
পৃথিবীটার মেজাজ খারাপ চোরের অত্যাচারে
চুরির হারটা অন্ধকারেই সবচে’ বেশি বাড়ে।
চোর ঠেকাতে তাই পৃথিবী করবেটা কী আর!
দুই শিফটে নিয়োগ দিল দুই পাহারাদার।
দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় চাঁদ
মিটবে এবার পাজি চোরের চুরি করার সাধ!
অন্ধকারে চাঁদ, সূর্য জ্বালবে অনেক আলো
চাকরি ভালো, চাঁদ-সূর্যের বেতনটাও ভালো।
ভালোই গেল কয়েকটা দিন, সময় হলো পার
সত্যিকারের অবস্থাটা হলো আবিষ্কার।
সূর্য ঠিকই পালন করে তার যেটুকু কাজ
চাঁদটা অলস, কাজের বেলায় মস্ত ফাঁকিবাজ।
ডিউটি শেষে সূর্য বিদায়, চাকরিটাতে সুখী
ইচ্ছা হলো, চাঁদ হয়তো একটু দিল উঁকি।
চাঁদ যে এমন ঘুমকাতুরে যায়নি বোঝা আগে
ইচ্ছামতন ঘুমুতে যায় ইচ্ছামতন জাগে।
সবই চাঁদের মর্জিমাফিক, ঘুমটুম সব ফেলে
মাঝে মাঝে পাহারা দেয় পূর্ণ আলো জ্বেলে।
কখনো বা এসেই শুরু ‘যাচ্ছি’ ‘গেলাম চলে’
চোর ঠেকানো সোজা কথা? চলবে এমন হলে!
চাঁদ চলে যায় আগে আগে, ডিউটি শুরু লেটে
লাভ হয়নি ধমক দিয়ে, বেতন টেতন কেটে।
চাঁদের স্বভাব বুঝতে পারায় নেই তো চোরের জুড়ি
অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ল আবার চুরি।
অবস্থা কী?—অলস চাঁদের চাকরিটা যায় যায়
পৃথিবীটা লোক খুঁজছে, কাউকে যদি পায়...
তোমরা যারা নওতো অলস, চাকরিটা চাও ভাই
বিজ্ঞাপনে নজর রেখো ‘পাহারাদার চাই’।