প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাকে আর কত বোঝাই মা
আমি তো আর অনুর মতো ছোট্ট খোকা না।
নিজের হাতে খেতে পারি
নিজেই চালাই হাওয়াই গাড়ি
একা-একা পড়তে বসি
কী আর পারি না
তোমাকে আর কত বোঝাই মা।
সারাটিক্ষণ আগলে থাকো
বুকের ভেতর ধরে রাখো
বাইরে গেলেই কে নিয়ে যায়
এমন ধারণা
তোমাকে আর কত বোঝাই মা।
আমি এখন অনেক অনেক বড়
সন্দেহ কি করো?
গাছে ওঠা, সাঁতার কাটা
কী আর অজানা
তবু তুমি আমায় কেন একলা ছাড়ো না
তোমাকে আর কত বোঝাই মা।
ইচ্ছে আমার বাইরে গিয়ে খেলি
একা একা নদীর ঘাটে যাই
তোমার বাধায় ইচ্ছেগুলো আমার
হচ্ছে পুড়ে ছাই—
দোহাই মাগো একটু আমার হাতটি ছাড়ো না
তোমাকে আর কত বোঝাই মা।