প্রজাপতি-বালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

দুপাশজোড়া হলুদ সরষেখেত, মাঝখান দিয়ে সরু আলপথ। ওই পথ ধরে নদীর দিকে বেড়াতে চলেছে অভি আর অনিক। সরষে ফুলের মিষ্টি-ঝাঁজালো গন্ধে দুজনেরই মন-প্রাণ ভরে যাচ্ছে।
অনিক আগে বাস-ট্রেনে বসে সরষেখেত দেখলেও এই প্রথম সে জানল কী মিষ্টি বুকভরা গন্ধ আছে এই ফুলে। শীতের বিকেলে সে বন-পাহাড়ে বেড়ায় বটে, সরষের চাষ খাগড়াছড়িতে নেই। অভির জন্ম ওখানেই। বাবা কাঠ ব্যবসায়ী। দাদাও তা-ই ছিলেন। ব্রিটিশ আমল থেকেই কাঠ ব্যবসায়ী পরিবার। সুন্দর বাড়ি আছে খাগড়াছড়ি শহরে। চাচারাও সব ওখানে। আট বছর আগে একবার বেড়াতে এসেছিল বাগেরহাটের এই নানাবাড়িতে। তারপর এই আসা। বয়স এখন এগারো বছর।
অভি হলো আপন মামাতো ভাই। সমবয়সী। খাতিরটা তাই জমেছে দারুণ। এদিকের গ্রামগুলো খুব সুন্দর। অভির সঙ্গে মাঠ-বাগানে ঘুরতে অনিকের দারুণ লাগছে।
আজ বিকেলে চলেছে ছোট নদীটার দিকে। নদীর নাম ময়ূর নদী। অনিক দেখবে। ডিঙিতে চড়ে ঘুরে বেড়াবে। পাহাড়ি নদীতে তো ডিঙিতে চড়ে সুখ নেই।
সামনের দিক থেকে ছাগলের পাল নিয়ে এক বালিকা আসছে। অভি বলল, ‘অনিক, ওই মেয়েটার নাম পরি। আমাদের গ্রামেই বাড়ি। ও প্রজাপতিদের ডেকে আনতে পারে মন্ত্রবলে, প্রজাপতিরা উড়ে এসে ওর শরীর-মাথা ঢেকে ফেলে। ও প্রতি হাটবারে ফকিরহাটে গিয়ে প্রজাপতি-বালিকা সাজে। অনেকেই দু-দশ টাকা দেয় মুগ্ধ হয়ে।’
অনিক দাঁড়িয়ে পড়ে। বলে, ‘বলিস কী! মন্ত্র পড়ে ডেকে আনে প্রজাপতি!’
‘তবে আর বলছি কী! একটা-দুটো নাকি! শত শত রং-বেরঙের প্রজাপতি। ওকে একেবারে ছেয়ে ফেলে।’
অনিকের মাথায় চট করে এসে যায় আমিন কাকুর কথা। বছরে ছয়বার উনি খাগড়াছড়িতে যান প্রজাপতির সন্ধানে। ছবি তোলেন। অনিকের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়ে গেছে। অনিককে নিয়েও বন-পাহাড়ে ঘোরেন। অনিককেও পেয়ে বসেছে প্রজাপতির নেশা।
মেয়েটি এসে পড়েছে। হাতে দু-আঁটি সরষে শাক। অভি বলল, ‘পরিরে! এই হলো আমার ফুপাতো ভাই। তুই কী তোর প্রজাপতির খেলাটা দেখাবি ওকে!’
ছিপছিপে শরীরের শ্যামল বর্ণের মেয়েটি তাকাল অনিকের দিকে; বলল, ‘দ্যাখাপোনা কেন? তয় টাকা লাগবে ১০০।’
‘১০০ কেন, বেশি দেব।’ বলল অনিক, ‘তুমি কি প্রজাপতি খেলার মন্ত্রটা শিখিয়ে দেবে? তাহলে তোমাকে আমি দু-পাঁচ হাজার টাকা দিতেও রাজি।’
পরি মাথা দোলাল। বলল, ‘এই মন্তর কাউরে শেখানো ওস্তাদের নিষেধ আছে।’
অভি বলল, ‘ঠিক আছে। তা খেলাটা কি এখন দেখাবি?’
পরি হাসল সুন্দর করে। বলল, ‘বেলা পইড়ে আসতিছে। শীতি কাঁপতিছি। বাড়ি যাইয়ে গরুর জন্যি কুটো কাটতি হবে। কাল সকালে তোমরা এইখানে আইসো। ছাগল চরাব এহানে। তখন দেখাব।’
পরদিন সকালে হাজির অভি ও অনিক। অনিকের হাতে ক্যামেরা। পরি বসে রোদ পোহাচ্ছে। কাঁপছে শীতে। পরনে পাতলা একটা ফ্রক। মাথার চুল উষ্কখুষ্ক। দুচোখভরা যেন দুঃখ ওর।
উঠে দাঁড়াল পরি। হাসল সুন্দর করে। মাথার আলুথালু চুল ঠিকঠাক করে ছড়িয়ে ছিল পিঠের ওপরে। ফ্রকটা টানাটানি করল। পাঁচ পাক ঘুরল চোখ মুছে। ঊর্ধ্বমুখী লাফ দিল তিনটা। তারপরে সূর্যমুখো হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করল।
সময় বেশি লাগল না। চারদিক থেকে আসতে শুরু করল প্রজাপতি। বসছে পরির ঘাড়-মাথা-ফ্রকে। লাল-সাদা-হলুদ-কালো প্রজাপতিরা আসছে তো আসছেই। দেখতে না দেখতে পরির আপাদমস্তক ঢাকা পড়ল। কাকতাড়ুয়ার মতো দুহাত মেলে স্থির দাঁড়ানো সে। অনিন্দ্যসুন্দর স্বর্গীয় সৌন্দর্য যেন পরিকে ঢেকে ফেলেছে। অনিক তো যেন বোবাই হয়ে গেছে। মৌমাছি-মানবের ছবি সে দেখেছে সংবাদপত্রে। এই প্রথম দেখল প্রজাপতি-মানবীকে। অলৌকিক বর্ণিল পোশাক যেন পরেছে পরি।
মিনিট ১৫ পরে ঝরাপাতার মতো খসে পড়ল একে একে সব কটি প্রজাপতি। পরি এক লাফে ডিঙিয়ে এল প্রজাপতির স্তূপ। অনিক বলল, ‘মারা গেছে!’
পরি হেসে বলল, ‘আনন্দে ওরা হুঁশ হারাইছে। ১০ মিনিট পরে সব কটিই উইড়ে চলে যাবে।’
১০ মিনিট তিনজনে একেবারে চুপ। তারপরে সব কটি প্রজাপতি একসঙ্গে নড়ল, পাখা মেলল। বর্ণিল রঙে ওরা আকাশ ঢেকে দিয়ে উড়ে চলল চারদিকেই। অনিক পরির ঘাড়ে হাত রেখে বলল, ‘পরি! এই মন্ত্র শিখতে চাই আমি!’
পরি হেসে বলল, ‘তা তো সম্ভব না।’
অনিক বলল, ‘এখানে কত রকম প্রজাপতি এসেছিল?’
‘২১৬ রকম।’
‘কী করে সম্ভব এটা!’
পরি হাসল সুন্দর করে। সে হাসিতে রহস্যমাখা। অনিকের মাথা আর কাজ করছে না।