ফটেং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

গ্রামের মানুষ বলে, তুই মানুষ না অন্য কিছু? যাকে বলে, সে হলো ফটেং। নামটা তার নিজের রাখা। এ নিয়ে ছড়াও বানিয়েছে। ‘নাম আমার ফটেং, করি টেং টেং, তেড়িবেড়ি করলে পরে মারব কষে ল্যাং।’ টেকো মাথা, খালি গা। পরনে মাঝেমধ্যে কুড়িয়ে পাওয়া হাফ প্যান্ট কিংবা কোঁচ দেওয়া লুঙ্গি। বয়স আর কতই-বা, এই দশ-বারো বড়জোর। ফটেংয়ের বাড়ি কই? কেউ জানে না। থাকে কই? কী খায়? ঘরে কেউ নাই? সারা দিন বাইরে টোঁ টোঁ করে, খিদে লাগে না? কেউ জানে না!
গত কদিন হলো ফটেংকে কেউ বলছে না, তুই মানুষ না অন্য কিছু। কারণ, গ্রামে এখন মানুষই নেই। কে বলবে? আছে শুধু ফটেং। অবশ্য জঙ্গলের ভেতর কুঁড়েঘর আর নদীর মাঝে ছইওয়ালা নৌকায় দু-একজন আছে মনে হয়। বাকিরা সব গ্রাম ছেড়ে চলে গেছে। পাকিস্তানি মিলিটারির ভয়ে। অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ওরা। যাকে সামনে পাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। গতকাল বিকেলের দিকে গ্রামের এক শ বছরের বুড়ো হরিহর মিত্রকেও মেরে ফেলল।
ফটেংয়ের ভয়ডর নেই। তার দুষ্টুমির চোটে গ্রামে এত দিন চোর-ডাকাত পর্যন্ত আসত না। একবার এক ডাকাত দলকে নাস্তানাবুদ করে দিয়েছিল ছোটখাটো হ্যাংলা গড়নের ফটেং। কেউ বলেছে, ফটেং উড়তে পারে। উড়ে উড়ে ডাকাতদের মাথায় তবলা বাজাতে পারে ও। আর সেটা দেখে নাকি ডাকাত দল ভয়েই আধমরা।
‘কিরে ফটেং, তুই পালাবি না? মেলিটারি দেখলে তো এবার তোর ঠ্যাং ভাইঙে দিবে।’ কথাটা যে বলল, সেই কুলসুম বুড়িও যায়নি। তার ধারণা, তাকে কেউ দেখবে না। আসলে বুড়ি নিজে চোখে দেখে কম। তাই মনে করে তাকেও বুঝি কেউ দেখছে না।
‘নাগো দাদি। আমি পলামু না। নাম আমার ফটেং। ভাইঙ্গা দিমু পাক মেলিটারির ঠ্যাং।’
‘হিহিহি। ভালো কবিতা বানাইছিস তো বাছা। তা কী দিয়া ঠ্যাং ভাঙবি? ওরা তো হুনলাম ফুলতলা হাইস্কুলে ক্যাম্প করসে। বেবাকরে ধইরা ফুলেশ্বরীত কাইট্টা ভাসাইয়া দিতেসে। তরে তো এক টিপে মাইরা ফেলবোরে ফটেং।’
ফটেং খেক খেক করে হেসে উঠল। বুড়ির কথার পাত্তাই দিল না।
‘আমি যাই। আইজ রাইতে মিশন। সব পাকি সৈন্যগো ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরাই দিবাম।’
‘তুই মানুষ না অন্য কিছুরে ফটেং।’
‘আমি কইতে পারি না। আমি ফটেং।’
দারুণ সাহসী ফটেং গেল শ্মশানঘাটে। সেখানে একটু খুঁজতেই কিছু খুলি আর হাড়গোড় পেল। কিন্তু এসব দিয়ে কী হবে? ফটেংয়ের আছে এক অদ্ভুত ক্ষমতা। কেউ যখন খুব ভয় পেয়ে যায়, তখন ফটেংয়ের জন্য ওই লোকের ওজন হয়ে যায় শূন্য। মানে কেউ ভয় পেলে তাকে তুলোর মতো তুলে নিতে পারে ফটেং।
