নাইস বাটারফ্লাই

অনেকক্ষণ খুঁজে ক্লান্ত হয়ে একটা সুন্দর চকচকে দেয়ালে বসলাম। আমার পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে আরেকটি ছেলে একটা ছোট বাক্স দিয়ে কী যেন করছে। মেয়েটা একেক বার একেক রকম মুখের অঙ্গভঙ্গি করছে। কী জানি কী আছে ওই বাক্সে। আমার বেশি বান্ধবী নেই। পাড়ার কিছু বান্ধবী আছে, তারা প্রায়ই বলে, ‘তুই বড্ড সেকেলেই রয়ে গেলি রে পিনি। একটু দুনিয়াটা ঘুরে দ্যাখ, মানুষ কত কিছুই না তৈরি করেছে! কী উন্নতই না হয়েছে পৃথিবীটা।’
কিছুক্ষণ পর দেখি সিঁড়ি দিয়ে একটি ছোট্ট বিদেশি ছেলে ওপরে উঠে আসছে তার মায়ের হাত ধরে। সে আমাকে দেখেই বলল, ‘নাইস বাটারফ্লাই!’
তার মা বলল, ‘ইয়াহ ডিয়ার! ইটস রিয়েলি নাইস!’
ছেলেটি বলল, ‘আই ওয়ানা টেক আ পিকচার উইথ ইট।’ বলে সে কিছুক্ষণ আগে আমার দেখা বাক্সটির মতো আরেকটি বাক্স বের করল। বের করে আমার কাছে মুখ এনে কী যেন একটা করে খুব খুশি হলো। আমি এসব ইংরেজি কথা কিছুই বুঝলাম না। শুধু ‘নাইস বাটারফ্লাই’ কথাটা মনে রাখলাম।
জ্বর হওয়ায় আমি অনেক দিন স্কুলে যাইনি। অবশ্য মানুষের মতো আমার সঠিক সময়ে স্কুলে না গেলেও চলে। আমি আমার এলাকার একটি স্কুলে প্রতিদিন সকাল নয়টার সময় যাই বাংলা ও গণিত ক্লাস করতে। ইংরেজি আমার ভয়ের বিষয় আর অঙ্কও যে খুব একটা ভালো পারি, তা নয়। কিন্তু আমার বংশের অনেকেই, বিশেষ করে আমার বাবা একটু-আধটু ইংরেজি জানেন।
আমি উড়তে উড়তে প্রায়ই এই হোটেলে আসি। হোটেলের নাম ইংরেজিতে লেখা। তাই নামটা আমি পড়তে পারি না। উড়তে উড়তে একটা চকচকে আয়নায় বসে খুব ভালো করে নিজেকে খুঁটিয়ে দেখে বুঝলাম, আগের চেয়ে একটু কালো হয়ে গেছি। এই হোটেলে একটা নীল পানিওয়ালা পুকুরে বসে কিছুক্ষণ ধরে গোসল করলাম। তারপর পুকুরের পাড়ে বড় ছাতার ওপর বসে রোদ পোহাতে শুরু করলাম। যদিও এই ঘন বর্ষায় সূর্যের দেখা পাওয়া বড় মুশকিল।
বিভিন্ন ধরনের মানুষ পুকুরের পাড়ে চেয়ারে বসে খাচ্ছে, গল্প করছে। ছোট ছোট বাচ্চারা চাকার মতো কী নিয়ে যেন পুকুরে নেমে খেলা করছে। আমার এসব দেখতে ভালোই লাগছে। কিছুক্ষণ পর খিদের চোটে মানুষের মজা করা দেখা বন্ধ করে খাবারের জন্য বিভিন্ন ফুলে ঘুরলাম। খেয়েদেয়ে ধানখেত দিয়ে উড়ে উড়ে পাড়ায় পৌঁছে গেলাম।
দেখি, সব ছেলেমেয়ে বেরিয়ে খেলা করছে। বেশ কিছুদিন জ্বরে ভোগায় তাদের সঙ্গে খুব একটা যোগাযোগ হয়নি। ওরাও আমার খোঁজ নেয়নি। আমি গাছের নরম কচি পাতায় আরাম করে বসে তাদের খেলা দেখছিলাম। এমন সময় মা আমায় দেখতে পেয়ে ডাক দিল, ‘এই পিনি, দ্যাখ কে এসেছে। শিগগির আয়।’
আমাদের বাড়িতে কেউ তেমন একটা আসে না। আমার দাদুর বাসা সিলেটের চা-বাগানে। নানুর বাসা খুলনার সুন্দরবনে। আমরা থাকি ঢাকায়। এই ব্যস্ত শহরে আমার মোটেও ভালো লাগে না। আমি চাই সব সময় প্রকৃতির কাছাকাছি থাকতে। ঘন সবুজ বনে ঘুরে বেড়াতে।
বাসায় ঢুকে দেখি মামা এসেছেন। রাতে নিশ্চয়ই মামা এখানেই থাকবেন। মামার কাছে অনেক গল্প শুনব ভেবে খুব ভালো লাগছিল। মামার সঙ্গে কথা বলার সময় মামা সুন্দরবনের বেশ প্রশংসা করলেন। সেখানে থাকার সুবিধার কথা বললেন। সেখানকার বায়ু, পানি, প্রকৃতি খুব ঠান্ডা ও সতেজ, সেটাও বললেন। শুনে মার কাছে আবদার করলাম, সুন্দরবন যাব। কত দিন নানুর বাসায় যাই না...
