
ডালিয়ার পাশেই বসেছিল গোলাপ। তার কাঁটার ঘায়ে বিরক্ত চোখে তাকায় ডালিয়া। বলে, ‘একটু সরে বসো তো। দেখছ না তোমার কাঁটার ঘায়ে আমি ব্যথা পাচ্ছি।’
গোলাপ বলে, ‘কোথায় সরব? পড়ে যাব তো।’
শুধু গাঁদা, গোলাপ আর ডালিয়া নয়, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, শিমুল, পলাশ—কেউ বাদ নেই। নিজেদের চিরচেনা গাছগাছালি, পাখপাখালি ছেড়ে তারা ঢাকায় যাচ্ছে। পাশের সূর্যমুখীর কাছে জানতে চায় গাঁদা, ‘ঢাকা কি অনেক দূরে?’
সূর্যমুখী বলে, ‘হ্যাঁ, অনেক দূরে। প্রতিদিন অনেক ফুলই তো যায়। তবে আজ যেন একটু বেশি।’
পাশে বসে থাকা চন্দ্রমল্লিকা বলে, ‘বেশি কেন? সেখানে গিয়ে আমরা কী করব?’
‘কেন জানি না। মানুষ ফুল ভালোবাসে। তাই হয়তো আমাদের নিয়ে যাচ্ছে।’
চন্দ্রমল্লিকার মন খারাপ হয়। শুধু চন্দ্রমল্লিকার নয়, ওদের সবারই মন খারাপ হয়। পেছনে ফেলে আসা গ্রামের দিকে তাকিয়ে মনটা হু হু করে ওঠে।
ওদের কথা শুনছিল ডালিয়া আর গোলাপ। হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল ফুল বহনকারী গাড়িটি। আর গোলাপের কাঁটার ঘায়ে সরে বসতে গিয়ে কী করে যেন পড়ে গেল ডালিয়া আর গোলাপ দুটি ফুলই।
রেগে গেল তারা। গোলাপ বলে, ‘তোর জন্য পড়ে গেলাম।’
‘আর আমার যে কাটা জায়গায় ব্যথা করছে।’
দুটি ফুলই ঝগড়া করছিল। চারদিকে বিশাল বিশাল দালান। কতশত গাড়ি। খেয়ালই করেনি, তারা বড় একটি দোকানের সামনে থেমেছে। দোকানের লোকজন তাদের তুলে নিয়ে গেল। সেখানে পরিচিত-অপরিচিত আরও কত ফুল। দোকানে লোকজন আসছে। তাদের কেউ কেউ ফুলের গায়ে হাত বুলিয়ে আদর করছে, সঙ্গে করে নিয়েও যাচ্ছে। ডালিয়া চুপিচুপি জানতে চায়, ‘লোকজন ফুলদের নিয়ে যাচ্ছে কেন?’
গোলাপ বলে, ‘বুঝতে পারছিস না। ওরা আমাদের কিনে নিয়ে যাচ্ছে।’ এমন সময় পাশে এসে দাঁড়ায় ছোট্ট একটি মেয়ে। লাল টুকটুকে জামা-পরা মেয়েটি তার পাশের লোকটিকে বলল, ‘বাবা, আমি এই ফুলগুলো নেব।’ মেয়েটিকে দেখে ডালিয়া আর গোলাপেরও খুব পছন্দ হলো। আরও কতগুলো ফুলের সঙ্গে ডালিয়া আর গোলাপও চলল তার সঙ্গে। মেয়েটি ওদের যত্ন করে রেখে দিল। ফুলগুলো ভাবল, যাক, সারা দিনের ধকলের পরে এখন একটু বিশ্রাম নেওয়া যাবে।
পরদিন ভোরে ডালিয়া আর গোলাপ তো অবাক। এত সকালে সেজেগুজে মেয়েটি নাকি প্রভাতফেরিতে যাচ্ছে। ডালিয়া জানতে চায়, ‘প্রভাতফেরি কী?’
গোলাপ বলে, ‘আমি তো আগে শুনিনি। আচ্ছা, দেখি না কী করে?’
মা-বাবার হাত ধরে মেয়েটি বেরিয়ে পড়ে। পথে অনেক মানুষ। তারা ফুল নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। মানুষের মুখেই ওরা শুনল প্রভাতফেরির কথা। মাতৃভাষার কথা। মায়ের ভাষায় কথা বলাই হলো মাতৃভাষা। গোলাপ আর ডালিয়া আরও শুনল একুশে ফেব্রুয়ারি সম্পর্কে। ১৯৫২ সালের এই দিনে এ দেশের মানুষ তাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার চেয়েছিল। কিন্তু দাবি না মেনে তাদের ওপর গুলি চালিয়েছিল শাসকগোষ্ঠী। সেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই ফুল নিয়ে যাচ্ছে শহীদ মিনারে। মেয়েটি মা-বাবার হাত ধরে ফুলগুলো অর্পণ করল শহীদ বেদিতে। ফুলগুলো খুব খুশি হলো। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের সার্থক মনে হলো।