ভয়ের চোটে ভূত

‘উফ্!’ আকাশের রুমে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল দীপ্ত, ‘মেয়ে দুটো আস্ত হিংসুটে!’
‘কোন মেয়ে?’ প্রশ্ন করে আকাশ।
মুখে বিরক্তি নিয়ে দীপ্ত বলে, ‘ওই যে আমাদের কলোনির সার্থকি আর রেণুর কথা বলছি।’
‘কেন? ওরা আবার কী করল?’
‘আর বলিস না। নোট চাইতে গেছি। দিল তো না-ই, উল্টো আমি ক্লাস মিস দিয়েছি বলে দুকথা শুনিয়ে দিল।’
‘তাই নাকি? তাহলে তো একটা বিহিত করতেই হয়।’ আকাশও দীপ্তর কথায় সমর্থন দেয়।
‘ওদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার’ বলতে বলতে দীপ্তর মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে। ‘ওদের ভূত সেজে ভয় দেখালে কেমন হয়?’
‘ভূত! ওরা ভয় পাবে মনে করছিস?’ আকাশের কণ্ঠে দ্বিধা।
‘আরে পাবে পাবে। আমার মাথায় একটা আইডিয়া আছে। শোন।’ দীপ্ত তার ফন্দিটা খুলে বলে।
রাত। আকাশ আর দীপ্ত বসে আছে রাস্তার পাশে একটা গাছের ডালে। অপেক্ষা করছে, কখন সার্থকি আর রেণু কোচিং শেষে এ পথ দিয়ে ফিরবে আর ওরা ভয় দেখাবে। বেশ কিছুক্ষণ পরও মেয়ে দুটির দেখা নেই। আকাশ চোখ পাকিয়ে দীপ্তকে প্রশ্ন করল, ‘তুই শিওর তো? এদিক দিয়েই বাড়ি ফিরবে?’
‘হ্যাঁ। ওরা এই পথেই যায়।’
কিছুক্ষণ পর। হঠাৎ দীপ্তর গালে ভীষণ জোরে এক চড় মারল আকাশ। ‘জামা ধরে টানছিস কেন, গাধা? যদি নিচে পড়ে যাই?’
চড় খেয়ে দীপ্ত কাঁদো কাঁদো গলায় বলল, ‘আমি কখন জামা ধরে টানলাম। তুই-ই তো আমার জামা টানছিলি এতক্ষণ।’
‘আমার আর খেয়ে কাজ নেই, তোর জামা ধরে টানব! মিথ্যুক!’ আকাশ এবার ভীষণ খেপে গেল।
‘মোটেই মিথ্যা বলিনি। একটু আগেই তো টানছিলি জামাটা।’
‘ফের এ কথা বললে সত্যিই জামা ছিঁড়ে ফেলব!’ দুজনের তর্কাতর্কি থেকে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়।
এমন সময় হঠাৎ কোথা থেকে একটা কর্কশ গগনবিদারী চিৎকার শোনা গেল। দুই বন্ধু ভড়কে গিয়ে হুড়মুড় করে নেমে এল গাছ থেকে। আর নেমেই পড়ল একটা রাগী কুকুরের সামনে। কুকুরের তাড়া খেয়ে বেচারারা পড়ল গিয়ে পাশের ডোবায়। হাঁচড়ে-পাঁচড়ে বহু কষ্টে বাসায় পৌঁছাল।
পরদিন সার্থকি দীপ্তর হাতে নোট দিয়ে চোখ টিপে বলল, ‘কী? কেমন ভয় দেখালি?’
অবাক হয়ে আকাশ বলল, ‘তুই কীভাবে জানলি?’
‘শোন, নোট দিতে গতকালই তোর কাছে গিয়েছিলাম। দরজার এপাশে দাঁড়িয়ে তোদের পরিকল্পনার সবটাই শুনেছি। তারপর তোদের জামা ধরে টান, টেপরেকর্ডারের চিৎকার, রেণুদের কুকুর...বুঝতেই পারছিস!’ বলতে বলতে রেণু হি হি হি করে হাসে।
দীপ্ত আকাশের কানে কানে বলে, ‘ভয়ের চোটে সত্যিই ভূত হয়ে গেছিলাম রে...!’
নবম শ্রেণি, নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়