নিহাল ও তার সাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

পুডিংয়ের শেষ অংশটুকু মুখে পুরে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল নিহাল। পেছন থেকে মা একটা ধমক লাগালেন, ‘মাত্রই না স্কুল থেকে ফিরলি, এখন আবার কোথায় যাচ্ছিস?’ নিহাল তাড়াহুড়ো করে জবাব দিল, ‘সৌরভের বাসায় যাচ্ছি।’ মা বকতে লাগলেন, ‘হাইস্কুলে উঠেই তোমার ঘোরাঘুরি এত বেড়েছে আর সঙ্গী হয়েছে সাইকেলটা। মানা করলেও...’
মায়ের বকাবকিতে কান না দিয়ে ধুপধাপ সিঁড়ি বেয়ে নেমে চলল নিহাল। গ্যারেজ থেকে নিজের সাইকেলটা নিয়ে রওনা দিল সে। পিএসসিতে ভালো ফলের জন্য ওকে ওর বাবা উপহার দিয়েছেন সাইকেলটা। খুব বেশি দিন হয়নি, তবে বেশ ভালোই সাইকেল চালানোটা রপ্ত করে ফেলেছে ও।
দুপুরবেলা। রাস্তার একটা মোড় ঘুরতেই জায়গাটা সম্পূর্ণ নির্জন হয়ে গেল। সাইকেলের গতি বাড়িয়ে দিল নিহাল। ঠিক এমন সময় কে যেন বলে উঠল, ‘ধীরে। সামনে একটা লালরঙা গাড়ি আসছে।’ চমকে উঠে আচমকা ব্রেক কষল নিহাল। একটা লালরঙা গাড়ি এমন সময় পাশ কাটিয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতে পারল না ও। কে কথা বলল? আশপাশে কাউকে দেখাও যাচ্ছে না। ‘দূর! হয়তো ভুল শুনেছি।’ আবার সাইকেলটা চালাতে লাগল ও। ফাঁকা রাস্তা, গতি বাড়াতে সময় নিল না নিহাল। এমন সময় আবার কে যেন গেয়ে উঠল, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া৷’ ঘটনার আকস্মিকতায় আরেকটু হলে উল্টে পড়েই যেত ও। কোনো রকম সামলে নিল। সে পরিষ্কার গান গাইতে শুনেছে সাইকেলটাকে। একটা সাইকেল গান গাইছে, কথা বলছে, ব্যাপারটা কত হাস্যকর বুঝতে পেরে হাসা উচিত ছিল নিহালের; কিন্তু না হেসে ও একটু ঘাবড়ে গেল। আশপাশে তাকিয়ে সাইকেলটার কাছে বসে ফিসফিসিয়ে বলল, ‘এই, তুমি কথা বলতে পারো?’ দুই সেকেন্ড কোনো শব্দ হলো না। নিহাল ধরেই নিয়েছিল যেন সাইকেলটা কথা বলবে। ‘নাহ্, ভুলই শুনেছি তাহলে।’ একটু যেন হতাশ হলো ও।
এমন সময় সাইকেলটা কথা বলে উঠল। নিহালের মতোই ফিসফিসিয়ে, ‘এই, আমি কথা বলতে পারি। কিন্তু আমরা ফিসফিস করছি কেন?’ ‘শশশ!’ ঠোটে আঙুল দিয়ে সাইকেলটাকে বলে উঠল নিহাল। ও যে অবাক হয়েছে তা বুঝতে দিল না। সাইকেলের চেইন ঠিক করছে এমন ভঙ্গিতে বিড়বিড় করে বলল, ‘আস্তে কথা বলো। তোমার সঙ্গে কথা বলতে দেখলে মানুষ আমাকে পাগল ভাববে।’ সাইকেলটাও কম পািজ নয়। পাল্টা জবাব দিল, ‘তুমিও আস্তে কথা বলো। তোমার সঙ্গে কথা বলতে দেখলে সব সাইকেলরা আমাকে পাগল ভাববে।’ রাগে নিহালের গা জ্বলে গেল। কিছুই হয়নি এমন ভঙ্গিতে সাইকেলটা শিস বাজাতে লাগল। নিহাল ঠিক করল, সাইকেলটাকে আর পাত্তা দেবে না। সাইকেল চালাতে শুরু করল ও। গতি বাড়াতেই সাইকেলটা একেবারে আঁতকে ওঠে, ‘অ্যাকসিডেন্ট করে আমাকে মারতে চাও নাকি? ধীরে চালাও বলছি।’ কথাটা শুনতেই পায়নি এমন ভাব করে গতিটা আরও বাড়িয়ে দিল নিহাল। সাইকেলটা এবার হুমকি দিতে শুরু করল, ‘সাবধানে চালাও। আমার একটা পার্টসের যদি কিছু হয়েছে না, তবে তোমাকে আমি ছাড়ব না।’ নিহাল সাইকেলটাকে ধমক লাগানোর জন্য মুখটা নিচু করতেই একটা রিকশার সঙ্গে ধাক্কা লেগে লেগে গেল। তাল সামলােনার আগেই ছিটকে পড়লো নিহাল। রিকশাওয়ালা পাশ কাটিয়ে নিয়ে বিরক্ত মুখে বলে গেলেন, ‘চোখ মাটির দিকে দিয়া কি সাইকেল চালাওনি? বান্দর পোলাপান!’ নিহাল খানিকটা ধাতস্থ হয়ে নিজের দিকে তাকাল, হাত-পায়ের বেশ কিছু জায়গা কেটে গেছে। কাঁধের কাছে সবচেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে। তবে ভাগ্য ভালো এর চেয়ে বেশি কিছু হয়নি। এবার সাইকেলটার দিকে মনোযোগ দিল সে। একটু দূরেই পড়ে আছে ওটা। সাইকেলটা তুলে জিজ্ঞেস করল ও, ‘ঠিক আছো?’ কয়েক সেকেন্ড পেরিয়ে গেল, কোনো উত্তর এল না। আরও কয়েকবার জিজ্ঞেস করলেও সাইকেলটা আর কথা বলল না। মন খারাপ করে বাসার দিকে রওনা হলো নিহাল।
অনেক বছর পর। নিহাল বাসস্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। হঠাৎ একটা দৃশ্য দেখে থেমে গেল সে। একটা ছোট ছেলে সাইকেলের সঙ্গে কথা বলছে, ‘বেশি কথা বলে বিরক্ত েকারো না। একদম ফেলে দেব।’ নিহালের ছোটবেলার সাইকেলটার কথা মনে পড়ে গেল। সাইকেলটা এক দিনের জন্য কথা বলেছিল। সেদিন অ্যাকসিডেন্ট না করলে হয়তো সব সময় কথা বলত। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটতে শুরু করল নিহাল।