ভয়ের রেসিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘চুলোটা নিভিয়ে দিন। এরপর কড়াইতে শেওলা পানি ঢালুন। পাখির পালকগুলোকে হালকা সেদ্ধ করে নিন। পেঁয়াজের খোসা আর মুরগির হাড় বাটা দিয়ে নেড়েচেড়ে দেবেন। পাঁচ সেকেন্ড পর দুই টেবিল চামচ চাঁদের আলো, এক-টেবিল চামচ পিপিংগা সস, এক চিমটি অমাবস্যার অন্ধকার দিয়ে ঢেকে রাখুন তিন রাত। তারপর ঘন হয়ে এলেই পরিমাণমতো অট্টহাসির গুঁড়া মিশিয়ে..।’
চ্যানেল পাল্টে দিলেন ভয়ানস্কি। চ্যানেলগুলোতে ইদানীং রেসিপি ছাড়া আর কিছু নেই। এভাবে চলতে থাকলে ভূতেরা খেয়ে খেয়ে কেবল মোটাই হবে। ভুলে যাবে ভয় দেখানোর কায়দা কানুন। কদিন পর দেখা যাবে ঘুটঘুটে অন্ধকারে শেওড়াগাছের আগায় বসে থাকা মামদো ভূতটা লাফিয়ে উঠে বলছে, ‘কেঁ! কেঁ! ওঁখানে! ওঁমাগোঁ মা..নুষ! বাঁচাঁও!’
তড়াক করে লাফিয়ে উঠল ভয়ানস্কি। এটা হতে পারে না। ভূতেরা ভয় দেখানো বন্ধ করে দিলে একদিন ওরা মানুষকেই ভয় পাবে। একটা কিছু করা দরকার! উড়াল দিয়ে ভয়ানস্কি চলে গেল রান্নাঘরে। মানুষকে ভয় দেখাতে এখন আর ভূতের গল্প বা হাউ মাউ খাউ দিয়ে কাজ হয় না। ভয় দেখাতে চাই কেমিস্ট্রি! মানে রসায়ন বিজ্ঞান। আরও ভালো করে বললে বলতে হয়, ভয় দেখানোর জন্য চাই উপযুক্ত রেসিপি।
কী করছে ভয়ানস্কি? পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে বাইরে থেকে যে গন্ধ পাওয়া যাচ্ছে তাতে বোঝা গেল ভেতরে নতুন একটা ফর্মুলা বানানোর কাজ চলছে। ভয় দেখানোর ফমুর্লাই হবে হয়তো।
উঁকি দিতেই দেখা গেল টোবাইল ফোনে ব্যবসায়ী বন্ধু কানাগলি চৌধুরীর সঙ্গে কথা বলছে ভয়ানস্কি। কানাগলির একটা কারখানা আছে। ভয় দেখানোর জিনিসপত্র তৈরি হয় সেখানে। তবে যন্ত্রপাতিতে কাজ হয় না ইদানীং। ছেলেপিলেরা এখন ভৌতিক কাজকর্মে ভয় না পেয়ে বিরক্ত হয়। এই কিছুদিন আগের কথা। পাড়ার এক মামদো গেল ভয় দেখাতে। রাত দশটার দিকে একটা বাচ্চা মেয়ের জানালার সামনে গিয়ে হলোগ্রাফ কঙ্কাল দেখিয়ে নাকি সুরে বলল, ‘হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাঁউ।’ ওমা! মেয়েটা ভয়ে চিৎকার তো দূরের কথা, উল্টো সে তার জামাটা নাকের কাছে এনে শুঁকে বলল, ‘কই গন্ধ নাই তো! আজই তো ধুয়ে দিল মা। মিথ্যে বলো কেন!’
কথা না বাড়িয়ে ভয়ানস্কির কাজকর্মে নজর দেওয়া যাক।
‘হ্যালো কানাগলি, একটা জিনিস বানিয়ে দিতে হবে। রেসিপিটা বলছি লিখে নে... দুই চামচ প্রজাপতির ডানা ঝাপটানো বাতাস, পূর্ণিমার রাতে দেওয়া পাঁচ মিলিগ্রাম ফুঁ, বাদুড়ের চিৎকার দুই কেজি...’
রেসিপি বলা শেষ। ওপাশ থেকে প্রশ্ন ‘কিঁন্তু বঁস, এঁটা ভঁরবো কিঁসে? এঁটা তো বাঁতাস। মাঁনুষের গাঁয়ে ছুড়বে কিঁভাবে?’
