
দুপুরবেলা গাছের ডালে হেলান দিয়ে বসে আছি। গ্রামে এসে সবার মন ভালো হলেও আমার মন যথেষ্টই খারাপ। না, না, ফেসবুক না থাকার জন্য নয়৷ ডায়েরি নিয়ে সকাল থেকেই সাই-ফাই লেখার চেষ্টা করছি, অথচ কোনো আইডিয়াই আসছে না। এসব আনমনে ভাবতে ভাবতে দেখি একটা ফ্লাইং সসার এসে ল্যান্ড করল ঠিক আমার কাছেই। যারপরনাই অবাক ঠিকই হয়েছি, ভয় পাইনি। আমরা থ্রিজি প্রজন্ম৷ জাফর ইকবাল, আর্থার সি ক্লার্ক পড়ে ফেলেছি তো, তাই এসব ফ্লাইং সসার দেখে ভয় পাই না। আমার অনুমান সঠিক করে তিনটে কিম্ভূতকিমাকার প্রাণী বেরিয়ে এল। এলিয়েন বাবাজিরা আমাকে যা বলল তা এ রকম, তারা ফুলিশ্যান্ড গ্রহ থেকে এসেছে৷ সমস্যা হলো, তারা এতই বোকা যে অন্য গ্রহবাসীরা তাদের ভ্যানিশ করে দিয়েছে ভ্যানিশিং ক্রিম দিয়ে। ফলে তাদের কেউ দেখতে পায় না। তাই তারা পৃথিবীতে এসেছে বুদ্ধি অর্জন করতে। আরও বলল, গোটা পৃথিবীর মধ্যে নাকি বাংলাদেশেই সবচেয়ে বুদ্ধিমান ছেলেপুলের বাস। তাই তারা এখানে চলে এসেছে বুদ্ধির খোঁজে। তাদের মধ্যে সরদারমতো এক এলিয়েন জিজ্ঞেস করল, ‘তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে কে?’ আমি উৎসাহ নিয়ে বললাম, ‘মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক আর সাকিব আল হাসান।’ আমার কথা শুনেই তারা বলল, ‘এবার আমরা তাদের ধরে নিয়ে তাদের মগজগুলো কেটে খেয়ে ফেলব!’ কী ভয়ংকর কথা! আমি এদের বোঝানোর চেষ্টা করলাম যে এসব বুদ্ধিমান লোকদের মগজ খেয়ে নয় বরং তাঁদের বই পড়ে, কথা শুনে বুদ্ধিমান হতে হয়। কিন্তু এরা কিছুই শুনতে চাইল না। শুধু জিজ্ঞেস করল, ‘তাঁদের মগজে ফরমালিন নেই তো? ফরমালিনে আমাদের সমস্যা আছে৷’ আমার আত্মরাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। আসলে এ তিনজন মানুষ আমার অনেক প্রিয়, তাঁদের মগজ যদি এরা সত্যিই খেয়ে ফেলে, তাহলে তাঁরা আর থাকবেন না৷ তাঁদের ভক্তরা যখন জানবে আমার জন্যই এ অবস্থা, তখন তো আমার হাড়গোড়ও আস্ত থাকবে না। ফরমালিনের কথা শুনে বলে বসলাম, ‘আমাদের বুদ্ধির প্রথম শর্তই হলো আম-কলা। আম-কলা না খেয়ে মগজ খেলে বা বই পড়ে বুদ্ধি অর্জন করা যাবে না।’ আমার কথা শুনে এরা তখনই শালবাগান বাজার থেকে আম ও কলা কিনে খাওয়া শুরু করল। আসলে কিনে নয়, রাস্তায় পিষ্ট অবস্থায় ছিল। অর্ধেক খাওয়া শেষেই মাথা ধরে বসে পড়ল এবং মাথায় আগুন ধরে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পড়ল। আসলে আম-কলাগুলো ছিল ফরমালিনযুক্ত। তাতেই এদের মাথায় আগুন ধরে গিয়েছিল। ফরমালিন খারাপ কে বলেছে, এর জন্যই তো আমাদের দেশের মহান তিনজন মানুষ বেঁচে গেলেন, বাঁচলাম আমিও।
তাদের সঙ্গে একটা রোবট ছিল। এখন ওটা আমার কাছে আছে। দেখতে চাইলে চলে এসো। কোথায়? বারানই নদের ধারের এক বড় আমগাছের নিচে। ও কিন্তু বাংলাও বলতে পারে। আর সে মোটেও বোকা নয়, ওর অনেক বুদ্ধি। রোজ রোজ বই পড়লে কার বুদ্ধি হবে না বলো? সে অবশ্য আরও একটা কাজ করে, আমাদের গ্রামের বড়গাছী বাজার থেকে প্রতিদিন ফরমালিনমুক্ত আম আর কলা খায়!
১০ম শ্রেণি, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, রাজশাহী।