দেশি কমিকসে বেশি মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে কমিকস বললেই আমরা ভাবতাম ভিনদেশি কিছু। মার্ভেল কমিকস, ডিসি কমিকস, টিনটিন কিংবা প্রাণের কমিকস ছাড়া আর কী-ই বা ছিল আমাদের বাজারে? তবে সেই দেশি কমিকসের খরা এখন আর নেই। বাংলাদেশের কার্টুনিস্টরাই আঁকছেন দুর্দান্ত সব কমিকস ও গ্রাফিক নভেল। আঁকা ও লেখার মানে-গুণে যেগুলো চ্যালেঞ্জ করতে পারে ভিনদেশি কমিকসগুলোকেও। তেমনই কিছু কমিকস ও গ্রাফিক নভেলের খবর জানাচ্ছেন 

কমিকস অমনিবাস
কমিকস অমনিবাস

কমিকস অমনিবাস
আঁকা ও লেখা: আহসান হাবীব
প্রকাশক: ঢাকা কমিক্স
দাম: ২৫০ টাকা
পল্টুর খুব মন খারাপ। বিল্টু ভাই জিজ্ঞেস করলেন, ‘কি রে পল্টু, তোর মন খারাপ কেন?’ পল্টু জানাল, স্কুলের বার্ষিক ফাংশনে যার গান গাওয়ার কথা ছিল, তার গলা বসে গেছে। যথারীতি সর্বজ্ঞান বিশারদ বিল্টু ভাই দিলেন সমাধান। সমাধানটা কী? তিনি নাকি নিজেই গান গাইবেন। অনুষ্ঠানের দিন মঞ্চে উঠে অবশ্য ঘেমে নেয়ে একাকার বিল্টু ভাই। অবশেষে দর্শকের উদ্দেশে বললেন, ‘পল্টু একটু ভুল করেছে। ব্যাপারটা হবে “রান”, গান নয়...’ বলেই বিল্টু ভাই দিলেন ঝেড়ে দৌড়! এই হলো আহসান হাবীবের কমিকস। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘সহজ কথা যায় না কওয়া সহজে।’ প্রথিতযশা কার্টুনিস্ট আহসান হাবীবের আঁকা দেখে বলা যায়, ‘সহজ কার্টুন যায় না আঁকা সহজে!’ সহজ কিন্তু দারুণ সরস এই কার্টুনগুলো নিয়েই কমিক্স অমনিবাস। আহসান হাবীবের পটলা-ক্যাবলা, বিল্টু ভাই, পল্টু ও খুদে বিজ্ঞানী বঙ্কুর কমিকসগুলো আনন্দের বিশাল এক খনি!

মুজিব
মুজিব

মুজিব
কাহিনি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে
আঁকা: সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং এ বি এম সালাহউদ্দিন ষুভ
প্রকাশক: সিআরআই
দাম: ২০০ টাকা
চার দেয়ালের ছোট্ট কোঠায় একটা চৌকি পাতা। চৌকির নিচে একটা প্লেট। দেয়ালে হাতে আঁকা কতগুলো রেখা। ছোট্ট কোঠার ভেন্টিলেটর দিয়ে বাইরে থেকে একটা আলোকরশ্মি এসে পড়েছে চৌকির ওপর। সেখানে বসে আছেন মধ্যবয়সী সৌম্যদর্শন একজন। তাঁর চোখে মোটা ফ্রেমের চশমা, নাকের নিচে পুরু গোফ, পরনে পাজামা-পাঞ্জাবি। কিছু একটা লিখছেন তিনি। আলো-আঁধারির ওই দৃশ্যটা আমাদের নিয়ে যাবে সেই ১৯৬৭ সালে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বসে বসে যিনি কিছু একটা লিখছেন, তাঁর নাম শেখ মুজিবুর রহমান।
১৯৬৭ সালের ওই দৃশ্য খুব বেশি মানুষ দেখেনি। বঙ্গবন্ধু সে সময় কারাগারে বসেই লিখেছিলেন তাঁর অসমাপ্ত আত্মজীবনী। কদিন আগে সেই বইয়ের কাহিনি অবলম্বনে প্রকাশিত হলো মুজিব নামে এক গ্রাফিক নভেল। এঁকেছেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং এ বি এম সালাহউদ্দিন ষুভ। মুজিব-এর প্রথম পর্বে এ দুই কার্টুনিস্ট বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার শুরু, শৈশব ও কৈশোরের চমকপদ্র গল্প তুলে ধরেছেন দারুণভাবে। পরের পর্বগুলোর জন্য মুখিয়ে না থেকে উপায় নেই!

সোমোর অভিযান মঙ্গল-মিশন ১
সোমোর অভিযান মঙ্গল-মিশন ১

সোমোর অভিযান মঙ্গল-মিশন ১
আঁকা ও লেখা: শাহরিয়ার
প্রকাশক: পাঞ্জেরী
দাম: ১৬৭ টাকা
ডন, রব আর পাহাড় বাড়ি ফিরছিল গুপ্তধন নিয়ে। পথে দেখা হলো সোমোর সঙ্গে। ভবিষ্যতের এই হোমো সুপিরিয়র (সুপার হিরোর দাদা!) সোমো তাদের নিয়ে চলল মঙ্গল গ্রহে! উদ্দেশ্য, শত্রুদের এক ভয়ানক গবেষণাকেন্দ্র ধ্বংস করা। শত্রুদের ওই ঘাঁটি ধ্বংস করতে না পারলে নাকি পৃথিবী পড়বে মহাসংকটে! মঙ্গলের পথে এই অভিযাত্রীরা পড়ল অভাবনীয় সব বিপদের মুখে। তবে সব বাধা পেরিয়ে ঠিকই তারা পৌঁছে গেল লাল গ্রহে। কিন্তু মঙ্গল-মিশন কি শেষ হলো ঠিকঠাকমতো? এমন ফাটাফাটি একটা অভিযানের সদস্য হতে চাইলে পড়ে ফেল শাহরিয়ারের কমিকস সোমোর অভিযান: মঙ্গল মিশন।

রুহান রুহান
রুহান রুহান

রুহান রুহান
মূল গল্প: মুহম্মদ জাফর ইকবাল
আঁকা: মেহেদী হক
প্রকাশক: ঢাকা কমিক্স
দাম: ১০০ টাকা
একদল দাস ব্যবসায়ী মানুষদের ধরে এনেছে বেঁচে দেওয়ার জন্য। অসহায় মানুষগুলোর উদ্দেশে দাস ব্যবসায়ীরা বলছে, ‘এই এলাকাটা যে রকম গ্রুজানের নরক, এর বাইরে আরেকটা বড় নরক আছে। সেটার নাম পৃথিবী!’ পৃথিবী নামের ওই ‘নরকে’ নাকি মানুষ মারামারি, কাটাকাটিতে ব্যস্ত! আর সেই সুযোগেই দাস ব্যবসায়ীরা মানুষদের মেরে শরীরের অঙ্গ-প্রতঙ্গ সংগ্রহ করছে। আর যাদের ‘মগজ’ ভালো, তাদের মাথায় ইলেকট্রড ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে অন্য আরেক উদ্দেশ্যে। কিন্তু এভাবেই কি দাস ব্যবসায়ী ক্রিভনদের হাতে মারা পড়বে মানুষেরা? এগিয়ে আসে রুহান। মুহম্মদ জাফর ইকবালের শ্বাসরুদ্ধকর বিজ্ঞান কল্পকাহিনির উত্তেজনাময় চিত্রিত রূপ রুহান রুহান। মেহেদী হকের দুর্দান্ত আঁকা এই গ্রাফিক নভেলের দুটি পর্ব প্রকাশিত হয়েছে। নিশ্চিত, তৃতীয় পর্বের জন্য তীর্থের কাকের মতো বসে থাকতে হবে।

রিশাদ
রিশাদ

রিশাদ
গল্প ভাবনা: নাভিদ হোসাইন
আঁকা: আসিফুর রহমান
প্রকাশক: ঢাকা কমিক্স
দাম: ৬০ টাকা
ঘর ছেড়ে পালাতে গিয়ে অদ্ভুত এক নিয়তির খপ্পরে পড়ে রিশাদ। মহাজাগতিক এক নিয়তি গ্রন্থের কোনো এক পাতায় নাকি এই তরুণের নিয়তি লেখা আছে। রিশাদ এসব জানতে পারে অদ্ভুত আলখাল্লা পরা ততোধিক অদ্ভুত নুষিতের কাছে। তবে ঘটনা বুঝে ওঠার আগেই ভয়ানক কিছু দানো আক্রমণ করে বসে রিশাদকে। কী করবে রিশাদ? ব্যাপারটা যে এখন আর কেবল স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায় না! পুরো গল্পটা জানার জন্য মন আকুপাকু করলে পড়তে হবে গ্রাফিক নভেল রিশাদ। মোট তিনটি পর্বে শেষ হয়েছে রিশাদের গল্প।