে বসে নিশু অভিধান দেখল। ঢাক্কার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কি না। নাহ্, তেমন কিছু নেই। শুধু লেখা আছে, ঢাকাকে একসময় ইংরেজিতে ঢাক্কা লেখা হতো। কিন্তু এই ঢাক্কাটা এল কোথা থেকে। সেটাই জানতে হবে। তাড়াতাড়ি স্কুলের পড়া শেষ করে নিশু আবার গেল চাচ্চুর কাছে।
এবার চাচ্চু তাকে কালহানের লেখা রাজতরঙ্গিনী নামে একটা বই দেখালেন। বইতে দেখা গেল, ‘ঢাক্কা’ শব্দের অর্থ পাহারা কেন্দ্র। ঢাকার পাশেই বিক্রমপুর ও সোনারগাঁও হিন্দু রাজাদের রাজধানীর পাহারা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ঢাক্কা থেকেই একসময় এর নাম হয়ে যায় ঢাকা।
ভ্রু কুঁচকে নিশু বলল, ‘এইভাবে কি একটা জায়গার নামকরণ হয়!’
চাচ্চু বুঝিয়ে বলেন, ‘ঠিক এইভাবে হয় কি না জানি না। তবে এ প্রসঙ্গে আরেকটা গল্প চালু আছে। মোগল গভর্নর ছিলেন শেখ আলাউদ্দিন ইসলাম খান। একবার ভবিষ্যৎ রাজধানীর জায়গা খুঁজতে ১৬০৮ সালে ৫০ হাজার সঙ্গী নিয়ে বজরায় চড়ে বের হলেন তিনি। বর্তমান ঢাকার কাছে এসে জায়গাটা তাঁর পছন্দ হলো। সমস্ত নৌকা ধুলাই নদের তীরে নোঙর করার জন্য নির্দেশ দিলেন। জায়গাটা ভালোমতো ঘুরে দেখতে ইসলাম খান যেই না বজরা থেকে নামলেন, সেই থেকে ওই জায়গার নাম হয়ে গেল ইসলামপুর। আজও জায়গাটা ইসলামপুর নামেই পরিচিত। পুরান ঢাকার খুব গুরুত্বপূর্ণ এলাকা এটা।’
নিশু এবার অধৈর্য হয়ে ওঠে, ‘তা নাহয় বুঝলাম। গভর্নর ইসলাম খানের নাম থেকে ইসলামপুর হয়েছে। কিন্তু ঢাকা নামটা কীভাবে হলো?’
চাচ্চু বলেন, ‘আহ্ হা, ঘটনা তো শেষ হয়নি। বজরায় ফেরার পথে ইসলাম খান হিন্দু সম্প্রদায়ের একদল লোককে ঢাক বাজিয়ে পূজা করতে দেখেছিলেন। হঠাৎই তাঁর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তিনি সব ঢোলককে একসঙ্গে ডেকে পাঠালেন। একটা নির্দিষ্ট স্থানে তাঁদের দাঁড় করিয়ে বললেন, “বাজাও ঢাক! যত জোরে পারো...!” ওদিকে তাঁর তিনজন লোককে তিন দিকে পাঠিয়ে দিলেন। প্রত্যেকের কাছে দেওয়া হলো একটা করে লাঠি আর পতাকা। তাঁদের বলে দেওয়া হলো, ঢাকের শব্দ যত দূর পর্যন্ত শোনা যাবে, সেখানেই পতাকাসহ লাঠিটা পুঁতে দিতে হবে। পতাকাই হবে শহরের শেষ সীমানার নিশানা। ব্যস, সীমানা নির্ধারণের পর ওই স্থানের নামকরণ করা হলো ঢাক্কা। ঢাকঢোল থেকেই এসেছিল ঢাক্কা, আর সেই থেকে এল ঢাকা।’
মন্ত্রমুগ্ধের মতো শুনছিল নিশু। গল্পটা তার কাছে বেশ মজার মনে হলো। কিন্তু খটকা লাগল আরেক জায়গায়। বই পড়ে সে জেনেছে, ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। নিশু এবার প্রশ্ন করল, ‘তাহলে জাহাঙ্গীরনগর নামটা এল কোথা থেকে?’
চাচ্চু পড়লেন মুশকিলে। উত্তর দেবেন কী, এই প্রশ্নের জবাব তিনি নিজেই জানেন না! বললেন, ‘কয়েকটা বই আগে দেখে নিই। কাল তোমার প্রশ্নের জবাব দেব।’
পরদিন চাচ্চু চিন্তিত মুখে বললেন, ‘একটা গন্ডগোল হয়ে গেছে। গতকাল যে গল্পটা শুনিয়েছিলাম, সেটা ভুলও হতে পারে। কারণ ইসলাম খান শহরের নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর।’
এই যাহ্, ভালো বিপদ! নিশু বলল, ‘এখন তাহলে আমি কোনটা সত্যি ধরে নেব?’
চাচ্চু এবার একটা নতুন তথ্য দিলেন, ‘আরেকটা বইয়ে পেয়েছি, ঢাকা নামটা এসেছে “ঢাক” নামের একটা গাছ থেকে। এই এলাকায় ঢাক গাছ প্রচুর পাওয়া যেত। ঢাক থেকেই হলো ঢাকা।’
নিশু এবার বিজ্ঞের মতো বলল, ‘হুম্। এটাও নাহয় মানলাম। কিন্তু সত্য তো একটাই হয়। কোনটা আসল সত্য?’
চাচ্চু পড়লেন মহা বিপদে। কোনটা আসল সত্য, তিনিও জানেন না। একটু ভেবে নিয়ে তিনি বললেন, ‘সত্যটা বোধ হয় এখনো ওভাবে আবিষ্কৃত হয়নি। অনেকের অনেক ধরনের মত আছে। হয়তো একদিন সত্যটা আবিষ্কার হয়ে যাবে। বিভিন্ন বই পড়ে, গবেষণা করে এই সত্যটা তুমিও আবিষ্কার করে ফেলতে পারো!’