তিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

তিতির তার ছানাপোনাদের নিয়ে গেল যবের খেতে। সেখানেই তাদের থাকতে বলল। কিন্তু ওর মনে ভয়, যদি জমির মালিক এসে কেটে নিয়ে যায় যব। তাই সে যখন খাবার আনার জন্য উড়ে গেল অনেক দূরে, তখন ছানাপোনাদের বলে গেল, ‘মানুষেরা এখানে এসে কী কথা বলে, তা মন দিয়ে শুনবি। আমি খাবার নিয়ে ফিরলে সব কথা বলবি।’
সন্ধ্যাবেলা খাবার নিয়ে ফিরে এল তিতির। ছানাপোনাদের জিজ্ঞেস করল, ‘মানুষেরা এসে কী বলল রে?’
‘খুব খারাপ কথা, মা! জমির মালিক তার ছেলেকে নিয়ে এসেছিল। বলল, যবগুলো তো পেকেছে। কাটার সময় হয়েছে। তুই প্রতিবেশীদের বাড়ি গিয়ে বল, আমি ওদের যব কাটতে আসতে অনুরোধ করেছি। মা, আমাদের অন্য কোথাও নিয়ে যাও, নইলে কাল এসে ওরা যব কেটে নিয়ে যাবে। আমরা কোথায় থাকব?’
মা সব শুনে বলল, ‘ভয় পাসনে তোরা। এখনো মানুষেরা যব কাটবে না। তোরা আরও কিছুদিন এখানে থাকতে পারবি।’
পরদিন আবার খাবারের সন্ধানে উড়াল দিল মা। আর পইপই করে বলে গেল, ‘মানুষেরা কী কথা বলে, মন দিয়ে শুনবি।’
সন্ধ্যায় ফিরল মা। বাচ্চারা বলল, ‘আজও জমির মালিক ছেলেকে সঙ্গে করে এসেছিল, মা। সারা দিন প্রতিবেশীদের জন্য অপেক্ষা করেছে। কিন্তু কেউ আসেনি। তখন জমির মালিক ছেলেকে বলেছে, এবার তুই গিয়ে আমার জামাই, চাচাতো ভাই, মামাতো ভাইদের বল, খেতে এসে আমাদের যব কাটতে। বলবি, আমি অনুরোধ করেছি।’
‘ভয় নেই, কালও যব কাটা হবে না। তোরা নিশ্চিন্তে থাক এখানে।’-এই বলে মা সান্ত্বনা দিল ছানাপোনাদের।
পরদিন আবার খাবারের খোঁজে বের হলো তিতির। ছানাপোনাদের ডেকে একই কথা বলে গেল।
সন্ধ্যায় ফেরার পর মা তিতির জিজ্ঞেস করল, ‘আজ কী হয়েছে, বল তো!’
‘আজও জমির মালিক তার ছেলেকে নিয়ে সারা দিন ছিল খেতে। আত্মীয়স্বজনের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কেউ আসেনি। তখন জমির মালিক বলল, দেখতেই তো পাচ্ছিস, কেউ আমাদের জমির যব কাটতে আসছে না। কারও জন্য অপেক্ষা করে কাজ নেই। কাল ভোরবেলা যন্ত্রপাতি নিয়ে আমরা দুজনেই চলে আসব যব কাটতে।’
মা তিতির বলল, ‘এবার আমাদের যাওয়ার সময় হলো। মানুষের জন্য অপেক্ষা না করে নিজেরাই যখন নিজেদের কাজ করতে চাইছে, তখন কাজটা করেই ছাড়বে তারা। এই জমি ছেড়ে অন্য কোথাও যাওয়ার সময় হয়েছে আমাদের।’
লিয়েফ তলস্তয়: রুশ লেখক। জন্মেছিলেন ১৮২৮ সালের ২৮ আগস্ট, ১৯১০ সালের ৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। রুশ সাহিত্যের স্বর্ণযুগের প্রতিনিধি তিনি।