বালিশ-পরীক্ষা
হুমায়ূন আহমেদকে নিয়ে লিখেছেন তাঁর ভাগনি আদিবা বিনতে রাজ্জাক

আমি তখন খুবই ছোট। বড় মামার সিনেমা বানানো দেখে আমার খুবই শখ হলো যে সিনেমায় অভিনয় করব! যেই ভাবা সেই কাজ। গেলাম বড় মামার কাছে। গম্ভীর হয়ে বললাম, ‘বড় মামা, আমি তোমার সিনেমায় অভিনয় করতে চাই। আমাকে নিতে হবে।’
বড় মামাও খুবই সিরিয়াস আর গম্ভীর হয়ে বলল, ‘সিনেমায় অভিনয় করা তো কঠিন একটা কাজ। অভিনয় করতে চাইলে তোমাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে।’
পরীক্ষার কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম! জিজ্ঞেস করলাম, কী পরীক্ষা দিতে হবে? বড় মামা আমার হাতে একটা বিশাল বালিশ দিয়ে বলল, ‘এই বালিশটা যদি অনেক দূরে ছুড়ে ফেলতে পারো, তাহলে তোমাকে নেওয়া হবে। নইলে বাদ।’
আমি অনেক চিকনচাকন আর ছোট ছিলাম এবং বালিশটা ছিল প্রায় আমার সমান! নিলাম সেই বালিশ। তারপর সব শক্তি দিয়ে ছুড়ে ফেললাম। কঠিন পরীক্ষায় পাস করলাম।
বড় মামা বলল, ‘বাহ্! তোমাকে দিয়েই হবে অভিনয়!’
আমি তো হেব্বি খুশি। সিনেমা করব, বিখ্যাত হব, ভাব নিয়ে ঘুরে বেড়াব! কিন্তু খুবই দুঃখের কথা, বড় মামার একটা সিনেমায় আমাকে ভিক্ষুকের বাচ্চার অভিনয় করতে দেওয়া হলো।
ফকিরের অভিনয় করে বিখ্যাত তো হলামই না, উল্টো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। এমনকি এখনো করে। কিন্তু এখন এটা চিন্তা করতে অনেক মজা লাগে যে বড় মামার সিরিয়াস ভাব দেখে বালিশ ছোড়াটাকে সত্যিই একটা বিশাল পরীক্ষা ভেবেছিলাম। বড় মামা যে আমার সঙ্গে মজা করেছিল বুঝতেই পারিনি। ভেবেছিলাম, সিনেমায় অভিনয় করতে হলে সবাইকেই ও রকম বালিশ ছুড়ে ফেলতে হয়। যে যত দূরে বালিশ ফেলতে পারে, সে নিশ্চয়ই তত বড় অভিনেতা হয়!