তন্দ্রার কান্নার কারণ

ফুটফুটে লক্ষ্মী একটা মেয়ে তন্দ্রা। বয়স মাত্র এক বছর। মিষ্টি করে হাসে, তাই সবাই ভালোবাসে। একদিন হঠাৎ কী যেন হলো, কাঁদতে শুরু করল তন্দ্রা। উঁয়া উঁয়া উঁয়া...! চকলেট দাও, খেলনা দাও, আদর দাও...তবু কান্না থামে না। সবাই পড়ল দুশ্চিন্তায়। বাবা-মা ভাবলেন, হলো কী মেয়ের? সব চাহিদার খোরাকই তো মেটালেন তাঁরা। ছোট মেয়ে। মুখে ভাষার প্রকাশও নেই। কান্না শুনে কী আর বোঝা যায়! তাঁরা কয়েক দিন অপেক্ষা করবেন বলে ঠিক করলেন।
কিছুদিন খেয়াল করে দেখলেন, তন্দ্রা সব সময় কান্না করে না। মাঝেমধ্যে তন্দ্রার কী যেন হয়। তারপর একবার শুরু হলে থামাথামির জো নেই। এভাবে এক মাস, দু-মাস। পরিস্থিতি সামাল দিতে তন্দ্রার বাবা গেলেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু ডক্টর লিও গ্রেগরির কাছে। তাঁর এই বিদেশি সাইকোলজিস্ট বন্ধুর নাকি হল্যান্ডে বেশ নামডাক রয়েছে। এখন কয়েক দিন বাংলাদেশে এসেছেন শুনেই তন্দ্রার বাবা ছুটে গেলেন তাঁর কাছে।
লিও তন্দ্রাদের বাসায় এলেন। তিনি বলছিলেন, সব সময় রোগীর সরাসরি পর্যবেক্ষণ করা উচিত। যা-ই হোক, নতুন অতিথি এসেছে বলে তন্দ্রা গুটিগুটি পায়ে লিওর সামনে এসে দাঁড়াল। একটু পর হঠাৎই তন্দ্রা লিওকে মশা মারতে দেখে চিৎকার করে কান্না শুরু করল। তন্দ্রার বাবা বললেন, ‘এই রে! সেরেছে! এখন আবার কী হলো?’
লিও বললেন, ‘চুপ! চুপ! আমাকে বুঝতে দাও। ও কাঁদুক, এটার জন্যই তো আসা। এই বলে লিও তার পাশে সোফায় রাখা তন্দ্রার টেডি বিয়ারের গায়ে হাত বোলাতে লাগলেন। হঠাৎ যেভাবে শুরু হয়েছিল, সেভাবেই তন্দ্রা শান্ত হয়ে গেল। লিওর ভ্রু কুঁচকে উঠল। তিনি মনে হয় কিছু বুঝতে পেরেছেন। উঠে দাঁড়িয়ে বললেন, ‘আজ যাই। অন্য আরেক দিন আসব।’
‘মানে কী? তুমি না তন্দ্রাকে দেখবে বললে?’
‘আজ থাক। আবার যেদিন আসব, সেদিন কথা হবে।’
লিও চলে গেলে তন্দ্রার বাবা-মায়ের মধ্যে কী নিয়ে যেন কথা-কাটাকাটি শুরু হলো। সেই সঙ্গে আরেকটা জিনিস শুরু হলো—তন্দ্রার উচ্চস্বরে ভয়াবহ কান্না।
তিন দিন পর।
লিওর অফিসে তন্দ্রার বাবা।
লিও বললেন, ‘তোমাদের বাসায় সেদিন আমি একটা যন্ত্র নিয়ে গিয়েছিলাম। আমার পকেটেই ছিল। যন্ত্রটির নাম ‘ইন্টারপ্রেটো মিটার’। এটি মানুষের কান্নার ফ্রিকোয়েন্সি রেকর্ড করে মানুষের কান্না করার সব কারণের সঙ্গে মিলিয়ে তরঙ্গগুলোকে ভাষা হিসেবে তুলে ধরে। দাঁড়াও, তোমাকে তন্দ্রার কান্নার রেকর্ডিং শোনাই। কেঁদে কেঁদে আসলে কত কথা যে বলে সে!’ লিও তাঁর সামনের কি-বোর্ডের একটা বাটন চেপে দিলেন।
রেকর্ডে তন্দ্রার কান্নার অর্থ শোনা গেল ‘এই! থামো! মশাটাকে মারছ কেন! তোমরা সবাই এত খারাপ কেন? জানো, বাবা-মার ঝগড়া আমার চোখে পানি নিয়ে আসে। দেয়ালের পিঁপড়েগুলোকে যখন টিকটিকিরা খায়, রাস্তার জামাকাপড় ছাড়া ছেলেমেয়েগুলো যখন আমার লজেন্সের দিকে তাকিয়ে থাকে, গাছের পাতা ছিঁড়লে, মারামারি-কাটাকাটি করলে...সব, সব খারাপেই আমার কান্না আসে। একটু জানলাটা খুলবে? একটু সূর্যের আলোয় নিশ্বাস নেব। একটু বাতাস, ভালো বাতাসে গোসল করব। তোমরা যাও, জানালাটা খোলো। একটু নি...শ্বা...শ...শ।’
ঘটঘট শব্দে রেকর্ডিং থামল। দুজনই চুপ। লিও বললেন, ‘জানো, এই অদ্ভুত রোগটা কী? এটা হলো “অপটিমিস্টিওফিয়া”। খারাপ কিছু হতে দেখলেই শরীরের মোটর নিউরন থেকে ইমপালস যায় ব্রেনে কাঁদার জন্য। সত্যিই অদ্ভুত। এটি সম্পূর্ণ ইনভলুনটারি, বুঝলে তন্দ্রার বাবা? তাই এর একটাই সমাধান, ভালো কাজ করো। মেয়েকে ভালো, সুস্থ পরিবেশে রাখো। ওকে হাসতে শেখাও। যাও।’
তন্দ্রার বাবা নেমে এলেন। রাস্তায় হাঁটতে লাগলেন। চুপচাপ। হঠাৎ পাশে দেখলেন, দুটো ছেলে রাস্তায় মারামারি করছে। কেন তিনি জানেন না। তবু বিড়বিড় করে বলে উঠলেন, ‘তন্দ্রা তোকে আর কাঁদাব না।’ তারপর এগিয়ে গেলেন ছেলেগুলোর দিকে, ‘এই ছেলেরা! এই! থামো! থামো...!’
দশম শ্রেণি, বাঁচা ইংলিশ মিডিয়াম স্কুল, ঢাকা