
নাম বর্ণ। বয়স...। না, থাক। বয়স আন্দাজ করে নাও। আসলে সঠিক বয়সটা আমিও জানি না। বর্ণ থাকে অনেক ওপরে। ওই যে উঁচু উঁচু দালানগুলো, নিচে থেকে ঘাড় বাঁকিয়ে দেখতে হয়, ওগুলোর কোনো একটা ঘরে থাকে। মাটিতে তার পা পড়ে না বললেই চলে। গাড়িতে চড়ে স্কুলে যায়, আবার গাড়িতেই ফিরে আসে। মায়ের সঙ্গে শপিংয়ে গেলেও গাড়িতেই। মাটির দেখা সে পাবে কী করে? বাবার সঙ্গে তার দেখা হয় খুব কম। বাবা যখন বাসায় থাকেন, তখন সে স্কুলে। আবার সে যখন বাসায়, বাবা তখন বাইরে। যখন ফিরে আসেন, তখন তো সে ঘুমিয়েই পড়ে। বাবা অনেক বড় গায়ক তো। খুব ব্যস্ত থাকেন। মাঝেমধ্যে একটানা অনেক দিন বাবার সঙ্গে দেখাই হয় না। বিদেশ চলে যান। তবে যেদিন সুন্দর সুন্দর খেলনা, জামাকাপড় নিয়ে ফিরে আসেন, সেদিন খুব মজা হয়। বাবার সঙ্গে দেখা কম হলেও মায়ের চেয়ে বাবার সঙ্গেই বর্ণর ভাব বেশি। মাকে বর্ণ খানিকটা ভয় পায়। কোনো কিছু মায়ের পছন্দমতো না হলেই...না, বকা দেন না। রাগী চোখে তাকিয়ে ডাকেন, ‘বর্ণ’। বর্ণ বুঝে যায় এটা করা যাবে না।
বাবার আদর সবচেয়ে বেশি ভালো লাগে রাতে ঘুমানোর আগে (অবশ্য এ আদর বেশি পাওয়া যায় না)। বাবা তখন বর্ণকে বুকে নিয়ে মাথায়, পিঠে হাত বোলাতে বোলাতে নানা গল্প করেন। দেশের গল্প, বিদেশের গল্প। মাঝেমধ্যে নানা প্রশ্নও করেন।
এ রকম এক রাতে বাবা বর্ণর চুলে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, ‘বাবা, তুমি মাছরাঙা পাখি চেনো?’
বর্ণ জিজ্ঞেস করল, ‘কিংফিশার?’
বাবা বললেন, ‘হ্যাঁ।’
বর্ণ বলল, ‘হ্যাঁ, চিনি।’
‘কিংফিশার দেখেছ?’
‘হ্যাঁ।’
‘কোথায়?’
‘কেন, টিভিতে।’
বাবার মনটা মনে হলো একটু খারাপ হয়ে গেল। তিনি আবার জিজ্ঞেস করলেন, ‘বলো তো আমাদের জাতীয় মাছের নাম কী?’
‘ন্যাশনাল ফিশ?’
‘হ্যাঁ।’
‘হিলশা।’
‘বাংলায় বলো।’
‘ইলিশ।’
‘গুড।’
‘আচ্ছা, বলো তো, মাছ কোথায় থাকে?’
‘এটা তো খুব ইজি কোয়েশ্চেন।’
‘হ্যাঁ, সে জন্যই তো জানতে চেয়েছি। বলো।’
‘ফ্রিজে।’
উত্তর শুনে বাবার কী যেন হয়ে গেল। তিনি আচমকা শোয়া থেকে উঠে বসলেন। মাথায় হাত দিয়ে বলে উঠলেন, ‘হায়! হায়!’
হায় হায় করার কী হলো বর্ণ বুঝতে পারল না। বলল, ‘বাবা, তোমার কী হয়েছে?’
বাবা আবার শুয়ে পড়লেন। বললেন, ‘কিছু হয়নি।’ কিছুক্ষণ কী যেন ভাবলেন। তারপর বললেন, ‘চলো, কাল আমরা লং ড্রাইভে যাব।’
তা-ই হলো। খুব ভোরে গাড়িতে ওঠে বসল বর্ণ, বাবা আর মা।
গাড়ি চলছে। বাবা একের পর এক তাঁর ছোটবেলার গল্প করে যাচ্ছেন বর্ণর সঙ্গে। পুকুরে সাঁতার কাটার গল্প, সাঁতরে নদী পার হওয়ার গল্প, গাছে চড়ার গল্প, পাখির বাসা খুঁজে বেড়ানোর গল্প, আম চুরির গল্প।
আম চুরির গল্প শুনে বর্ণ বলল, ‘বাবা তুমি চুরি করতে! তুমি চোর!’
বাবা হেসে বললেন, ‘না, চুরি করতাম না। ওই না বলে নিয়ে আসতাম আর কি।’
গ্রাম, মাঠ, নদী, গাছপালা পেছনে ফেলে দুপুরের আগে আগে তারা একটা সুন্দর ছিমছাম বিশাল বাড়িতে গিয়ে পৌঁছাল। বাড়িটার সবকিছু সাজানো-গোছানো। বাড়ির সামনের পুকুরটা সবচেয়ে সুন্দর। বাড়ির কয়েকজন লোক খুব ব্যস্ত। বাবা যখন যা বলছেন, মুহূর্তেই তারা তা করে ফেলছে। বর্ণ আর মাকে নিয়ে বাবা পুকুরঘাটে গিয়ে বসলেন।
বাবা বললেন, ‘এই পুকুরটা কার জানো?’
‘না।’
‘তোমার বাবার। এর আগে ছিল তোমার দাদার। আর এই বাড়ি, পুকুর, সবকিছু কার জানো?’
‘না।’
‘সবকিছু তোমার।’
‘কোনো দিন তো বলোনি আমার এ রকম সুন্দর একটা বাড়ি আছে!’
পুকুরে জাল ফেলা হয়েছে। বড় বড় মাছ লাফ দিয়ে পানির ওপরে উঠে পড়ে, সঙ্গে সঙ্গে বর্ণ বলে, ‘ওই যে বাবা, ওই যে! ওই যে আরেকটা!’ জাল টেনে টেনে পুকুরের পাড়ে আনা হলো। জালভর্তি ঝকঝকে মাছ খলবল করছে। বর্ণর আনন্দের সীমা নেই।
বাবা হঠাৎ বর্ণকে বললেন, ‘বর্ণ বাবা, এখন বলো তো মাছ কোথায় থাকে?’
বর্ণ হেসে বলল, ‘আর ভুল হবে না, বাবা।’