বুবুরাজার কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অনেক অনেক দিন আগে কুচাটুশা নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে এক রাজা ছিল। রাজার নাম বুবু। রাজার মা তুতুরানি অনেক আদর করে ছেলের নাম রেখেছিলেন বুবু। কিন্তু বুবুরাজার মনে ছিল বেজায় দুঃখ। কারণ রাজা ছিলেন খুবই ছোট। মাত্র এক ফুট সাত ইঞ্চি। এ নিয়ে রাজার মনে দুঃখের শেষ ছিল না। রাজ্যের সবাই তাঁর উচ্চতা নিয়ে হাসাহাসি করত। লম্বা হওয়ার চিন্তায় রাতের পর রাত রাজার ঘুম হতো না। এমনকি সভাসদেরা পর্যন্ত রাজাকে নিয়ে হাসিঠাট্টা করতেন। রাজা যখন সভায় যেতেন, তখন সভাসদেরা রাজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেন। কিন্তু প্রজাদের হাতে এহেন অপমানিত হতে কাহাতক ভালো লাগে! রাজা ভাবলেন, না! এবার এর একটা বিহিত করতে হবে। রাজ্যের সর্বত্র ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো, যে রাজাকে লম্বা করে দিতে পারবে তাকে বিপুল স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে।
দিন যায় মাস যায় বছর যায়। কেউ আসে না। দিন যায় মাস যায় বছর যায়। আবারও কেউ আসে না। অবশেষে বহুদূরের এক রাজ্য থেকে এক পণ্ডিত রাজদরবারে এলেন। সেই পণ্ডিতের ছিল অদ্ভুত ক্ষমতা। তিনি যেকোনো জিনিসকে টেনে লম্বা করতে পারতেন, আবার চাপ দিয়ে ছোটও করতে পারতেন। তাঁকে দেখে রাজ্যে হই হই পড়ে গেল। রাজা মহাসমারোহে গিয়ে পণ্ডিতের কাছে বসলেন। পণ্ডিত মহাশয় এক হাত দিয়ে রাজার মাথা ও অন্য হাত দিয়ে রাজার পা ধরে টানতে শুরু করলেন। পণ্ডিত একবার টান দেন, আর রাজা এক ইঞ্চি করে বাড়েন। এভাবে বাড়তে বাড়তে রাজার উচ্চতা আর দশটা সাধারণ মানুষের মতো হয়ে গেল। প্রজারা সবাই হাততালি দিতে লাগল। সবাই ভাবল, এবার নিশ্চয়ই রাজা পণ্ডিত মহাশয়কে থামতে বলবেন। কিন্তু রাজা ভাবলেন, লম্বা যখন হচ্ছি, তবে আরও লম্বা হই না কেন? প্রজাদের চেয়ে বেশি লম্বা হলে প্রজারা নিশ্চয়ই বেশি সম্মান করবে! রাজা বলতে লাগলেন, ‘আরও, আরও...।’ পণ্ডিত মহাশয়ও টানতে লাগলেন। টানতে টানতে রাজা ইয়া লম্বা হয়ে গেলেন। খুশিমনে পণ্ডিতকে পারিশ্রমিক দিয়ে বিদায় করলেন।
কিন্তু হাঁটতে গিয়ে রাজা পড়লেন মহা সমস্যায়। পাঁচ কদম হাঁটেন তো দশবার হোঁচট খান। রাজার ইয়া লম্বা শরীরটা যাতে ঢুকতে পারে সে জন্য রাজপ্রাসাদের সব দরজা কেটে বড় করা হলো।
তুতুরানির মনে খুব দুঃখ। কারণ তিনি এখন আর তাঁর বুবুসোনাকে গাল টেনে আদর করতে পারেন না। করবেন কীভাবে? বুবুরাজার ইয়া লম্বা শরীরটা নাগাল পেলে তো! রাজার মনেও অনেক দুঃখ। প্রজারা সবাই তাকে এখন ভয় পায়। রাজা ভাবলেন, ‘নাহ, এভাবে চলছে না। পণ্ডিত মহাশয়কেই আবার ডাকতে হবে।’
রাজপ্রাসাদে আবার তলব পড়লো পণ্ডিতের। পণ্ডিত এবার দুই হাতে রাজাকে ধরে চাপ দিতে লাগলেন। ফলে রাজার উচ্চতা আস্তে আস্তে কমতে লাগলো। যখন রাজ্জার উচ্চতা আবার স্বাভাবিক মানুষের মতো হলো, তখন রাজপ্রাসাদে ঢোল বাজল বাদ্য বাজল। কিন্তু এবারও রাজার মন ভরল না। লম্বা হওয়ার কষ্ট টের পাওয়ায় রাজার খুব অভিমান হলো। তিনি বললেন, ‘আরও, আরও...’। পণ্ডিত মশাইও ছোট করতে করতে রাজাকে এতো ছোট করে দিলেন, যে তাকে আর চোখে দেখাই যায় না। তিনি বললেন, রাজা লোভ করেছেন বলে ফলও পেয়েছেন।
এমন সময় তুতুরানি এলেন। বললেন, ‘বুবুসোনা, তুমি কি আর কখনো লোভ করবে?’ রাজা মাথা নাড়লেন। তুতুরানির অনুরোধে তখন পণ্ডিত রাজাকে আবার ঠিক করে দিলেন। এ উপলক্ষে রাজ্যে আট দিন আট রাত ধরে উৎসব চলল। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।
দশম শ্রেণি, বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