বাঘ বিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সারা দিন বিবাকে খুঁজে আমি এখন ক্লান্ত। কোথায় খুঁজব? অবশেষে, আমার ঘরে ঢুকে দেখি বিবা বিছানায় ঘুমাচ্ছে। মনে পড়ল, আমিই ঘুমাতে বলেছিলাম।
বিবা হলো আমার পোষা বিড়াল। দেখতে বাঘের মতো। গায়ের রং হলুদ, সঙ্গে কালো ডোরাকাটা দাগ। দেখে শামীম চাচ্চু নাম দিয়েছিল বিবা।
যেদিন আমি বিবাকে পেলাম, সেদিন চাচ্চু ঘরেই ছিল।
আমি বললাম, ‘দেখো চাচ্চু, আমি একটা বিড়াল পেয়েছি। মিতালিদের বাগানে। দেখে অনেক ভয় পেয়েছিলাম, একদম বাঘের মতো দেখতে।’
চাচ্চু এক নজর দেখে বলল, ‘খুব ভালো।’
চাচ্চুর এই এক আজব ব্যাপার। কখনো দুইটার বেশি শব্দ বলে না।
আমি বললাম, ‘চাচ্চু, বাঘের মতো বিড়ালরা কী খায়?’
‘দুধ।’
আমি মহা খুশি। বাঘবিড়াল আমার মতোই দুধ খায়!
মাকে গিয়ে বললাম, ‘মা, আজ আমাকে দুই গ্লাস দুধ দেবে। এক গ্লাস আমি খাব, আরেক গ্লাস খাবে আমার বাঘবিড়াল।’
মা চোখ কপালে তুলে বলল, ‘বাঘবিড়াল আবার কী?’
‘আমার নতুন পোষা প্রাণী।’
দুঃখের ব্যাপার, সন্ধ্যায় যথারীতি আমার জন্য এক গ্লাস দুধই এল। কিছু না বলে আমি সবটা দুধ বিড়ালটাকে খাইয়ে দিলাম।
রাত নয়টা। সবাই খেতে বসেছি। মা আমার মাছের কাঁটা বেছে দিচ্ছে। আর বাবাকে বলছে, ‘তোমার মেয়ে আজ একটা বাঘের বাচ্চা নিয়ে এসেছে।’
বাবা চোখ কপালে তুলে বলল, ‘বাঘের বাচ্চা!’
‘না বাবা। মা মিথ্যে বলছে। চাচ্চুকে জিজ্ঞেস করো।’
চাচ্চু এবারও দুটো শব্দ বলল, ‘ভাবি, বিড়াল।’
বাবা বলল, ‘তা তোমার বিড়ালের নাম কী?’
‘তুমি একটা নাম দাও না বাবা।’

মা চোখে আগুন জ্বালিয়ে একবার আমার দিকে একবার বাবার দিকে তাকাচ্ছে।

বাবা বলল, ‘আমি? না না, তোমার চাচ্চুকে বলো।’

‘চাচ্চু বাঘবিড়ালের একটা নাম দাও না।’

চাচ্চু বলল, ‘নাম বাবি।’

কিন্তু শোনা গেল ‘ভাবি।’ মা রেগে বললেন, ‘ছি ছি শামীম। তুমি আমাকে বিড়ালের সঙ্গে তুলনা করছ?’

‘স্যরি। বিবা।’

বিবা নামটা তখনো আমি বুঝিনি। বাবা বুঝিয়ে বললেন, ‘বিড়ালের বি আর বাঘের বা মিলে বিবা।’

আমি আনন্দে আত্মহারা।

বিবা আমাদের সঙ্গে আছে এক বছর হলো। বাড়ির সবাই এখন ওকে আদর করে। চাচ্চু এখন দুইটার বেশি শব্দ বলে। মাঝেমধ্যে বিবাকে নিয়ে ছাদে বেড়াতে যায়। মা-ও এখন আদর করে খেতে দিতে বলে, ‘কিরে ভাবি-বিবা!’

আর আমি তো আছিই ওর সঙ্গে। ওর ঘুমন্ত মুখটা দেখেই আমার এক বছর আগের সব কথা মনে পড়ে গেল।

সপ্তম শ্রেণি, এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জ