
হরিনারায়ণপুর স্কুলের পিটি স্যার কেদারনাথ ব্যানার্জি। সবকিছুতেই তাঁর একটা বাড়াবাড়ি এনার্জি। কিছুদিন ধরে তিনি রহস্য আর ডিটেকটিভ পড়তে শুরু করেছেন। এই ডিটেকটিভে ডুব দেওয়ার পরপরই বাবা-মায়ের দেওয়া নামটা বুড়ো বয়সে এসে বদলে ফেলেছেন। বাড়ির সামনে নতুন নেমপ্লেট ঝুলিয়েছেন। যাতে লেখা—ডিটেকটিভ বোমকেশ বকশি আশ্রম। নেমপ্লেটটার পাশ দিয়ে যাওয়ার পথে যার চোখেই পড়ে লেখাটায় সেই মুখ ভেংচিয়ে চলে যায়। এই নিয়ে তো কম হয়নি। আজ এই নাম তো কাল ওই নাম। রাজ্যের নাম দিয়েছেন বাড়িটার। নেমপ্লেটে যেই নামই থাকুক পাড়ার লোকের কাছে তার বাড়িটা ‘ছিট স্যার’-এর বাড়ি নামেই পরিচিত। স্যারের পাগলামির জন্য পাড়ার দস্যিগুলো এই নাম ছড়িয়েছে। কিছুদিন আগে দূরের গ্রাম থেকে হরিনারায়ণপুর স্টেশনে দুটা লোক আসে। তারা ফুঁদিয়া খা টি-স্টলে চা খেতে খেতে বলে, ‘আচ্ছা ভাই, কেদারনাথ বাবুর বাড়িটা কোন দিকে?’
তাদের কথা মুখ থেকে পড়ার আগেই ফুঁদিয়া খা টি-স্টলের টেবিল মুছতে মুছতে ঝন্টু বলে, ‘ও! ছিট স্যারের বাড়ি? অই তো অই দিকে।’ এই বলে সে দোকান থেকে বেরিয়ে হাতের আঙুল তুলে দেখিয়ে দেয় বাড়িটা।
বাড়ি নিয়ে গ্রামের মানুষের এমন বাড়াবাড়িতে মাথা ঘামায় না ডিটেকটিভ বোমকেশ মানে আমাদের কেদারনাথ স্যারও। তবে সেদিন মর্নিংওয়াকে বেরিয়ে পাড়ার ইংলিশ পাগলার আচরণ দেখে খেপে যান বোমকেশ। হরিনারায়ণপুর রেলস্টেশনে থাকে এই ইংরেজি পাগলা। কথায় কথায় ইংরেজি বলে। মেধাবী ছাত্র ছিল। পিটি স্যারের ক্লাসমেট। ফার্স্টবয় ছিল ক্লাসে। শুধু তা-ই নয়, এসএসসিতে বোর্ডে ফার্স্টও হয়েছিল। আর একই ক্লাসে পড়ুয়া পিটি স্যার ছিল হাবলা টাইপের। ব্যাকবেঞ্চার। সব সময় পেছনের বেঞ্চে বসে নাক ডেকে ঘুমাত। পড়ার কথা জিজ্ঞেস করলেই শুরু হয়ে যেত রাজ্যের বায়না। তো ইংরেজি পাগলা নেমপ্লেটটা দেখেই মাথা চুলকিয়ে সার্কাসের ক্লাউনের মতো লাফঝাফ শুরু করে। তারপর একটু স্থির হয়ে বলে, ‘হাউ ইজ ইট পসিবল? আই ডোন্ট লাইক ইট। এনাফ কেডার নাথ, এনাফ।’ এই বলে সে ওয়াক থু করে নেমপ্লেটটা থুতু দিয়ে ঢেকে দিল। কেদারনাথ ব্যানার্জি এবার নতুন এনার্জি খুঁজে পেলেন নিজের ভেতর। ‘অ্যাই ধর...’ বলে তাড়া শুরু করলেন ইংরেজি পাগলাকে। পাগলা এক দৌড়ে গিয়ে ঝুপ করে পড়লো রেলওয়ের পুকুরে। আর কে পায় তার নাগাল। পড়েই ডুবের পর ডুব। কেদারনাথ একে একে সাতাত্তর ডুব পর্যন্ত গুনে বাড়ির পথ ধরেন। হাঁটতে হাঁটতে বুঝতে পারেন, তাঁর পুরোনো রোগটা মাথাচাড়া দিয়ে উঠছে। গ্রীষ্ম এলেই এই রোগটায় ভোগেন কেদারনাথ স্যার। নাকে তিনি পাকা আমের গন্ধ পাচ্ছেন। আশপাশে ভালো করে তাকান। তারপর একটু ওপরের দিকে তাকাতেই মাথা থেকে ক্যাপটা পড়ে যায়। ও তোমাদের তো বলাই হয়নি। কেদারনাথ মর্নিংওয়াকে বেরুনোর সময় ক্যাপ লাগিয়ে বের হন। রাত-দুপুর নেই তাঁর ক্যাপ পরার। সব সময় পরেন। মাঝেমধ্যে ভুলে ক্যাপ মাথায় ঘুমিয়েও যান। তো ক্যাপটা মাটি থেকে টেনে হাতে নিয়ে ফের পাড়ার সবচেয়ে বড় আমগাছটায় তাকান। দেখেন, পাতার আড়ালে একটা আম খুঁটিয়ে খাচ্ছে তিন ডোরা একটা কাঠবেড়ালি। পাকা ফলের গন্ধ নাকে এলে কেদারনাথ জিহ্বাটাকে শাসন করতে পারেন না। ফল পাকা শুরু থেকে মৌসুম শেষ হওয়া অবধি নিস্তার নেই। রাস্তা দিয়ে হাঁটার সময় আশপাশের বাড়ি থেকে তাঁর নাকে গন্ধ ভেসে আসবেই। একটু দাঁড়িয়েই তিনি বলে দিতে পারেন, কোন বাড়িতে কোন ফলটা পাকা ধরেছে। এই সময়টায় টিফিনের জন্য স্কুলে অনেক ছাত্রছাত্রীই আম-জাম, লিচু-পেয়ারা নিয়ে আসে। কেদারনাথ স্যার স্কুল মাঠে পা রেখেই নাকে গন্ধ পেয়ে যান। সবাইকে পিটির নাম করে মাঠে লাইনে দাঁড় করিয়ে একজনকে সামনে ডেকে এনে লেফট-রাইট করাতে থাকেন। আর তিনি চুপিচুপি ফলওয়ালা ব্যাগে হামলে পড়েন।
এভাবে রুটিন করে ফলভোজন চলে পিটি স্যারের। ছাত্ররা আগে তেমন বুঝতে না পারলেও এখন অনেকেই তাঁকে সন্দেহের চোখে দেখছে। দুএকজন ডিটেকটিভও জুটে গেছে। স্যার সেটা আঁচ করতে পেরে পিটিতে আরও কড়াকড়ি দেওয়া শুরু করেছেন। এর ভেতরই প্রধান শিক্ষক আম-কাঁঠালের ছুটি দিয়ে দিলেন। এইরে, পিটি স্যার এখন কী করবেন?