বানরটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটি। প্রতি শুক্রবার আব্বু আমাদের কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যান। আজ আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে। আমি, আম্মু আর আব্বু। শপিং শেষে সন্ধ্যায় বাসায় ফিরে বাসার অবস্থা দেখে আমরা অবাক। বাসার সব জিনিস কী রকম ওলটপালট হয়ে আছে। ফ্রিজ খোলা, ফ্রিজে খাবারগুলো নেই। ভাবলাম, বুঝি চোর এসেছিল। আম্মু তো আশপাশের মানুষ ডেকে অস্থির। পাশের বাসার আন্টি এলেন। ওপরতলার নানু এলেন। নিচতলার আঙ্কেল এলেন। তারপর সবার কাছ থেকে শুনে বুঝতে পারলাম যে আমাদের এলাকায় চার দিন ধরে একটা বানর অবস্থান করছে। দুই দিন আগে যে বানরটা সাইফুল আঙ্কেলদের বাড়ি থেকেও খাবার চুরি করেছিল। বানরের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়? অনেক চিন্তা করে বড়রা ঠিক করলেন যে বানরটাকে পিটিয়ে মারা হবে। তাঁদের বুদ্ধিটা আমার একদমই পছন্দ হলো না।
পরদিন স্কুল থেকে ফিরে দেখি, আম্মু রান্নাঘরে রান্না করছেন। আমি আস্তে করে আম্মুর পেছনে দাঁড়িয়ে বললাম, ‘আম্মু।’
‘কী মামণি?’
‘বানরটাকে না মারলে হয় না?’
‘কেন? মারলে কী হবে?’
‘না মানে...বানরটা কষ্ট পাবে।’
আম্মু রেগে গিয়ে বললেন, ‘আর সেদিন যে বানরটা আমাদের বাসার সব তছনছ করল...’
‘তখন নিশ্চয়ই সে ক্ষুধার্থ ছিল।’
এবার আম্মু আরও রেগে গেলেন, ‘তুমি এখান থেকে যাও। তোমার এসব নিয়ে ভাবতে হবে না।’
আমি মন খারাপ করে আমার রুমে চলে এলাম।
পরদিন আব্বু বাজার থেকে কিছু কলা নিয়ে এলেন। তারপর কলাগুলো বারান্দায় রেখে দিলেন। কারণ, বানরের প্রিয় খাবার হলো কলা।
আব্বু আর কয়েকজন আঙ্কেল ঘরের ভেতর কয়েকটা লাঠি নিয়ে লুকিয়ে থাকলেন। প্রায় ঘণ্টা খানেক পর বানরটা এল কলা নিতে। আর সঙ্গে সঙ্গেই আব্বু ও বাকি আঙ্কেলরা বানরটাকে মারতে দৌড়ে গেলেন। আমি আর আমার জায়গায় থাকতে পারলাম না। দৌড়ে গিয়ে সবার সামনে দাঁড়ালাম, আর এই সুযোগে বানরটাও পালিয়ে গেল।
সবাই আমাকে খুব বকা দিল। কিন্তু আমার কেন যেন বকা খেয়েও মন খারাপ হলো না। একটা বানরের প্রাণ তো বাঁচল...
ভিকারুননিসা নূন স্কুল, অষ্টম শ্রেণি