পরি ও ডাইনোসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বিকেল চারটায় স্কুল থেকে ফিরছিল আফনান। আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কারণ, আজ মা ওকে চিড়িয়াখানায় নিয়ে যাবে। যেখানে ও সবার প্রথমে ডাইনোসর দেখবে। ডাইনোসর? চিড়িয়াখানায় বুঝি ডাইনোসর থাকে? থাকে না। কিন্তু এটা আফনানকে কে বোঝাবে? বাবা-মা অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছেন। তাও সে বোঝেনি। ডাইনোসরের কথা চিন্তা করতে করতে কিসে যেন হোঁচট খেয়ে পড়ে গেল সে। ‘উফ, কী ব্যথা পেলাম।’ আফনান একটা বোতল দেখল, যাতে সে হোঁচট খেয়েছিল। বোতলের ভেতর একটা কিছু চকচক করছে। আফনান বোতলের শক্ত মুখটি অনেক কষ্টে খুলল। তাতে চারদিক হঠাৎ আলোকোজ্জ্বল হয়ে হয়ে উঠল। আলো একটু কমতেই আফনান চোখ মেলে দেখল, সাদা পোশাক পরা, পিঠে গোলাপি ডানা, বড় কালো চুল, সুন্দর চেহারার একটা পরি।
‘খোকা, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বাদশাহ হুদহুদ আমাকে এই বোতলে বন্দী করেছিল। আজ তুমি আমায় মুক্ত করলে। তোমার একটা ইচ্ছার কথা আমায় বলো। আমি পূরণ করব।’
‘ধ্যাত, তোমার জন্য আমার দেরি হয়ে গেল। আম্মু আমাকে আর চিড়িয়াখানায় নেবে না। আমি আর ডাইনোসর দেখতে পারব না। তুমি আমাকে বরং ডাইনোসরের রাজ্য ঘুরিয়ে দেখাও।’
এরপর আফনান পরির পিঠে করে সাত সমুদ্র তেরো নদী পার করে চলে গেল ডাইনোসরের রাজ্যে। লাল, নীল, গোলাপি, হলুদ নানা রঙের জামা পরা ডাইনোসর। সাধারণ ডাইনোসরেরা তাদের রাজ্যে মানুষ দেখে খুব খুশি হলো। তারা আফনানকে তাদের রাজ্য ঘুরিয়ে দেখাল। ডাইনোসরদের বড় বড় বাড়িঘর। কী সুন্দর সবুজ রাজ্য। আফনান ডাইনোসরের ছানাদের সঙ্গে রাস্তার পাশে ফুটবল খেলল। তারপর ও ডাইনোসরদের বাসায় গিয়ে মজার মজার খাবার খেলো।
কিন্তু এমন সময় ডাইনোসরদের রাজা বলল, ‘ডাইনোসরের রাজ্যে মানুষ! এ তো ভারী অন্যায়। যাও, তাকে ধরে নিয়ে এসো।’ লোভী সেনাপতি পুরস্কারের আশায় আফনানকে ধরতে বের হলো। সে আফনানকে কাঁধে তুলে রাজ্যে নিয়ে এল। রাজা দেখল—এ তো একটা ছোট্ট শিশু। সেনাপতিকে বলল ওকে মুক্ত করে দিতে। কিন্তু বড় পুরস্কার হাতছাড়া হওয়ায় আর হিংসায় সেনাপতি রাজাকে আক্রমণ করতে গেল। আফনান তক্ষুনি তার ব্যাগ থেকে একটা কাঁটাকম্পাস বের করে হাতে নিয়ে লাফ দিয়ে ডাইনোসরের লেজে চড়ে বসল। দিল কম্পাস দিয়ে জোরে এক খোঁচা। ব্যথায় ডাইনোসরটি অজ্ঞান হয়ে গেল। তাকে বন্দী করা হলো।
আফনান তার সাহসের অনেক প্রশংসা শুনল। এরপর পরি তাকে নিজ দেশে ফিরিয়ে দিল।
বাসায় ফিরে আফনান মায়ের বকুনি খেল। কিন্তু ডাইনোসরের রাজ্যের কথা মনে করে ওর মন খারাপ হলো না।
অষ্টম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