পেতনির নাম খেঁতনি

আমাদের নতুন বাসায় আসার পর থেকে মনে হচ্ছে, কে যেন আমাকে দেখছে! কানের কাছে ফিসফিস করছে। বাসাটা পুরোনো সরকারি কোয়ার্টারে। আশপাশে কয়েক গজের মধ্যে কেবল আমাদের বাসাটা ছাড়া আর কোনো বাসা নেই। বাসায় মানুষ মাত্র তিনজন। আমি, মা আর বাবা। অথচ সব সময় আমি চতুর্থ কারও উপস্থিতি টের পাই। ব্যাপারটা বাসায় বললেও কেউ গায়েই মাখে না। এভাবে থাকতে থাকতে আমিও একদিন ভাবতে শুরু করলাম, আমি যেটা ভাবি সেটাই ভুল।
একদিন রাতে... হঠাৎই জানালায় খুট খুট শব্দ শুরু হলো। তারপর ঠাস করে খুলে গেল জানালা। দেখি একগাদা ধোঁয়া গ্রিলের ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। দেখতে দেখতে ধোঁয়াটা কুণ্ডলী পাকিয়ে আমার শিয়রের কাছে এসে একটা মহিলার আকার ধারণ করল। অবশ্য তার নিচের দিকটা ছিল একেবারে ধোঁয়াশা। মনে হচ্ছিল, দেহটা হাওয়ায় ভাসছে। আমার আত্মা ততক্ষণে শুকিয়ে ড্রাইকেক! পেতনিটা সরাসরি আমার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করল।
‘জঁনাব, আঁমি খেঁতনি বেঁগম পেঁতনি। এঁতরাঁতে আঁপনাঁকে কঁষ্ট দেঁয়ার জঁন্য দুঃখিঁত।’
আমি ভয় পাচ্ছি দেখে ও বলল, ‘ভঁয় পাঁবেন নাঁ। আঁমি ভঁদ্র ভূঁত পেঁতনি সঁমিতিঁর এঁকজঁন সঁদস্য। আঁমি কাঁরও কোঁনো ক্ষঁতি কঁরি নাঁ। এঁকটি বিঁশেষ প্রঁয়োজঁনে এঁসেছি। আঁমাদের ভঁদ্র ভূঁত পেঁতনি সঁমিতির আঁয়োজনে এঁকটা ফ্যাঁশন শোঁ হঁচ্ছে। আঁমার বঁড় সাঁধ, আঁমি এঁতে আঁপনাঁর মাঁর মঁতো এঁকটু সাঁজুগুজু কঁরে অংশ নেঁব। দঁয়া করে যঁদি আঁপনার মাঁর কিঁছু সাঁজার জিনিস দিঁতেন, তঁবে এই অঁধম পেঁতনি চিঁর কৃঁতার্থ হঁতো।’
আমি একটু সাহস করে বললাম, ‘তাহলে তুমি মার কাছে গিয়ে চাইছ না কেন?’
পেতনিটা একটু বিমর্ষ হয়ে বলল, ‘জঁনাব, বঁড় মাঁনুষেরা খুঁবই ঝাঁমেলা পাঁকায়। তাঁই আঁমরা পাঁরতপক্ষে তাঁদের দেঁখা দিঁই নাঁ।’
‘ঠিক আছে। তুমি দাঁড়াও। আমি মার ঘর থেকে এনে দিচ্ছি।’ মার ঘরের দরজা রাতে ভেড়ানো থাকে। আমি নিঃশব্দে দরজাটা খুলে ড্রেসিং টেবিলের ওপর যা যা পেলাম, সব ওই পেতনির হাতে দিলাম। ও খুশি হয়ে বলল, ‘ধঁন্যবাদ জঁনাব। আঁপনার এঁই উপঁকার অঁধম পেঁতনি সাঁরা জীবন মঁনে রাঁখবে। দঁয়া কঁরে এই উঁপহার গ্রঁহণ কঁরুন।’
বলে পেতনিটা একটা ধনুকের মতো বাঁকা শেওড়াগাছের ডাল এগিয়ে দিল। মনটা একটু খারাপ হলো। ভেবেছিলাম হীরা, মানিক, মুক্তা কিছু পাব, তা না। চোখের পলকে পেতনিটা হাওয়া হয়ে গেল।
সকালে উঠে ভাবলাম, হয়তো রাতে স্বপ্ন দেখেছি। পরক্ষণেই দেখি পায়ের কাছে সেই ডালটা। মাকে কথাটা বলতেই বিশ্বাসই করল না। উল্টো মেকআপ কিটটা হারানোর শোকে আমাকে যা একটা শাস্তি দিল, সে কথা আর নাই-বা বললাম। আর বাবা, তাঁর কথা বাদই দাও। তিনি তো হেসেই খুন। বললেন, ‘সব তোমার মনের কল্পনা।’
বড় মানুষগুলো সত্যিই ঝামেলাবাজ। আচ্ছা তোমরাই বলো, সব যদি আমার কল্পনাই হয়, তাহলে শেওড়াগাছের ডালটা এল কোথা থেকে!
দশম শ্রেণি, মুমিনুন্নিসা সরকারি মহিলা স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