বস্তা বোঝাই করে হাড়গোড় ভরল। এরপর গুটি গুটি পায়ে এগিয়ে চলল স্কুলের দিকে।
রাত বারোটা। শিয়ালের ডাক আর ক্যাম্প থেকে আসা চিত্কার ছাড়া আর কোনো শব্দ নাই। গাছের মগডালে চড়ে আগেই বুঝে নিয়েছে পাকিস্তানি মিলিটারির অবস্থান। স্কুলের অফিস রুমে ওদের কয়েকজন থাকে। ক্লাসরুমগুলোতে আছে বাকিরা। বন্দীদের কাউকে আটকে রেখেছে ভেতরে, কেউ মাঠের মধ্যে হাত-পা বাঁধা পড়ে আছে।
দুটো পাকিস্তানি সেনা হাই তুলতে তুলতে পাহারা দিচ্ছে স্কুলের আঙিনা। আকাশে আধেক চাঁদ। তাতে ওই শয়তানগুলোর মাথার হেলমেট চকচক করতে দেখল ফটেং। এরপর শুরু হলো খেলা। খানিকটা উড়ে গিয়ে স্কুলের ঠিক মাঝের একটা বড় খুঁটির আগায় গিয়ে বসল। ফটেংয়ের ওড়ার ধরন অনেকটা গ্যাস বেলুনের মতো। ওড়ার আগে বড় করে শ্বাস নেয়। খুঁটির গোড়ায় দেখল এক মুক্তিযোদ্ধার হাত পিছমোড়া করে বাঁধা। মুক্তিযোদ্ধাকে চেনে ফটেং। ফটেংকে দেখে বন্দীর মুখে হাসি। তাকে ইশারায় চুপ থাকতে বলল ফটেং।
খুঁটির ওপর থেকে প্রথম সৈন্যটার হেলমেট সই করে একটা মানুষের খুলি ছুড়ে মারল ফটেং। ব্যাটা ব্যথা তো পেলই, তার চেয়ে বেশি পেল ভয়। খুলি দেখে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। এরপর একগাদা হাড়গোড় ছুড়ে মারল দ্বিতীয় সৈন্যটার সামনে। দুজনই ওপরে তাকাল। খুঁটির সঙ্গে একেবারে লম্বা হয়ে আঠার মতো মিশে গেল ফটেং। কাউকে না দেখে দুই পাকিস্তানি সেনার বুক দুরুদুরু। তাদের একজন উর্দুতে যা বলল, তার মানে দাঁড়ায়—আকাশ থেকে কঙ্কাল বৃষ্টি হচ্ছে। প্রেতাত্মারা আমাদের খেয়ে ফেলবে রে! মনে হয় এসব বাঙালিদের হাড়গোড়, যাদের আমরা মেরেছি।
তার মানে অনেক ভয় পেয়েছে ওরা। দেরি করল না ফটেং। সাঁই করে উড়ে এসে দুজনের ঘাড় চেপে ধরে লম্বা করে শ্বাস নিল। উড়ে গেল অনেকখানি। স্কুলের পেছনের বাঁশঝাড়ের একেবারে সবচেয়ে উঁচু বাঁশটার আগায় বসিয়ে দিল দুই পাকিস্তানি সেনাকে। ওরা এতটাই ভয় পেয়েছে যে চিত্কার করতেও ভুলে গেছে। রাইফেল দুটো কেড়ে নিতে হলো না। ইশারা করতেই দুজনে হাত বাড়িয়ে দিয়ে দিল ফটেংকে। সেগুলো নিয়ে নিচে নেমে এল ফটেং। খুঁটির সঙ্গে বাঁধা মুক্তিযোদ্ধার হাত খুলে দিয়ে তার হাতে ধরিয়ে দিল একটা রাইফেল। ফটেংয়ের আর চিন্তা নেই। তার কাজ শেষ। ঘরের ভেতরে থাকা বাদবাকি শয়তানগুলোর জন্য অস্ত্র হাতে একজন মুক্তিযোদ্ধাই যথেষ্ট। আরেকটা রাইফেল বগলদাবা করে ফটেং ছুট লাগাল জঙ্গলের দিকে। এটা যেন তার নতুন খেলনা। পেছনে গুলির শব্দ। রাইফেলের ঠা ঠা শব্দের সঙ্গে তাল মিলিয়ে ফটেং গেয়ে উঠল, ঠা ঠা ঠা গুলি খা খা খা, হায়েনার ছা এবার ধা ধা ধা, নইলে দেব আরেক ঘা।