
স্কুলঘরের জানালা দিয়ে দূরের ঘন-কালো মেঘ দেখে চমকে উঠল রবির বুকের ভেতরটা—উঠে দাঁড়িয়েই সে বলল, ‘স্যার! আমার ছুটি লাগবে।’
সিরাজ স্যার রবির দিকে তাকিয়ে বললেন, ‘কেন রে!’
‘স্যার! ঠাডা পড়বে আজও, চরে আমাগের এক কুড়ি মোষ! তাড়াতাড়ি আনতি হবে বাড়ি।’ বলল রবি একদমে। ‘স্যার! সাত দিন আগেই ওই চরে খোকা মোল্লার মোষ মরিছে তিনডে। ঠাডা পইড়ে একেবারে কয়লা হইয়ে গেইল।’
স্যারও জানালায় দূরের আকাশ দেখলেন। বললেন, ‘যা যা, তাড়াতাড়ি যা! সাবধানে যাস! যে রকম বজ্রপাত হচ্ছে এ বছর! সারা দেশে মানুষ মরেছে এক শর বেশি!’
রবি অভির কাছে বই-খাতা রেখে প্রায় দৌড়ে বেরোল ক্লাসরুম থেকে। দৌড়াতে দৌড়াতেই চরের মাথার আকাশের ঘন-কালো মেঘ দেখে বুঝে ফেলল, বজ্রপাত হবেই হবে। একটি মোষ মরলে লাখ টাকার ক্ষতি—ওই মোষগুলোই যে তাদের একমাত্র সম্বল। হাটবার আজ। বাবা গেছেন হাটে পাট বেচতে, না হলে বাবাই যেতেন ওই চরে।
রবি দৌড়ে এল নদীটার পাড়ে, নদীতে তার কোমর-বুক পানি, সাঁতরে পাড়ি দিয়ে উঠতে হবে ওপারের চরে। তাড়াতাড়ি সে উবু হয়ে প্যান্টের পা দুটো গোটাচ্ছে যখন, তখনই তার চোখ আটকে গেল মানুষটার দিকে। একটা তালগাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে যে, সে কি মানুষ! নাকি ভূত! ভয়ে রবি যেন জমে হিম হয়ে গেল, তবুও দাঁড়াল কোমর সোজা করে, ভূতের ভয় তার নেই, বিশ্বাসও করে না এসবে। তবে, ভূতের গল্পের কোনো ভূতের সঙ্গেই এই মানুষটার কোনো মিল নেই। অনুমান সাত ফুট লম্বা হবে। তার চুল-নাক-কান-কপাল-বাহু সবই যেন মানুষের মতো, তবে একটু যেন ভিন্ন রকম, যে রংগুলো সে দেখছে ও সবের, সে রং রবি জীবনেও দেখেনি। সে রংধনুর রং চেনে। যত রকম রঙের নাম আছে পৃথিবীতে, তার কোনোটার সঙ্গে ওই মানুষটার শরীরের কোনো অংশের রংই মেলানো যাবে না। তাহলে!
লোকটি উঠে দাঁড়াল, মিষ্টি হেসে হাতের ইশারায় রবিকে ডাকছে কাছে। ও মা! কী সুন্দর দাঁত! না, দাঁতের রংও মেলানো যাবে না পৃথিবীর কোনো রঙের সঙ্গে। মানুষের দাঁতের মতোই। কিন্তু মেলানো যাচ্ছে না ঠিক। মানুষটার হাতে ধরা তিনখানা দণ্ড—দেখতে ঠিক ক্রিকেটের স্টাম্পের মতো। স্টাম্পের গোড়ার মতোই চোখা নিচের দিকটা। না, স্টাম্পের যে রং, তা-ও রবি দেখেনি জীবনে।
রবি এগিয়ে দাঁড়াল মানুষটার সামনে, কেটে পড়ার জন্য বলল, ‘ওই চরে আমার বিশটা মোষ! আকাশে মেঘ! বজ্রপাত হবে।’
মানুষটা এবার রবির সামনে হাঁটু গেড়ে বসে বলল, ‘বজ্রপাত হবে না! ধর এই বজ্রদণ্ডখানা।’
রবি সম্মোহিতের মতো হাত বাড়িয়ে একখানা দণ্ড ধরল, মানুষটা বলল, ‘স্টাম্পের মাথার সুইচটাতে টিপ দে, তারপরে মাটিতে চেপে ধর দণ্ডটা।’
রবি তা-ই করল। ও মা! ক্রিকেটের স্টাম্পের মতোই সুড়সুড় করে আমূল গেড়ে গেল মাটিতে, তারপর মাটির তলায় উধাও। বাকি দুটি দণ্ড রবির হাতে ধরিয়ে দিয়ে বলল মানুষটা, ‘রবি! এই পোঁতা দণ্ডের পাঁচ বর্গকিলোমিটারের মধ্যে আর কোনো দিন বজ্রপাত হবে না। সব বজ্র টেনে আনবে এই দণ্ড—বজ্রপাতের শব্দও শোনা যাবে না। বাকি দুটোর একটি পুঁতে দিস পাঁচ কিমি দূরের কোথাও। একটি দেখাস সবাইকে। বুঝলিরে রবি, এর একটা দণ্ড একটা বজ্রপাতের যতটুকু বিদ্যুৎ ধরে রাখবে, তা দিয়ে এই পৃথিবী গ্রহের এক শ বছরের বিদ্যুতের চাহিদা পূরণ হবে। আমরা গবেষণা করছি। এই দণ্ড থেকে কীভাবে পৃথিবী গ্রহের গ্রিড লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা যায়! আর শোন, এই পাঁচ বর্গকিলোমিটারের ভেতর পৃথিবীর কেউ যদি যেকোনো আগ্নেয়াস্ত্র থেকে গুলি করতে চায়, ফুটবে না গুলি। এমনকি, এখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আণবিক বোমাটিও বিস্ফোরিত হবে না। অকেজো হয়ে যাবে। আশা করি আগামী বছরের ঠিক এই দিনে এই জায়গায় তোর সঙ্গে দেখা হবে আমার। এখন নির্ভয়ে যা। বজ্রপাত হবে না।’
রবি তার জীবনে এত মিষ্টি-মোলায়েম কণ্ঠস্বরও শোনেনি। পৃথিবীর কারও কণ্ঠ কী এ রকম আছে!
‘এটা কি ধাতু দিয়ে গড়া?’ প্রশ্ন করল রবি। মানুষটি হেসে বলল, ‘এই পৃথিবী গ্রহে এ রকম ধাতু নেই। যা যা, মোষগুলো আন।’
রবি দণ্ড দুটো মানুষটার কাছে রেখেই দিল দৌড়। নদী পেরোল সাঁতরে। একটি মোষের পিঠে চড়ে বাকি ১৯টি মোষ নিয়ে সে এপারে এসে দেখে মানুষটি নেই! পড়ে আছে দণ্ড দুটি। তার পাশে পড়ে আছে ভূগোলকের মতো একটি গোলক। না, গোলকটি যেমন পৃথিবীর মতো গোল নয়, তেমনি রংটাও মেলে না পৃথিবীর কোনো রঙের সঙ্গে। চরের মাথায় বিদ্যুৎ চমকাল। অতি সূক্ষ্ম অনেকগুলো আলোক রেখা এসে ঢুকে যাচ্ছে সেখানকার মাটিতে, যেখানে পোঁতা আছে একটি বজ্রদণ্ড।