
পুরো সিঁড়িতে ছোট্ট ছোট্ট পতাকা। লাল-সবুজ-হলুদ-বেগুনি। নানা রকম কাগজে কিছুটা গ্রামের বিয়ের আদলে সাজানো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটু অবাকই হই, ফ্ল্যাটবাড়ির সিঁড়ির এমন সাজ দেখে। আমার কোলে এক বছরের পৃথ্বীর কৌতূহলী তাকানো। চোখে খুশির ঝলকানি।
‘আনিসা তুমি যাবে না বিয়েতে?’
‘আমি আজ না যাই...কাল বউভাতে যাব। দেখো আমাদের বাসায় কী ছোট্ট একটা পৃথ্বী বেবি এসেছে। আজকে আমি ওর কাছেই থাকি?’
‘না না তোমাকে যেতে হবে। সবাই অপেক্ষা করছে তোমার জন্য।’ বলেই কুটুস করে পৃথ্বীকে কোলে তুলে নেয় আনিসার আট বছর বয়সী বন্ধুটি। তাদের পাশের ফ্ল্যাটেই থাকে সে।
‘আম্মু ওকে বোঝাও না আমি বিয়েতে যাব না...’ মায়ের ওড়নার কোনা ধরে আবদার আনিসার। চোখের ইশারায় জানতে চাই তোরা যাবি না বিয়েতে? মুচকি হাসে আনিসার মা। চোখে-মুখে রহস্য টের পাই।
পৃথ্বীকে বন্ধুটির কোল থেকে নিয়ে ঝলমলে চুলগুলোতে হাত বুলিয়ে আদর করে দেয় আনিসার মা সিতারা। ‘বাবা আজকে ও না যাক। এই বাবুটা বেড়াতে এসেছে, ওর সঙ্গেই খেলাধুলা করুক। আর গতকাল গায়েহলুদে তো তোমরা খুব মজা করেছ, আবার কালকে তেমন মজা হবে। ঠিক আছে? আনিসা বাবুটার সঙ্গে থাকুক।’
‘সত্যি ও যাবে না?’ অবাক আর দুঃখী গলা বন্ধুটির।
কিছুটা মন খারাপ করে সে চলেই গেল।
এক বছর বয়সী পৃথ্বী আর ছয় বছরের আনিসা মেতে উঠল খেলায়। নতুন উঠতে শুরু করা তিনটি ফোকলা দাঁতে কলকল-ছলছল ঘর মাতানো পৃথ্বী বাবুর। আর নিজের যত্ন করে রাখা একঝুড়ি খেলনা, সংগ্রহে থাকা সব পুতুল নিয়ে খেলতে বসে যায় আনিসা। সমবয়সী সব বন্ধুর চেয়ে এই ফোকলা দাঁতের বন্ধুটি যে বেশ মজার।
‘এইটা হলো আমার চাচ্চুর গিফট করা পুতুল। আর এটা দিয়েছে আমার বাবা, জন্মদিনে। বুঝেছ পৃথ্বী?’ আনিসা পুতুলপ্রাপ্তির ইতিহাস জানায়। বিছানাটা পুতুলের রাজত্ব। একেকটা পুতুলের ওপর না বুঝে ঝাঁপিয়ে পড়ে পৃথ্বী। কোনো পুতুলের কান ছিঁড়ে, নাক টেনে কিংবা চোখে গুঁতো মেরে পৃথ্বীও আনিসার সঙ্গে খেলায় মেতে ওঠে। দুজনের খেলা যখন জমে ওঠে, আবারও দরজার ঘণ্টি ওঠে বেজে।
‘আন্টি আনিসা নাকি যাবে না?’ ১০-১২ জনের একটা দল হুড়মুড় করে বসার ঘরটায় প্রবেশ করে। পার্টি ড্রেসে ঝলমল সবাই। মনে হচ্ছিল পরির রাজ্যে চলে এসেছি আমি।
‘আজকে না আজকে না, আমি কালকে বউভাতে যাব।’ মা কিছু বলার আগেই ভেতরের ঘর থেকে দৌড়ে আসে আনিসা। কিন্তু কে শোনে কার কথা। আনিসা যত না করে যাওয়ার জন্য তার বন্ধুদের, বন্ধুরা দ্বিগুণ গোঁ ধরে তাকে নিয়ে যাওয়ার জন্য। বিল্ডিংয়েই এই বিয়ে। আধঘণ্টার জন্য তাকে অবশ্যই যেতে হবে।
নিরুপায় আনিসা। ছলছল চোখ। পৃথ্বী তো চলে যাবে। ওর সঙ্গে তো খেলা হলো না।
‘আন্টি তুমি কিন্তু কাল আবার আসবে বাবুকে নিয়ে।’ আমাকে হ্যাঁ বলিয়ে তারপর সে বিয়েবাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে গেল।
‘কি রে তোরা যাবি না?’ আনিসার মায়ের কাছে জানতে চাই আমি।
‘আরে না এটা তো আনিসার বন্ধুর পুতুলের বিয়ে। আমরা যাব কেন?’
হা হা হা। প্রাণখুলে হেসে নিলাম আমি কতক্ষণ।