নজরুলকে জানা, তাঁর বই পড়া

তোমরা কি বলতে পারো বাংলাদেশের রণসংগীত কোনটি? অবশ্য অনেকেই বলবে ‘চল্ চল্ চল্’ গানটির কথা। এ গানটি কে লিখেছেন জানো? লিখেছেন কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি। আমাদের জাতীয় কবি।
নজরুল ছিলেন সতেজ প্রাণের কবি। ‘চল্ চল্ চল্’ গানে তিনি বলেছেন নতুনদের কথা। বলেছেন তাদের স্বপ্নের কথা, তাদের কাজের কথা:
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
নজরুল সবাইকে ডাক দিয়েছেন সুন্দর জীবন গড়তে। ডাক দিয়েছেন নতুন পথে চলতে।
নজরুল জয়গান গেয়েছেন মানুষের। সুরের আগুন ছড়িয়ে দিয়েছেন আমাদের রক্তে। তাঁর কবিতায় আছে মানুষের অধিকারের কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা। তিনি বিদ্রোহ করেছেন অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। তাই তাঁকে আমরা বলি বিদ্রোহী কবি।
বাংলার এই কবির কবিতায় আছে অসহায় মানুষের দুঃখের কথা। যাঁরা কাজ করেন, ফসল ফলান, তাঁদের কথা। নারী সমাজের অবদান ও অধিকারের কথা।
এ দেশ একসময় ব্রিটিশের হাতের মুঠোয় ছিল। সেই ব্রিটিশরাজের মসনদকে তাঁর লেখার মাধ্যমে কাঁপিয়ে তুলেছিলেন তিনি। সবার আগে উচ্চারণ করেছিলেন স্বাধীনতার দাবি। যেসব বিপ্লবী তরুণ ব্রিটিশরাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, রচনা করেছেন তাঁদের জয়গান।
কবিতায়, গানে, গদ্য লেখায়, বক্তৃতায় তিনি বাঙালিকে জাগিয়ে তুলতে চেয়েছেন। চারণ কবির মতো কবিতা ও গান শুনিয়েছেন বাংলার শহরে শহরে, গ্রামে গ্রামে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাইকে এক করতে চেয়েছেন মুক্তির লড়াইয়ে। জাতিভেদকে তিনি না বলেছেন। না বলেছেন সাম্প্রদায়িকতাকে।
তিনি ছিলেন সৈনিক কবি। তাঁর গান ও কবিতা হয়েছে আমাদের মুক্তির প্রেরণা। তাঁর গান ‘কারার এই লৌহ কপাট’, ‘শিকল পরা ছল’ ঘরে ঘরে আমরা গেয়েছি মুক্তিযুদ্ধের সময়। এই গান গেয়ে মুক্তিযোদ্ধারা রাইফেল কাঁধে যুদ্ধ করেছেন। হানাদার পাকিস্তানি মিলিটারির হাত থেকে মুক্ত করেছেন এই দেশকে।
নজরুল সাধারণ মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। বেঁচে থাকার জন্য লড়াই করতে শিখিয়েছেন। তিনি দেশকে ভালোবেসেছেন। দেশের জন্য সবাইকে আগুয়ান হতে বলেছেন। দেশকে মুক্ত করার কথা বলেছেন। দেশকে গড়ার কথা বলেছেন।
নজরুল ছোটদের জন্য নানা ধরনের বই লিখেছেন। যেমন ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, পুতুলের বিয়ে।
ঝিঙে ফুল ছড়া ও কবিতার বই। তাতে আছে ‘লিচু-চোর’, ‘খাঁদু-দাদু’, ‘প্রভাতী’, ‘খুকী ও কাঠ্বেরালি’র মতো কবিতা। ‘লিচু-চোর’ হাসির কবিতা। এমন মজার হাসির কবিতা নজরুল অনেক লিখেছেন।
সাত ভাই চম্পা ছড়া ও নাটিকার বই। পুতুলের বিয়েতে আছে নাটক ও কবিতা। পুতুলের বিয়ে নজরুলের লেখা সেরা হাসির নাটক। এতে আছে সেই বিখ্যাত গান: ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’। ছোটদের জন্য লেখা নজরুলের অন্যান্য নাটকের মধ্যে রয়েছে: নবার নামতা পাঠ ও জুজুবুড়ির ভয়।
শিশু-কিশোরদের পড়ার মতো একটি গল্প আছে শিউলিমালা গ্রন্থে। তার নাম পদ্মগোখরো। মক্তব সাহিত্য নামের পাঠ্য বইয়ে আছে ছোটদের উপযোগী তিনটি গল্প। এগুলো হলো: ‘ঈদের দিনে’, ‘মরা কাউয়া’ ও ‘চাদর’।
ছোটদের জন্য অনেক গান লিখেছেন নজরুল। যেমন ‘মোমের পুতুল মমীর দেশে’, ‘আমরা শক্তি আমরা বল’, ‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই’ ইত্যাদি।
নজরুল আমাদের প্রিয় কবি। তাঁকে আমাদের ভালোভাবে জানা দরকার। আর ভালোভাবে জানতে হলে তাঁর লেখা আমাদের পড়তে হবে। কারণ, লেখার ভেতর দিয়ে তিনি চারপাশের সত্যকে তুলে ধরেছেন। কল্পনার জগৎ তৈরি করেছেন। আমাদের আনন্দ দিয়েছেন। আর স্বপ্ন দেখিয়েছেন সুন্দর জীবনের।