তিনতিনের হারানো মোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

নাই নাই নাই কোথাও নাই। তিনতিনের মোজা কোথাও পাওয়া যাচ্ছে না। মা খঁুজছেন খাটের তলায়, বাবা টেবিলের ওপর। তিনতিন খাটের কোনায় বসে ভাবছে। এদিক-ওদিক কোথাও না পেয়ে মা রীতিমতো ক্ষেপেই গেলেন। এবার তিনতিনের দিকে তাকিয়ে বললেন, ‘তুমি বসে আছ কেন, খঁুজে দেখো?’
আস্তে করে তিনতিন বলে, ‘খঁুজেছি তো। দরজার ফাঁকে, আলনায়, বারান্দায়...’
মা এবার রাগী রাগী চোখে কোমরে হাত দিয়ে দাঁড়ান। বাবার দিকে তাকিয়ে বলেন, ‘কতবার বলেছি আরেক জোড়া মোজা নিয়ে আসতে।’ বাবা মোটা তোশক, জাজিম উল্টিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, ‘আরেক জোড়া তো আছে, সেটাই বের করে দাও।’
‘আরে সেটাই তো সকালে বুয়াকে দিয়েছি, ধুয়ে দিতে।’ মার তাতানো ভাষায় ভয় পেয়ে যায় তিনতিন।
তিনতিন দেখে এসেছে, বুয়া অনেক কাপড়ের সঙ্গে তার সাদা মোজা জোড়াও ভিজিয়েছে বালতিতে।
এদিকে স্কুল ভ্যান আসার সময় হলো। ছেলেটা দু-তিনবার হাঁক মেরেই ছুটবে অন্য রাস্তায়। বাবার চেয়ে মার তাড়াটাই বেশি। বাবা এক্ষুনি আফিসে চলে যাবে। ভ্যান মিস হলে মার ডিউটি যাবে বেড়ে। রিকশা করে পাকা চার কিলোমিটার দূরে স্কুলে যেতে হবে। একলা ঘরে বুয়াকে রেখে মা যাবেন না। তার মানে বুয়ার ছুটি। বুয়ার ছুটি মানে সব কাজ মাকে আজ করতে হবে। তিনতিন কিছুতেই মনে করতে পারে না। কাল দুপুরে স্কুল থেকে ফিরে মোজা জোড়া কোথায় রেখেছিল? সব সময়তো পড়ার টেবিলের পাশের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে। কী মনে হতে স্কুল ব্যাগের সব বই-পত্তর বের করে দেখে নেয়। নাহ্, নেই।
মা হতাশ হয়ে বলেন ‘যাও, আজ খালি জুতা পরেই যাবে।’
‘টিচার বকবে তো। এমনকি দাঁড় করিয়েও রাখবে। আর যদি ক্লাস করতে না দেয়!’
‘তাই হবে’, মা রেগে যান।
বাবা এরই মধ্যে নিজেকে গুছিয়ে দরজার কাছে গিয়ে বললেন, ‘আমি গেলাম।’
মা শুনলেন কি শুনলেন না বোঝা গেল না। কোমরে শাড়ির আঁচল গুঁজে তেড়ে আসেন তিনতিনের দিকে, ‘বেআক্কেল মেয়ে! কত দিন বলেছি, তুমি এখন আর ছোট্টটি নও। ক্লাস টুতে পড়ছ, নিজের জামাকাপড় বই-পত্তর গুছিয়ে রাখবে।’ মা ডান হাত মুষ্টিবদ্ধ করে তিনতিনের গালে একটা খোঁচা মেরে দেন।
ঠন্ ঠন্ ঠন্ শব্দ শোনা যায় রাস্তা থেকে। নিশ্চয় ভ্যান ভাইয়া এসেছে। তিনতিন কাঁদতে গিয়ে থেমে যায়। মনে মনে ভাবছে, মা বলুক আজ স্কুলে গিয়ে কাজ নেই। আবার ভাবে, স্কুলে না গেলে টিচার পরদিন বকা দেবে। দিনের পড়া, হোমওয়ার্ক এসব নিয়ে ভাবনায় পড়ে।
নিচ থেকে ডাক আসে, ‘তিনতিন মণি, তাড়াতাড়ি চলে আসো।’
তিনতিন জানালা দিয়ে গলা বাড়িয়ে বলে, ‘ভাইয়া একটু অপেক্ষা করো, প্লিজ।’
হাঁফ ছেড়ে মা তিনতিনের সামনে দাঁড়ান। ‘এই মেয়ে আজ খালি জুতা পরেই স্কুলে যাবে। তোমার শাস্তি হওয়া উচিত। সেদিন পেনসিল খঁুজে পাচ্ছ না। ওই দিন ইংরেজি হোমওয়ার্ক খাতা নেই। কেন? এসব হবে কেন? কতবার বলেছি সবকিছু গুছিয়ে রাখতে। স্কুল থেকে ফিরে জামাটা ছুড়ে ফেলছ বিছানায়। একটা কথা যদি শুনত মেয়েটা...’
তিনতিন ভাবে, তাই তো। বন্ধুরা কেউ ওর মতো নয়। ওদের জিজ্ঞেস করে জেনেছে, ওরা ডিসিপ্লিন মেনে চলে। তা ছাড়া টিচারের আদেশ তো আছেই। ‘নিজের কাজ নিজে করবে। ভালো করে হাত না ধুয়ে খাবে না। শাকসবজি বেশি করে খাওয়ার অভ্যেস করবে...’ অথচ শাক যেন তিনতিনের জাতশত্রু। প্রতি বেলায় মাংস চাই। মাংস না হলে বলবে, ‘খিদে নেই।’
ভ্যান ভাইয়ার হাঁক শোনা যায় আবার। মার ধমক খেয়ে তিনতিন স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে দরজার সামনে যায়। জুতার বাক্স থেকে সাদা কেডস্ জোড়া বের করে। একটু কান্না এসে যায় তার। মা যেন দারোগার ভঙ্গিতে দাঁড়িয়ে। ডান পা ঢোকাতে গিয়ে পায়ে কী যেন ঠেকে যায়। হাত দিয়ে দেখে...ওম্মা! মোজা দেখি জুতার ভেতরে লুকিয়ে। মা-মেয়ে দুজনেই এবার হেসে ওঠে।