বাঘুয়ার বন্ধু
>বাঘুয়া, খেটোভূত, টোপন, কাঠিবাবু ও গোপটু মিয়া এই পাঁচ চরিত্রকে নিয়ে গল্প আহ্বান করা হয়েছিল তোমাদের কাছে। তোমাদের লেখা গল্প নিয়েই আজকের আয়োজন

একটি বাঘ ছিল। নাম তার বাঘুয়া। বাঘুয়া নিউ বাংলা সার্কাসে খেলা দেখাত। এই ৩৫ বছরের বাঘটি মানুষদের বেশ পছন্দ করত। কিন্তু মানুষেরা বাঘুয়াকে অনেক ভয় পেত। সার্কাসে অন্য পশুগুলোকে সবাই পছন্দ করত। হাতি, ঘোড়া, বানর, এমনকি ভালুককেও পছন্দ করত। বাঘুয়া দেখত, কেমন করে সবাই ঘোড়ার পিঠে চড়ে। হাতিকে কলাপাতা খাওয়ায়, বানরকে বাদাম দেয়। কিন্তু বাঘুয়ার কাছে কেউ আসত না। কেউ আদর করত না।
সার্কাসের কেয়ারটেকার বাঘুয়াকে বললো ‘তোকে তো কোনো কাজে লাগে না। দেখি একটা জেব্রা আনলে রোজগার বাড়ে নাকি। তোকে চিড়িয়াখানায় দিলে ভালো হবে।’ এই বলে সে খাবার দিয়ে চলে গেল। বাঘুয়া ভাবল, আমি কত কিছু করতে পারি, এখন আমাকে মালের মতো চিড়িয়াখানায় বেঁচে দিলে আমি শেষ। সারা দিন কিছু না খেয়ে, কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে গেল।
পরদিন। ১১ বছরের একটা ফুটফুটে মেয়ে বাঘুয়ার সামনে এসে দাঁড়াল। মিষ্টি হেসে বলল, ‘ভয় পেয়ো না বাঘুয়া। একটা খেলা দেখাও তো।’ সে কী! ভয় না পেয়ে উল্টো তাকেই ভয় পেতে মানা করছে মেয়েটা! খুশিতে বাঘুয়া ছুটে গিয়ে তার রিংয়ের ভেতর লাফ দেয় আর বের হয়। মেয়েটি হাততালি দিল, ‘বাহ! বাহ! বাহ! বেশ তো! তুমি ভালোই খেলা দেখাতে পারো।’ বাঘুয়া একটু লজ্জা পেল। কেউ তাকে কখনো ভালো কথা বলেনি তো, তাই।
‘স্নেহা! স্নেহা!’ একটি মহিলা চেঁচিয়ে উঠল। ‘উফ! মা!’ মেয়েটি বলল। ‘আবার দেখা হবে বাঘুয়া।’ বাঘুয়া হাত পাতল। মেয়েটিও সাহস করে তার হাত এগিয়ে দিল। দুই বন্ধু একসঙ্গে হাত মেলাল। তখনই স্নেহার মা এল। ‘স্নেহা, তুমি এই বাঘের সঙ্গে কী করছ? সারা সার্কাস জুড়ে তোমাকে খুঁজছি! এসো হাতির পিঠে উঠি।’
‘আবার আসব।’ বলে স্নেহা বিদায় নিল।
২.
এক সপ্তাহ পরে ঠিকই স্নেহা সময় মতো এল। ‘বাঘুয়া!’ স্নেহা বলল। বাঘুয়া খুশিতে গর্জন করল। ‘আস্তে! সবাই ভয় পাবে।’ স্নেহা বলল।
এমন সময় পেছন থেকে দুটি লোক স্নেহাকে জাপটে ধরল। ওকে কাঁধে তুলে নিয়ে দিল ছুট।
লোকগুলোকে দেখেই বাঘুয়া বুঝেছে, ওরা ভালো না। ‘হালুম’ করে গর্জন করলো সে। ছুটল ওদের পেছনে।
হঠাৎ বাঘুয়ার সামনে একটা কালো রঙের বিড়াল এল।
‘এই, তুই কি জানিস স্নেহা কই?’
‘আমি কীভাবে জানব, মশাই। আমি তো তাকে চিনি না।’
‘মিথ্যা বললে ঘাড় মটকে দেব। সত্যি কথা বল।’
‘মামা, কালো মিয়া মিথ্যা কথা বলে না। যদি চান, আমি সাহায্য করব।’
বাঘুয়া ও কালো মিয়া ফুটপাথে হাঁটতে লাগল। গন্ধ শুঁকতে শুঁকতে পৌঁছে গেল একটা পুরোনো ঘরের সামনে। ভেতরে ওই দুষ্টু লোকগুলো হাসাহাসি করছিল আর স্নেহা একটি চেয়ারে বাঁধা ছিল। কালো মিয়া চুপি চুপি তার নখ দিয়ে স্নেহার দড়ি খুলতে লাগল। আর বাঘুয়া লোকগুলোর সামনে গিয়ে ‘হালুউউউউম!’ করে গর্জন করে উঠল।
লোকগুলো দৌড়ে শহরের বাইরে চলে গেল। স্নেহা বাঘুয়াকে জড়িয়ে ধরল। কালো মিয়াকে আদর করল। স্নেহা আর কালো মিয়া বাঘুয়ার পিঠে চড়ে আবার সার্কাসে গেল। সবাই যখন দেখল স্নেহা বাঘুয়ার পিঠে, ভয়ে সরে গেল।
‘ভয় নেই! বাঘুয়া আমার বন্ধু!’ স্নেহা বলল। সবাই হইচই করল। কেউ শুনল স্নেহার গল্প, কেউ দেখল কালো মিয়াকে, কেউ আবার বাঘুয়ার সঙ্গে ছবি তুলল! সবাই খুশি। সার্কাসের মালিক বলল, কালো মিয়াকে সার্কাসে নেবে বাঘুয়ার সহকারী হিসেবে। এখন বাঘুয়াকে কেউ ভয় পায় না। সবাই তাকে ভালোবাসে। বাঘুয়ার খেলা সবাই দেখতে চায়। সে খুব খুশি। মানুষ তার বন্ধু, বাঘুয়ার বন্ধু।
পঞ্চম শ্রেণি, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