
ও রোদসী, ও রোদসী— মা ডেকে হন সারা,
কোথায় রোদু—এত ডেকে যায় না পাওয়া সাড়া।
এই তো ছিল দোরগোড়াতে খেলায় ব্যস্ত রোদু,
দাদির হলুদ ওড়না পরে সাজছিল সে বধূ।
মা মণিটা দোরগোড়াতে এগিয়ে গেলেন যেই
ওড়নাখানা দেখতে পেলেন, রোদুর দেখা নেই।
বুকটা ওঠে ধপাস করে এমন কাণ্ড দেখে,
ঘরের ভেতর নানা জায়গা খোঁজেন একে একে।
খোঁজেন ওকে খাটের তলায়, আলমারিটার পাশে,
খুঁজতে গিয়ে মায়ের চোখে অশ্রু নেমে আসে।
সারাটা ঘর ঘুরে ঘুরে খুঁজে দেখার পরে
মা ছুটে যান রোদুর বন্ধু সোহানাদের ঘরে।
কথা শুনে সোহার মা কন, দেখুন বারান্দাতে,
রোদু এসে কেমন হেসে খেলছে সোহার সাথে।
দুই মা গেলেন একই সাথে বারান্দাতে ছুটে,
কাণ্ড দেখে তাদের চোখে শংকা ওঠে ফুটে।
কোথায় ওরা, খুঁজতে গিয়ে যাচ্ছে না তো পাওয়া,
ছোট্ট দুটি শিশু তবে কোথায় হলো হাওয়া।
তারা ভীষণ কান্না কেঁদে ঘটান হুলস্থুল,
চাপড়ে কপাল বিলাপ করেন, ছিঁড়েন মাথার চুল।
আশপাশে লোক জমে যায়— কারও কারও মতে
হয়তো ওদের নিয়ে গেছে কাজের বুয়া ফতে।
সেই মেয়েটি চলে গেছে ঘণ্টা খানেক আগে,
কেউবা ছোটে ফতের খোঁজে, দাঁত কাটে খুব রাগে।
এমন সময় বাইরে থেকে দাদু পড়েন এসে,
সব জেনে নেন, কী জানি কী ভাবেন কেশে কেশে।
জলদি করে ওঠেন তিনি সিঁড়ি বেয়ে বেয়ে,
যা ভেবেছেন ছাদের ওপর তাই তো গেলেন পেয়ে।
দু’চোখ ভরে দেখেন তিনি, একটু খানিক দূরে
রোদু-সোহা মহাসুখে বেড়ায় ঘুরে ঘুরে।
দুই শিশুকে কোলে নিয়ে এলেন তিনি নেমে,
সবাই মাতে মহানন্দে, কান্না গেল থেমে।
দাদু বলেন, সেই যে কবে মানুষ গেল চাঁদে,
অভিযানে রোদু-সোহা গিয়েছিল ছাদে।