জ্বর এখনো ঠিকভাবে সারেনি, তাই মা আমাকে যেতে দিচ্ছে না। এই বর্ষায় বনের স্যাঁতসেঁতে পরিবেশে শরীরের আরও ক্ষতি হওয়ার ভয়ও আছে। পরে আমার জেদাজেদিতে মা রাজি হলো। তবে একটা শর্তে। যেতে যেতে আমাকে ৩-এর ঘরের নামতা মুখস্থ করতে হবে। এটা কষ্টকর হলেও সুন্দরবন যাওয়ার আনন্দে রাজি হয়ে গেলাম।
পরদিন সকালে উঠে মা আমাকে গোসল করিয়ে কচি জলপাই পাতা দিয়ে তৈরি নতুন জামা পরিয়ে, ক্রিম হিসেবে মুখে শসার সর লাগিয়ে দিল। ঠোঁটে লিপস্টিকের মতো লাগিয়ে দিল পুঁইশাকের বিচির রস। লাউয়ের সুতার মতো কচি ডগাগুলো দিয়ে চুল বেঁধে ফুল তুলে দিল। আমি নামতা মুখস্থ করতে করতে মামার সঙ্গে নানুর বাসার উদ্দেশে চললাম। ‘তিন এক্কে তিন...তিন দুগুণে ছয়...’
যেতে যেতে মামা আমাকে চারপাশের বিভিন্ন জিনিস বুঝিয়ে দিলেন। কোন জিনিস দিয়ে কী কাজ হয়, সেটিও বললেন। এর মধ্যে আমরা খাওয়াদাওয়া সেরে নিয়েছি। এরপর হঠাৎ আমি দেখলাম, কালকের ওই বাক্সটার মতো আরও একটি বাক্স। মামাকে জিজ্ঞেস করলে সে বলল, ‘আরে পাগলি! ওটা বাক্স নয়, ওটা তো ক্যামেরা। ওটা দিয়ে ছবি ওঠে। এসব অদ্ভুত জিনিস মানুষেরা তৈরি করেছে। সুন্দরবন চল, সেখানে পর্যটকেরা, মানে তোর মতো যারা ঘুরতে যায়, তাদের কাছে সব সময় থাকে এসব। ওই বাক্স দিয়ে তারা চারপাশের সুন্দর প্রকৃতি, পশু-পাখি, আমাদের মতো প্রজাপতিদের ছবি তুলে নেয়। চল দেখবি, ওরা তোরও ছবি তুলবে।’
মামা পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শিখেছে। ভালোই ইংরেজি জানে। মামাকে আমি জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা মামা, নাইস বাটারফ্লাই মানে কী?’
মামা বলল, ‘সুন্দর প্রজাপতি। কেন রে, তোকে কেউ বলেছে নাকি নাইস বাটারফ্লাই?’
আমি বললাম, ‘না মামা, এমনিই জিজ্ঞেস করলাম।’
তখন আমার খুব আনন্দ হচ্ছিল। কেউ আমাকে বলেছে আমি সুন্দর প্রজাপতি। কিন্তু মামাকে সে কথা বলতে একটু লজ্জা লাগছিল। এসব ভাবতে ভাবতেই নানুর বাসায় পৌঁছে গেলাম।
নানা-নানু তাঁদের আদরের পিনিকে এত দিন পর দেখে কতই না খুশি হলেন। মামিও বন থেকে বিভিন্ন গাছের রস, বিভিন্ন ফুলের মধু এনে আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন। আমার জন্য গোলপাতা, সুন্দরীগাছের পাতা দিয়ে নকশাদার জামা তৈরি করে দেওয়া হলো। এসব জামা এখানকার প্রজাপতিদের ঐতিহ্যবাহী পোশাক।
নতুন জামা পরে বনে ঘুরতে বেরোলাম। তখন ওই বাক্স, অর্থাৎ ক্যামেরা দিয়ে অনেক মানুষ আমার ছবি তুলে নিল। আমি তো জানি না, কেমন করে ছবি তুলতে হয়। তাই এই বিশাল বনের একবার এই গাছ আরেকবার অন্য গাছে বসে থাকি হাসি হাসি মুখ নিয়ে, কী জানি কখন কে এসে ছবি তুলে নেয়!
নবম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর