বিজ্ঞানী পিঁপনিস্টাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বর্ষা এলেই টেনশন বেড়ে যায় বিজ্ঞানী পিঁপনিস্টাইনের। তিনি আবার ডায়াবেটিকের পেশেন্ট। টেনশন বাড়লে সুগার লো হয়ে যায়। আর সুগার লো হলেই বাঁধে গন্ডগোল। মাথা কাজ করে না। এই ভরা বর্ষায় বিজ্ঞানী সাহেবের মাথা কাজ না করলে পুরো কলোনিটাই হারিয়ে যাবে। যে করেই হোক তাঁর সুগার কন্ট্রোলে আনতে হবে। সৈনিক পিঁপড়ারা তাঁকে তুলে নিয়ে ফেলে চিনির গুদামে। তিনি সরাসরি চিনি খাবেন না। শরবতি চিনি চাই। মহা মুসিবত!
কলোনির রাজা-রানি, মন্ত্রী-সান্ত্রি সবাই হাজির হয়ে বিজ্ঞানী পিঁপনিস্টাইনের জন্য শরবতি চিনির ব্যবস্থা করলেন। খেয়েই দিলেন ঘুম। একেবারে মানুষের মতো ‘নাকডাকা’ ঘুম! কলোনির নিরাপত্তারক্ষী সৈনিক পিঁপড়ারা আশপাশে ঘুরঘুর করে। রানি হুকুম দিলেই গায়ে বিশেষ ফরমিক অ্যাসিড ছুড়ে জাগিয়ে তুলবে। কিন্তু না; বিশেষ কমান্ডো বাহিনীর প্রধান পিঁপড়ার কড়া নিষেধ, এই দুর্যোগের সময় বিজ্ঞানী সাহেবের কোনো ক্ষতি করা যাবে না। যে করেই হোক তাঁর সুগার কন্ট্রোলে আনতে হবে। এ নিয়ে কাজ করছে সেবক পিঁপড়ারা।
বিজ্ঞানী সাহেবের বিছানার পাশে বসে আছেন রানি পিঁপাবেনা। তাঁর চোখেমুখে দুশ্চিন্তা। বাইরে শ্রাবণের ঝুম বৃষ্টি। টইটম্বুর পানি। আর দু-এক দিন এমন টানা বৃষ্টি হলেই পথঘাট ভেসে যাবে। তলিয়ে যাবে তাঁদের কলোনিটা। কলোনির নিরাপত্তা বাহিনীর প্রধানকে রানি বাইরের অবস্থা দেখে আসার নির্দেশ দিলেন। আট সদস্যের একটি চৌকস দল ‘লেফট রাইট, লেফট রাইট!’ বলতে বলতে বেরিয়ে যায়।
মাটির ওপরে উঠতেই কানে আসে বুড়ো কণ্ঠ। যেই ঘরের নিচে তারা কলোনি বানিয়েছে, সেই ঘরের বুড়ো মহিলাটা বলে, ‘আজ এট্টু খিচুড়ি রান্না করো তো, বউমা।’
লেফট-রাইট দলনেতা বলেন, ‘ঢং দেখে আর বাঁচি না। বাসাবাড়ি তলিয়ে নিচ্ছে বৃষ্টি, আর ওনারা খাচ্ছেন খিচুড়ি!’ দলের সাহসী সৈনিক পিঁপ্পিরিয়া বলে, ‘জানেন স্যার, ধোঁয়া-ওঠা খিচুড়ি খেতে বসে তারা আবার বাইরে তাকিয়ে থাকবে। বৃষ্টির গান শুনবে। বর্ষা এলেই মানুষের রংঢং বেড়ে যায়!’
দলনেতা তার দিকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলে মাটিতে মনোযোগ দেন। তিনি আবার সয়েল টেস্টার। প্রতি কলোনিতে দু-একজন সয়েল টেস্টার থাকেন। তাঁরা মাটি শুঁকে তা মুখে দিয়েই বলে দিতে পারেন এতে কোনো বিপদের গন্ধ আছে কি না!
টেস্টার সাহেব গভীর মনোযোগ দিয়ে বর্ষার বিপদ আবিষ্কার করছেন। ওদিকে দলের সাত সৈনিক মাটিতে পড়ে থাকা একটা মুড়ি নিয়ে টানাটানি শুরু করল। হঠাৎ চালের ফুটো দিয়ে তাদের গায়ে টপ করে পড়ল পানি। অমনি ‘মা-গো-ও-ও, বা-বা-গো-ও-ও...’ বলে দৌড় দিল সাতজন। তাদের দেখাদেখি দলনেতা টেস্টার সাহেবও লাগালেন ছুট। এক ছুটে কলোনিতে।
রানি তাদের দেখেই পরিস্থিতি জানতে চাইলেন। দলের সবাই মুখ চাওয়াচাওয়ি করছেন। টেস্টার সাহেব রানির চোখে চোখ রেখে বললেন, ‘মহাবিপদ সংকেত। আজ রাতেই এই বাড়িতে পানি উঠে যাবে, রানি!’
রানি গম্ভীর হয়ে গেলেন। কী করবেন কিছুই বুঝতে পারছেন না। রানির নিরাপত্তায় থাকা পিঁপকুনি বললেন, ‘রানিমা, চিন্তা করলে আপনারও সুগার লো হয়ে যাবে।’ রানি কষে একটা ধমক দিয়ে বললেন, ‘চিন্তা করব না তো বসে আঙুল চুষব? আমার রাজ্য, রাজ্যের সবাইকে বাঁচানোর দায়িত্বটা আমারই। তুমি এসবের কী বুঝবে?’
রানির মন খারাপ দেখে অন্যরাও ভাবনায় পড়ে গেল। দিন গড়িয়ে রাত হয়ে যায়। মাটি ভিজে আসছে আস্তে আস্তে। হয়তো ওদের কলোনিটা ডুবে যাবে একটু পরেই। নিরাপত্তা বাহিনী কয়েকটা শুকনো পাতা আগেই সংরক্ষণ করে রেখেছে। এই পাতায় উঠে তারা নিজেদের বাঁচাতে পারবে। খাদ্যগুদাম পাহারায় থাকা সৈনিকেরা বাদামের একটা খোসা এনে রানির সামনে রাখল। কিছু দিল অন্যদের। পুরোনো কিছু খড়কুটোও জড়ো করল। সৈনিকেরা ব্যস্ত হয়ে কাজ করছে। হঠাৎ বিজ্ঞানী পিঁপনিস্টাইন তাঁর গবেষণা রুম থেকে মাইক্রোফোনে বললেন, ‘রানিমা, সবাইকে নিয়ে আমার রুমের দিকে চলে আসুন।’ সবাই তো অবাক। আরে, বিজ্ঞানী সাহেব না বিছানায় পড়ে ঘুমাচ্ছিলেন; উঠলেন আবার কখন?
সে যাক, এখন ওসব ভেবে কাজ নেই। সবাই রানির পিছু নিল। বিজ্ঞানী সাহেব বিভিন্ন যন্ত্রপাতি অন করে দিলেন। সবাইকে একটা যন্ত্রের ভেতর ঢুকতে বললেন। প্রথমে রানি। অন্যরা রানিকে অনুসরণ করে। এই যন্ত্রটা আরেকটা যন্ত্রের সঙ্গে যুক্ত। সেটা আরেকটার সঙ্গে। এভাবে গবেষণা রুমের সব যন্ত্রই একটা আরেকটার সঙ্গে যুক্ত। প্রথম যন্ত্র সবাইকে ধুয়েমুছে পরিষ্কার করে দিল। পরের যন্ত্রটা গায়ে একধরনের সুগন্ধি ছড়িয়ে দিল। এর পরেরটা হালকা আঠালো কী যেন মেখে দিল। এভাবে সর্বশেষ যন্ত্র দিয়ে তারা দলা পাকিয়ে বিশাল একটা ফুটবল হয়ে বেরিয়ে গেল। ততক্ষণে পানি ঢুকে পড়েছে রাজ্যে। বিজ্ঞানী পিঁপনিস্টাইন দৌড়ে গিয়ে সেই বলটাকে জড়িয়ে ধরলেন।
পানি বাড়তে থাকে আর তারাও ভেসে উঠতে থাকে। পানি বাড়ে। বাড়তেই থাকে। তাদের কোনো সমস্যা হয় না। পিঁপড়ারা ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে চলে। তাদের নিশ্বাসেরও কোনো সমস্যা হয় না। কারণ একজনকে বেশিক্ষণ নিচে থাকতে হয় না। সেকেন্ডের মধ্যেই নিচের পিঁপড়ে ওপরে উঠে আসে। এভাবেই বিজ্ঞানী পিঁপনিস্টাইন তাঁর কলোনির পিঁপড়াদের বাঁচিয়ে দিলেন।
তোমরা বর্ষায় পানিতে যদি এমন পিঁপড়াবল ভাসতে দেখো, পারলে তাদের তুলে নিয়ে উঁচু কোনো জায়গায় রেখে দিয়ো। নাহয় ওদের ফুটবল হয়েই পানিতে ভাসতে দিয়ো। তারা ঠিকই বেঁচে যাবে। নতুন জায়গায় কলোনি গড়ে নেবে। তবে খেয়ালের বসে ফুটবলটা গুঁড়িয়ে দিয়ো না যেন!