দিরা আন্টির আচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ত্বরার মা দিরা আন্টি দারুণ একটা টক-ঝাল-মিষ্টি আচার করেন। সে আচার খেয়ে ইমনের জিভ লকলক করে। ফাঁক খোঁজে কখন দিরা আন্টির বাসায় যাবে।
ইমনরা থাকে তিনতলার দক্ষিণের ফ্ল্যাটে। সাততলার উত্তরের ফ্ল্যাটে থাকে ত্বরারা। প্রথমে মায়ে মায়ে খাতির। পরে ছানাপোনাদের ভাব। ত্বরারা দুই বোন। ঝরা আর ত্বরা। ইমন একাই।
ত্বরার বড় বোন ঝরা আপু লক্ষ্মী মেয়ে। ইমনকে ঠিক ছোট ভাইয়ের মতো আদর করেন। ত্বরা একটু কড়া। ইমনের সঙ্গেই ষষ্ঠ শ্রেণিতে পড়ে। দিরা আন্টি যদি ইমনকে একটা ক্যাডবেরি দিতে বলেন, ত্বরা দেবে ঠিকই, তবে তা এই অল্প একটু—কিপটের মতো কোনা ভেঙে। এ জন্যই ওদের বাসায় যেতে ইচ্ছা করে না। কিন্তু দিরা আন্টির আচারের কী যে টান, মনে পড়লেই জিভের জল ছলকায়।
আজ শুক্রবার। স্কুল ছুটি। দুপুরের খানিক আগে মা বলেন, ‘যা তো বাবা ইমন, ত্বরাদের বাসায় গিয়ে এই হালুয়া দিয়ে আয়।’
হালুয়ার বাটি নিয়ে লাফাতে লাফাতে ছোটে ইমন। ডোরবেলের সুইচ টিপে মনে মনে ‘আচার আচার’ করতে থাকে ও। বাটি তো আর খালি দেবেন না আন্টি। দিলে ওই আচারই দেবেন। আন্টির ঘরভর্তি আচার। এর মধ্যে এক আচার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন। এখন প্রথম হতে জোর চেষ্টা চলছে। চাইতে হয় না, আন্টিই সেধে খেতে দেন। কেমন হালো জানতে চান। আর ইমন তো এটাই চায়। বিশেষ করে আমের টক-ঝাল-মিষ্টি আচারটা।
খুলে গেল দরজা। অমনি বিকট চিত্কার, ‘হালুম!’
চমকে ওঠে ইমন। হালুয়ার বাটি পড়ে ভেঙে খান খান।
পিপহোল দিয়ে ইমনকে দেখে এই দুষ্টু বুদ্ধি খেলেছে ত্বরার মাথায়। ইমন তো লাজে লাল।
চোখ কপালে তোলে ত্বরা, ‘ও মা, এ তো দেখছি হালুয়া!’
পরমুহূর্তে মেয়েটা হেসে গড়িয়ে পড়ে। টেনে টেনে বলে, ‘হালুয়া এনে ইমন সাহেবের হালুয়া টাইট!’
কী দুর্গতি! বাটি ভাঙার শব্দে দিরা আন্টি আর ঝরা আপু এসে হাজির। চোখ তাঁদের গোল গোল।
ত্বরার হাসি যেন ফুরাতেই চায় না। হাসতে হাসতেই বলে, ‘দেখো তোমরা, ইমন কেমন ভয়কাতুরে! একটু হালুম করেছি আর অমনি বাটি ভেঙে চুরমার। আর যদি সত্যিই বাঘ হতো...হি হি হি!’
ঝরা আপু ফিক করে হেসে ওদিকে মুখ ফেরান। দিরা আন্টিও অনেক কষ্টে হাসি চাপেন। ত্বরাকে ধমকের সুরে বলেন, ‘ছিঃ ত্বরা, এসব কী!’
ইমন কী করবে, বুঝতে পারে না। জাদুকর হলে অদৃশ্য হয়ে যেত। সুপারম্যান হলে শাঁ করে উড়ে যেত। নিজেকে ওর ঠ্যাঙভাঙা ভোঁদড়ের মতো লাগে।
মিনমিনে গলায় বলেন, ‘যাই, আন্টি।’
ঘুরতে যাবে, ইমনের হাত ধরে ফেলেন আন্টি। আদর করে বলেন, ‘আরে, যাচ্ছো কোথায়? কাল রাতে নতুন একটা আচার বানিয়েছি, টেস্ট করে যাও।’
ইমন ফসকে যাওয়ার চেষ্টা করে বলে, ‘আজ যাই, আন্টি। পরে আসব।’
আচারের টান বলে কথা। এর সঙ্গে আবার আন্টির হাতের টান। হিড়হিড়িয়ে ঢুকে পড়ে ইমন।
আন্টি কী একটা আচার নিয়ে আসেন, এমন অখাদ্য জীবনে আর খায়নি ইমন। যেমন টক, তেমনি রসুনের গন্ধ। এই উগ্র গন্ধটা একদম সইতে পারে না ও।
আন্টি ওর চেহারা দেখে বলেন, ‘কী হলো বাবা, ভালো হয়নি আচার?’
