ফাঁকি

কুকুরটার মুখে একটা বল, অনেকটা টেনিস বলের মতো। রংটা বড় অদ্ভুত। কটকটে বেগুনি। কোচিংয়ে যাওয়ার পথে বিলু দেখল, কুকুরটা অদ্ভুত রঙের বলটা নিয়ে লোফালুফি করছে। কিছুদূর এগোতেই সে শুনল, ওই কুকুর অনেকটা মানুষের মতো আউ করে উঠল। পেছন ফিরে বিলু দেখে কুকুরটা প্রাণপণে দৌড়াচ্ছে, পেছন পেছন বলটাও। ওমা! কুকুরটা তার দিকেই এগিয়ে আসছে। এবার বিলু নিজেই দৌড়াতে শুরু করল। দিগ্বিদিক জ্ঞান হারিয়ে সে ছুটতে লাগল। তার পেছনে কুকুর আর কুকুরের পেছনে বল। হঠাৎ করে বলটা থেমে গেল, সঙ্গে কুকুরটাও। বিলুও দাঁড়িয়ে পড়ল।
দৌড়াতে দৌড়াতে ওরা স্কুলের মাঠে পৌঁছে গেছে। স্কুল আজ বন্ধ। তাই কেউ নেই এখানে। চারদিকে নীরব, একা একা বিলুর ভয় করতে লাগল। শুনতে পেল, পেছন থেকে কে যেন বলে উঠল, ‘দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি মনে হয় ভয় পেয়ে গেছ।’
বিলু পেছন ফিরে দেখতে ইচ্ছে হলো কে কথা বলছে। কিন্তু তার আবার ভয়ও করতে লাগল। অতি কষ্টে পেছনে ফিরে যা দেখল, তাতে ভয় পাওয়ার চেয়ে অবাক হলো বেশি।
কুকুরটা মানুষের গলায় বলছে, ‘ভয় পেয়ো না। আমি তোমাকে কিছু করব না। প্লিজ, কাউকে আমার কথা বোলো না।’
বিলু জিজ্ঞেস করল, ‘তুমি কে?’
‘আমি টিং। থাকি “সিরিম” নামক একটা গ্রহে। দেখতে তোমাদের গ্রহের কুকুরের মতো হলেও আমাদের মস্তিষ্ক কিন্তু অনেক উচ্চ শ্রেণির।’
‘তুমি তাহলে পৃথিবীতে কী করছ? আমাকে এভাবে তাড়া করলে কেন? ওই বিদঘুটে বলটা নিয়ে তুমি কী করছিলে?’
‘ওরে বাবা! এত্ত প্রশ্ন? বলছি। আমি এখানে এসেছি নিষ্ঠুর পড়ালেখার হাত থেকে বাঁচতে। মা অনেকগুলো অঙ্ক করতে দিয়েছিল তো। আসলে সমস্যাটা হয়েছিল, আমার পেছনের যে বলটা দেখছ, এটা আসলে বল না। আমরা এটাকে বলি “টাংরু”। যেটাকে তোমরা স্পেসশিপ বা মহাকাশযান বলো। আমার টাংরুটা মা রেখে দিয়েছে। আমি তাই আমার বন্ধুরটা নিয়ে এসেছি। কিন্তু এটা চালানো সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই তো, তাই এটার এনার্জি যে কখন শেষ হয়ে গিয়েছিল আমি বুঝতেই পারিনি। তোমাদের পৃথিবীর ওপর দিয়ে যাওয়ার সময় এটা একদম এনার্জিশূন্য হয়ে ছোট হয়ে পড়ে গেল আর সঙ্গে আমিও। ওহ্, বলতেই তো ভুলে গেছি। এনার্জি শেষ হয়ে গেলে এটা একদম ছোট হয়ে টেনিস বলের মতো হয়ে যায়। এখন দেখো, কত্ত বড় হয়ে গেছে!’
বিলু তাকাল। সত্যিই বলটা বেশ বড়, প্রায় তার কাঁধ সমান হয়ে গেছে। বিলু আবার প্রশ্ন করল, ‘তুমি দৌড়াচ্ছিলে কেন?’
টিং বলল, ‘এই যে দেখো বলটার গায়ে সবুজ একটা বোতাম রয়েছে। এটা চাপ দিলে এর সামনে যে থাকে, তার পেছনে দৌড়াতে শুরু করে। এভাবে এনার্জি উৎপাদিত হয়। এনার্জি ফুল হয়ে গেলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসে।’
বিলু, ‘ওহ্, তাই! আমি বড্ড ভয় পেয়েছিলাম।’
‘আবার বলছি আমি দুঃখিত। ঠিক আছে বিলু। আমি তবে আসি। কথাটা মনে রেখো, কাউকে প্লিজ আমার কথা বোলো না। আমি গেলাম। মা নাহলে এক্ষুনি এসে পড়বে। আমাদের সিরিমে তোমার নিমন্ত্রণ রইল। বিদায়। ভালো থেকো, বন্ধু।’
এই বলে টিং ওই বলের মতো বেগুনি যন্ত্রটার ভেতরে ঢুকে একদম হাওয়ায় মিলিয়ে গেল। টিং চলে যাওয়ার পর বিলুর এটা ভাবতেই খুব হাসি পেল, পড়ালেখাকে তাহলে এলিয়েনরাও ভয় পায়! হা হা হা!
টিং যেমন পালিয়ে এসেছিল পড়ালেখা থেকে বাঁচতে, বিলুও এখন পালাবে কোচিং ফাঁকি দিয়ে দাশুদের বরই চুরি করতে। সে দাশুদের বাগানের দিকে পা বাড়ল।
ষষ্ঠ শ্রেণি, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম