বিড়ালটার কী হলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

এক দেশে ছিল এক বিড়াল। তার নাম প্যাটেল। হঠাৎ একদিন প্যাটেল নিজেদের ভাষা ছেড়ে দিয়ে বলল, ‘আমি প্যাটেল।’ তারপর ভাবল, ‘আরে! আমি মানুষের ভাষায় কথা বললাম কেন?’
খোঁজ নিয়ে জানল, সে আসলে মানুষ! তাহলে সে এত দিন কেন বিড়াল হয়ে ছিল? প্যাটেল গেল বিড়ালদের নামী গণক কাটকার কাছে। গণক বলল, ‘তুমি যদি আফ্রিকার নীলনদে একপাক সাঁতার কাটতে পারো, তাহলেই তুমি তোমার প্রশ্নের জবাব পাবে। এর বেশি জানি না।’
প্যাটেল ভাবল, আফ্রিকার নীলনদ, সে তো অনেক দূর। আবার ভাবল, আমি যদি আমার প্রশ্নের জবাব পেতে চাই, তাহলে তো আমাকে যেতেই হবে।
১০ দিন ৯ রাত পরে সে পৌঁছাল নীলনদে। দিল পানিতে এক ঝাঁপ। পুরো নীলনদ সাঁতার কাটতে তার তিন দিন লেগেছিল। সাঁতার শেষ করে সে যখন উঠতে যাবে, তখনই তার সামনে এক ব্রহ্মদৈত্য হাজির হলো। সে বলল, ‘প্যাটেল, তুমি কেন এসেছ আমি জানি। শোনো তাহলে, কী ঘটেছিল। অনেক দিন আগে, যখন তুমি মানুষ ছিলে, তখন তোমার অনেক অদ্ভুত শখ ছিল। তার মধ্যে একটা হলো বিড়াল হওয়ার শখ। একদিন তুমি বাড়ির উঠানে দাঁড়িয়ে যখন “মিয়াও” বলে ডাকলে, তখন তোমার দাদা এসে বললেন, “যা ব্যাটা, বিড়াল হ”। মানুষের কিছু কথা সত্যি হয়। তাই তুমি বিড়াল হয়ে গেলে। এখন মানুষ হতে চাইলে তুমি “মানুষ হতে চাই” কথাটি না থেমে পঞ্চাশবার বলো।’
প্যাটেল তা-ই করল। হঠাৎ দেখল তার সামনে এক জোড়া জুতা। জুতা জোড়ার ওপর পা রাখতেই প্যাটেল আবিষ্কার করল তার পাগুলো মানুষের পায়ের মতো হয়ে গেছে। আর এভাবেই প্যাটেল মানুষ হয়ে গেল।
তৃতীয় শ্রেণি, সূর্যমুখী কিন্ডারগার্টেন, ব্রাহ্মণবাড়িয়া