‘জি, ভালো হয়েছে, তবে একটু ঝাঁজ!’
‘বুঝতে পেরেছি, রসুন দিয়েছি বলে ভালো লাগছে না। বুয়া আমের সেই আচারটা নিয়ে এসো তো, যেটা ইমন খুব পছন্দ করে।’
অনেক কষ্টে খুশিটা চেপে রাখে ইমন। এই তো চাই। কিন্তু বুয়া রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে, ‘ওইটা তো ছাদে রাইখা আইছি, আম্মা। আপনেই তো রোদে দিতে কইলেন।’
‘ও, আচ্ছা। ঠিক আছে, পরে তোমাদের বাসায় পাঠিয়ে দেব।’
ঘাড় কাত করে সুবোধ বালকের মতো সায় দেয় ইমন। দুই মিনিট পর বেরিয়ে আসে। নিজেকে কেমন পালক ঝরা কাকের মতো লাগে। ছুটির দিনটাই আজ পানসে। বিরস মুখে থপ থপ করে সিঁড়ি ভাঙতে থাকে ও।
সহসা বুদ্ধি খেলে যায়। আরে, তাই তো। ছাদেই আছে সেই আচার। ওখানে গিয়ে চুপি চুপি একটু চেখে আসা যাক।
নিমেষে শরীরটা চাঙা হয়ে ওঠে ইমনের। একসঙ্গে দুটো করে সিঁড়ি টপকে ছাদে চলে আসে। চনমনে রোদ। ছাদ একদম ফাঁকা। এই-ই সুযোগ।
একসঙ্গে চারটা বয়াম রোদে দেওয়া হয়েছে। এর মধ্যে অর্ধেক খালি সরু বয়ামটা ইমনের সবচেয়ে পরিচিত। ওটার ভেতরই আছে ওর জিভে জল আনা আচার
ঝটপট বয়ামটা খুলে ফেলে ইমন। কিন্তু মুখটা এত সরু, চেপেচুপে ডান হাতটা ঢোকাল ও। এক খাবলা আচার নিল। কিন্তু হাত বের করা যাচ্ছে না। অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিল। যেন আচার চোরদের জন্যই এমন বয়াম। হাত ঢোকানো যাবে, কিন্তু আচার বের করা যাবে না।
মুঠো আলগা করে ইমন। যাক, মন ভরে আচার না-ই খেল ও। হাতটা তো চাটা যাবে। এতেই সুখ। ও মা, এ কী রে, হাতটা তো বের করা যাচ্ছে না! ইমন যতই মোচড়ায়, হাত আর বেরোয় না।
কপালে ঘাম ছুটে যায় ইমনের। হাত বের করতে না পারলে তো মহা কেলেঙ্কারি! এই বিশাল দালানের চব্বিশটা ফ্ল্যাটের মানুষ ওকে আচার চোর বলে জানবে। এখন কী হবে!
উপুড় হয়ে বয়ামটা দুই পায়ের মাঝখানে চেপে ধরে হাতটা সজোরে টানতে থাকে ইমন। মুখ ফুটে বেরোতে থাকে, ‘হেঁইয়ো, হেঁইয়ো!
পিঠে আলতো টোকা পড়তেই লাফ মেরে সটান দাঁড়িয়ে যায় ইমন। কে আর? ত্বরা! কঠিন দারোগার কাছে ধরা। ফ্রিজের মুরগির মতো জমে যায় ইমন।
ত্বরা বলে, ‘সারা দিন হেঁইয়ো হেঁইয়ো করলেও কাজ হবে না। এটা থেকে হাত খোলার কায়দা আছে।’
এই বলে একটু চেষ্টাতেই ইমনের হাতটা মুক্ত করে দেয় ত্বরা। বলে, ‘আমার কেন জানি মনে হচ্ছিল, তুমি এখানে আসবে। দিরা আন্টির আচার না! আচ্ছা যাও, কাউকে বলব না।’