ভয়ানস্কি ঠা ঠা করে হাসল কিছুক্ষণ।

.
.

‘মানুষের গায়ে ছুড়ব না রে বোকা। দেখে নিস, মানুষ নিজে টাকা খরচ করে ভয় কিনবে!’
ভয়ানস্কির বুদ্ধিটা এখুনি আঁচ করা যাচ্ছে না। তারচেয়ে আমরা জিনিসটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
অপেক্ষার পালা শেষ। কানাগলির কারখানায় বিশেষ রেসিপি অনুযায়ী ভয়ের ফর্মুলা তৈরি। ভয়ানস্কি ঠিক করল আগামী অমাবস্যার রাতে দেশব্যাপী ছড়িয়ে থাকা মানুষের কাছে নতুন এ ভয় পৌঁছে দেওয়া হবে। মাত্র দুদিন বাকি। তার আগেই ভয়ের ফর্মুলাটাকে একটা কিছুতে ভরতে হবে। ভয়ানস্কি নিজেই এসেছে কারখানায়।
‘স্যাঁর বাতাস তো রেঁডি, এখন কীঁ কঁরবো?’
‘এখন চিপস বানাও। আলুর চিপস, পটলের চিপস, যা পারো।’
কানাগলির মাথায় কিছু ঢুকছে না। তার পরও ভয়ানস্কির কথামতো এক রাতের মধ্যে হাজার হাজার প্যাকেট চিপস রেডি করে ফেলল। ভূতের দল রাতারাতি চিপসগুলোকে দোকানে দোকানে দিয়ে এল। প্যাকেটের গায়ে লেখা ‘গভীর রাতে খেলেই মজা। এসে গেল নতুন চিপস হাপুংকাশ। ’
সকাল হতেই ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে হাপুংকাশ নামের চিপসটা কিনল। তবে কেউ খেলো না। প্যাকেটের লেখা অনুযায়ী রাতেই খুলবে ঠিক করল।
গভীর রাত। টুকু নামের একটা দুষ্টু প্রকৃতির ছেলে চিপসের প্যাকেট নিয়ে বসেছে। প্যাকেটের ভেতর উপচে পড়া বাতাস। বাতাসের চাপে প্যাকেটটা নড়াচড়াও করছে! টুকু জানে চিপস মানেই প্যাকেট ভর্তি বাতাস। কিন্তু এটাকেই যে কৌশল হিসেবে বেছে নেবে ভয়ানস্কি, তা তো আর জানে না। প্যাকেটটা যেই না খুলল...অমনি...।
ধুড়ুশশশ.. ঘুররর.. ফুররর.. শোঁ.. শোঁ... ও মাগো! ঝড়! তুফান! ভূত! ভূত! শোঁ শোঁ.. উড়ে গেলাম গো! আমাকে ধরো! শোঁশশশশ...।
একটা দুটো বাড়ি নয়, গোটা মহল্লা এমনকি গোটা শহরজুড়ে তুফান শুরু হয়ে গেল। প্যাকেট খুলতেই বেরিয়ে এল ঘূর্ণিবাতাস। আর ঘূর্ণিবাতাসে যে ভূত থাকে সেটা আগে থেকেই জানত সবাই। গভীর রাতে আচমকা ঝড় দেখে চিপসের মতোই চুপসে গেল সবাই।
সেই রাতে বাচ্চাকাচ্চারা এতটা ভয় পেয়েছে যে তারা এখন সাধারণ চিপস খেতেও ভয় পায়। যে চিপসের প্যাকেটে বাতাস একটু বেশি থাকে সেগুলো ছুঁয়েও দেখে না। তবে ঝামেলা অন্য জায়গায়। ছেলেমেয়েরা চিপস খাওয়া কমিয়ে দেওয়ায় মা-বাবারা খুশি। ব্যাপারটা পছন্দ হলো না ভূতবিজ্ঞানীর। আপন মনে বিড় বিড় করেই চলেছে, ‘নাহ কাজ হলো না। বড়রা ভয় পায়নি। এখন উপায়? আইডিয়া! সিরিয়াল বানাব! হিন্দি সিরিয়াল! ভয়ের গল্প! সবাই দেখবে! দেখা যাবে সিরিয়ালের পাত্রপাত্রীরা টিভি ফুঁড়ে বাস্তব জগতে চলে আসছে। কেমন ভয় পাবে সবাই! উ হা হা হা! ঠা ঠা ঠা!’ ভয়ানস্কির হাসি আর থামেই না।