বিকেলের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মা দিনের ছয় ছেলেমেয়ে—ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধে আর রাত।
তো সেদিন বিকেলকে তাড়া দিলেন মা দিন, এবার চল।
মা দিনের কাজই হচ্ছে তাড়া দেওয়া। ভোরকে তাড়া দেন, সকালকে তাড়া দেন, দুপুরকে তাড়া দেন, বিকেলকে তাড়া দেন। তবে সন্ধে আর রাতকে তাড়া দিতে হয় না। তার সব ছেলেমেয়ের মধ্যে ভোর আর বিকেল-এই দুজনকে তাড়া দিতে হয় বেশি। বিশেষ করে যদি শীতের বিকেল হয়, তাহলে তো কথাই নেই। তাড়ার ওপর রাখতে হয়।
কিন্তু তাড়া দিলেই কী, মায়ের তাড়া খেয়ে এত সহজে ছুটে যাওয়ার মতো ছেলে নয় বিকেল। মনে হলো মায়ের তাড়া ও শুনতেই পায়নি। আবারও তাড়া দিলেন মা বিকেল, যাবি না?
বিকেল এবার শুনতে পেয়েছে। কারণ, মা দিন এবার একটু জোরেই কথাটা বলেছেন। বিকেল বলল, আরেকটু থাকি মা। সকাল অনেকক্ষণ থেকেছে, দুপুরও ওর ইচ্ছেমতো কাটিয়ে দিয়েছে, কেবল আমাকেই তাড়া দিচ্ছ। তুমি আমাকে দেখতেই পারো না। কেন?
দিন বললেন, বিকেলের এতক্ষণ থাকতে নেই। কী করব বল, তোর সময় সত্যি বেশ অল্প। এটা মেনে নিতে হবে। এবার চল তো বাবা। সন্ধে আসার সময় হয়ে গেছে। জানিসই তো, সন্ধেটা কেমন রাগী। এসেই তোকে বকা-ঝকা করতে পারে।
বিকেল মুচকি হাসল। এখনো মুচকি হাসতে পারছে ও। সূর্যের দেখা যদিও নেই, আলো তো আছে! আর আছে সূর্যের আলোর রেখা। পশ্চিম আকাশে। ওই আলোর রেখা নীল আকাশকে গোলাপি বানিয়ে রেখেছে। বিকেলটা তাই গোলাপি একটা হাসি দিয়ে বলল, ও আমাকে কেমন করে পাবে মা? ও আসার আগেই আমি চলে যাব। তবে মা, সবচেয়ে বড় কথা হলো আমি না গেলে ও আসবে কেমন করে? এমন তো নিয়ম নেই। আছে বলো?
মা দিন বললেন, তা অবশ্য নেই। সকাল না গেলে দুপুর আসে না, দুপুর না গেলে বিকেল আসে না। ঠিক তেমনি বিকেল না গেলে সন্ধে আসবে কেমন করে? কিন্তু তাই বলে সময়ের চেয়ে বেশি থাকারও তো নিয়ম নেই।
বিকেল বলল, তবু আমি আরেকটু থাকব।
মা দিন কিন্তু বিকেলের এমন সাহস দেখে অবাক। আবার ভয়ও পাচ্ছেন। ভয়ে অস্থির হয়ে আছেন তিনি। কি জানি আজ কী হয়? সন্ধেটা এসে কী করে তারও তো কোনো ঠিক নেই। তার সব ছেলের মধ্যে সন্ধেটাই হচ্ছে সবচেয়ে রাগী। শুধু রাগী নয়, বড্ড কড়াও। এ জন্যই তো সন্ধে এলেই বড়রা ছোটদের ওপর হম্বিতম্বি শুরু করে দেন, সন্ধে হয়েছে এখনো পড়ার টেবিলে যাওনি কেন? এখনো খেলা বন্ধ করোনি কেন? এখনো বারান্দায় দাঁড়িয়ে আছ কেন?
নাহ্! ছোটদের ওপর এমন হম্বিতম্বি মেনে নেওয়া যায় না। বিকেলটা মোটেই মেনে নিতে পারে না। ছোটদের কাছে বিকেলটা খুব প্রিয়। আর বড়দের কাছে সন্ধে। বড়রা যেমন বিকেল সহ্য করতে পারে না, ছোটরাও তেমনি সন্ধেটাকে দেখতেই পারে না। দেখতে পাবে কেমন করে? সন্ধের চোখে মোটা ফ্রেমের চশমা। রাশভারি চেহারা। এতই ভারী যে, মনে হয় যে কোনো সময় হোঁচট খেয়ে পড়বে। একমাথা ঘনকালো চুল। ওই চুলের ভেতরেই থাকে ওর বোন রাত। রাতকে সঙ্গে করেই নিয়ে আসে সন্ধে। ভাই সন্ধের মতো অতটা রাগী না হলেও, কম কড়া নয় বোন রাত।
মা দিন কিন্তু বিকেলটাকে আর তাড়া দিতে চাইলেন না। আর তাড়া দেওয়ারও সময় নেই। সূর্যের গোলাপি যে আলোটা আকাশের নীলের সঙ্গে মিশে ছিল এতক্ষণ, সেটাও আর নেই। কাজেই...
কাজেই আর কী। এরপর সবাই জানে। বিকেলটা কিছু বোঝার আগেই সন্ধে চলে এল। কেমন করে এল? ঝুপ করে। এ ছাড়া আর উপায়ই কী। বেয়াড়া বিকেলকে শায়েস্তা করতে এমন ঝুপ করেই সন্ধে আসে। আজও আসে।
আসে না?