বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তমাল, সুমন, আকাশ, রুবাইয়াত সবার মন খারাপ। মাকে কয়ে বলে রাজি করানো গেলেও কারও বাবাই নদীর ওপারে খেলতে যেতে দিতে রাজি নন। বাবারা কেন এমন হন?
মেজাজটাই খারাপ হয়ে গেল। ‘ক্লাস এইটে পড়ি, এখনো ছোট ভাবে? কোনো মানে হয়!’ মাটিতে পা ঠুকে বলল তমাল। আমাকে বলে, ‘এখন লেখাপড়া ছাড়া কিছু ভাবা যাবে না। সামনে জেএসসি পরীক্ষা। শুধু পড়া আর পড়া। আমাদের জীবনে কোনো আনন্দই নেই।’ দুহাতে মাথাটা চেপে ক্ষোভের সঙ্গে বলল সে।
অন্যরা সবাই গালে হাত দিয়ে উদাস হয়ে বসে রইল। প্রায় এক সপ্তাহ ধরে সবাই মিলে ঠিক করেছে নদীর ওপারে বসুন্ধরার খোলা জায়গায় ক্রিকেট খেলতে যাবে। অথচ কারও বাবাই রাজি নন।
একেক জনের বাবার একেক রকম কথা। কেউ বলেন, ‘হারিয়ে যাবে।’ কেউ বলেন, ‘ছেলেধরা নিয়ে যাবে।’ কেউ বলেন, ‘ওখানে শুনেছি গলা কাটে।’ যেতে না দেওয়ার জন্য হাস্যকর সব যুক্তি।
সবাই যখন মন খারাপ করে স্কুলের বারান্দায় গালে হাত দিয়ে দুঃখের কথা ভাবছে, তখন হাস্যোজ্জ্বল মুখে আলিফ এসে দাঁড়াল বন্ধুদের সামনে। সবাই চোখ তুলে তাকাল আলিফের দিকে।
‘কি রে, কাল সকালে যাওয়া হচ্ছে তো?’ আলিফ সবার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিল। মন খারাপ করে সবাই মাথা নেড়ে না-সূচক উত্তর দিল। আলিফ অবাক হয়ে বলল, ‘কেন?’

অন্যদের হয়ে উত্তরটা সুমনই দিল, ‘কারও বাবাই রাজি হচ্ছেন না।’

আলিফ ধপ করে বসে পড়ল বন্ধুদের পাশে। দুঃখ করে বলল, ‘তোদের বাবারা এমন কেন? আমার আব্বু তো এমন না। যেখানে যেতে চাই যেতে দেয়।’

আলিফ প্রায়ই ওর বাবার গল্প করে। বাবার সঙ্গে ওর কত মধুর সম্পর্ক তা বলে। মাঝে মাঝে ওর বন্ধুদের মনে হয়, বাড়িয়ে বলছে, চাপা ছাড়ছে।

কিন্তু আজ সবাই একমত। একমাত্র আলিফের বাবা ছাড়া সবার বাবাই হৃদয়হীন, পাষাণ। ছেলেমেয়েদের লেখাপড়ার বাইরে এই বাবারা কিছুই ভাবতে পারেন না।

এর মধ্যে হঠাৎ আলিফ আনন্দের শিস বাজাতে বাজাতে উঠে দাঁড়িয়ে বলল, ‘আমার আব্বু শুনেই খুশিতে লাফিয়ে উঠেছেন। বলেছেন, তাঁর নাকি ছেলেবেলার কথা মনে পড়ে গেছে। ব্যবসার কাজে ব্যস্ত, তা না হলে তিনিও আমাদের সঙ্গে যেতেন। যাক, কী আর করা। আমি যাই।’

শুনে সবার মন খারাপ ভাবটা যেন আরও বেড়ে গেল।

রুবাইয়াত বলে, ‘আচ্ছা, খেলতে তো যেতে পারলাম না। আলিফের আব্বুকে দেখতে গেলে কেমন হয়? তাঁর কত গল্প শুনেছি, তাঁকে দেখে আমরা না হয় আমাদের দুঃখ ভোলার চেষ্টা করি।’ সবাই হঠাৎ যেন আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে বলল, ‘ঠিক বলেছিস। আলিফের বাবাকেই দেখতে যাব।’

গিয়ে দেখা গেল, আলিফদের দরজায় বিশাল এক তালা। দেখে সবার আবার মন খারাপ হয়ে গেল। কে যেন বলল, ‘যাহ্‌, আজ ভাগ্যটাই খারাপ।’

এমন সময় পাশের বাড়ি থেকে দরজা খুলে এক মহিলা জানতে চাইলেন, ‘তোমরা কাকে চাও?’

সুমন বলল, ‘আলিফের কাছে এসেছি।’

‘ওরা নেই।’ মহিলা বললেন, ‘আলিফ ওর মার সঙ্গে বাজারে গেছে।’

তমাল বলল, ‘কেন? ওর বাবা?’

মহিলা অবাক হয়ে বললেন, ‘বাবা কোথায় পেলে? আলিফ যখন ওর মায়ের পেটে, তখনই তো ওর বাবা মারা গেছেন।’

চার বন্ধুর মাথায় বোধ হয় বাজ পড়লেও ওরা এত অবাক হতো না। পরস্পরের দিকে তাকিয়ে ওরা একদম চুপ মেরে গেল।

অষ্টম শ্রেণি, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চবিদ্যালয়