
এমন যদি হয়
বন্যা এসে তোমার গ্রামে ঘটল বিপর্যয়
ডুবল উঠোন, বন্ধ চুলো
পানিবন্দী মানুষগুলো
খাদ্যাভাবে, রোগেশোকে কাতর অতিশয়!
এমন যদি হয়
আগুন লেগে তোমার পাড়ায় ঘটল বিপর্যয়
পুড়ল বাড়ি, ধানের গোলা
রাই মসুরি মটর ছোলা
অগ্নিদগ্ধ মানুষগুলোর বাঁচার কথা নয়!
এমন যদি হয়
ভবন ধসে মহল্লাতে ঘটল বিপর্যয়
মরল মানুষ-পুরুষ নারী
শোকে হলো বাতাস ভারী
আটকে পড়া জীবিতরা ফিরবে কি নিশ্চয়?
এমন যদি হয়
নদীপথে নৌডুবিতে ঘটল বিপর্যয়।
সাঁতরে বা কেউ রক্ষে পেল
অনেক লোকের জীবন গেল
স্বজনহারা মানুষ শোকে পাথর হয়ে রয়!
এমন যদি হয়
ভূমিকম্পে ঘটল কোন নগর বিপর্যয়
কোথায় আলো, খাবার পানি
যমে-লোকে টানাটানি
আচম্বিতে জান ও মালের হলো ব্যাপক ক্ষয়!
এমন যদি হয়
মহামারি দেখা দিয়ে ঘটল বিপর্যয়
পথ্য ওষুধ দেবে কে বা
সাহস নিয়ে করবে সেবা
কেমন করে রুগ্ন মানুষ হবে নিরাময়?
রক্তমাংসে গড়া তুমি, কন্যা কিংবা পুত
এই বিপদের মোকাবিলায় তুমি কি প্রস্তুত?