ভিনগ্রহের প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আকাশে নীল আলোর রেখাটা বড় হতেই হাসিবিজ্ঞান বইয়ের পাতা বন্ধ করে একদৌড়ে উঠোনে গেল রিরিং। তার দেখাদেখি ঘুরুং, টিরুংসহ গ্রামের আরও অনেকে হাজির।
উড়ন্ত চাকতিটা আচমকা এদিক-ওদিক গোত্তা খেতে লাগল। একটু পর স্থির হতেই গমগম শব্দ। টুংকা গাছের ঝোপের পেছনের মাঠে নামল অদ্ভুত যানটা। গ্রামের সবাই এগিয়ে এল। ছোট্ট রিরিং বুঝতে পেরেছে তার স্বপ্ন আজ সত্যি হবে। তাদের সঙ্গে দেখা করতে এসেছে ভিনগ্রহের প্রাণী!
চাকতির দরজা খুলে বেরিয়ে এল অদ্ভুত প্রাণীটা। মাথা গোল, চকচকে। দুই পাশে দুটো শুঁড়, নিচেও দুটো আছে। মাথাটা এপাশ-ওপাশ ঘুরল। এখনো কাউকে দেখেনি। রিরিং তার মুখে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে ছুটে গেল সামনে। হাসিবিজ্ঞান বইতে সে পড়েছে, প্রাণী যে গ্রহেরই হোক না কেন, হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানাতে হয়। প্রাণীটা রিরিংকে দেখতে পেল। ভয় পেল খানিকটা। জলদি পেছন থেকে একটা চোঙার মতো বস্তু বের করল।
রিরিং চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ‘হে ভিনগ্রহের প্রাণী, তোমায় অভিবাদন। অনেক দূর থেকে এসেছ, এখনই ঘুঘুংদের পুকুরে গিয়ে হাতমুখ ধুয়ে এসো। অবশ্য ওই পুকুরে ঘুঘুং রোজ ইয়ে করে ফেলে। হেহেহে।’ যেন অনেক হাসির কথা বলেছে, এমন করে হাসতে লাগল রিরিং। ঘুঘুং কিছুটা খেপে গেলেও এখন কিছু বলল না। ভিনগ্রহের প্রাণীর সামনে মারামারি করার ইচ্ছে হলো না তার।
ভিনগ্রহের প্রাণীটা ধীরে ধীরে হাতের নলটা নিচু করল। রিরিং এক পায়ে লাফিয়ে লাফিয়ে আরও কাছে এল। ভিনগ্রহের প্রাণীর দুটো পা। মাঝের হাতটা বাড়িয়ে দিল রিরিং। প্রাণীটাও তার একটা শুঁড় বাড়িয়ে দিল। রিরিং ওটা ধরে চোখ বন্ধ করে বলল, ‘হু হা হু। হু হা হু’। ভিনগ্রহের প্রাণীটা তার হাত ধরে ঝাঁকি দিল। মনে হয় এটাই ওদের অভিবাদন জানানোর রীতি।
আগন্তুকের হাত ধরে হাঁটছে রিরিং। পেছনে বাকিরা। প্রাণীটা উসখুস করে কী যেন বলতে চায়। রিরিংয়ের কথার চোটে সুযোগই পাচ্ছে না।
‘চলো, তোমাকে আমার ঘরে নিয়ে যাই। খিদে পেয়েছে? রুবলু ফলের জুস আছে। না খেলে তোমাকে বনগরু বানিয়ে আটকে রাখব। কারণ, বনগরু রুবলু ফল খায় না। এরপর তুমি বসে বসে কেবল হুহুম্বা হুহুম্বা করে ডাকবে। হো হো হো।’ রিরিংয়ের সঙ্গে আশপাশের সবাই হেসে উঠল।
প্রাণীটা ভড়কে গেল। এ কথায় এত হাসার কী আছে! সাহস করে এবার কথা বলল ভিনগ্রহের প্রাণী।
‘খোকা, গ্রহটার নাম বলতে পারবে?’
‘বাহ্! তুমি দেখি আমাদের ভাষা জানো!’
‘না মানে, আমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ ডিটেক্টর..।’
‘ব্যাপারটা তো মজার! একটা হাসির গল্প শোনাও।’
‘অ্যাঁ, হাসির গল্প তো আমার জানা নেই! আমি তো নভোচারী।’
‘বলো কী! তোমরা হাসিবিজ্ঞান পড়ো না? আমাদের সবাইকে পড়তে হয়। তা না হলে পরীক্ষার পর খুব কাঁদতে হবে। হে হে হে।’
‘আ...আমি বেশিক্ষণ থাকতে পারব না। যেতে হবে জলদি।’
‘মুখোশটা যে পরে আছ, নাক চুলকাবে কী করে? তোমার নাকে ওটা কী, পোকা নাকি?’
প্রাণীটা ভড়কে গেল। নাক দেখার চেষ্টা করল। কথাটা শোনার পর নাক চুলকাচ্ছে খুব। কিন্তু চুলকাবে কী করে। সারা শরীর যে স্পেস স্যুটে মোড়ানো। হেলমেট খুলে ফেলল প্রাণীটা। নাক চুলকাতে গিয়ে দেখল কোনো পোকাই নেই। আর তা দেখে সবাই আবার হেসে উঠল।
‘আমাকে জলদি যেতে হবে। তা না হলে মহাকাশযানটা আমাকে রেখেই চলে যাবে।’
ভিনগ্রহের প্রাণীর কথায় আবারও সবার হাসি পেল। প্রাণীটার হাত শক্ত করে ধরে রেখেছে রিরিং। প্রাণীটা হাত ছাড়ানোর চেষ্টা করল। পারল না। রিরিংয়ের গায়ে অনেক জোর। প্রাণীটা মনে মনে বলল, ‘ভালোই বিপদ!’ দলবেঁধে সবাই প্রাণীটাকে নিয়ে গেল রিরিংদের বাড়ির উঠোনে।
সবাই গোল হয়ে ঘিরে আছে ওকে। কিছুতেই ছাড়ছে না। প্রাণীটাকে হাসানোর জন্য একটার পর একটা গল্প বলে যাচ্ছে সবাই। কিন্তু প্রাণীটার হাসি আসছে না। আসবে কী করে, গল্পগুলো একটুও মজার নয়। প্রাণীটা তার গ্রহে এর চেয়ে বেশি মজার গল্প শুনে এসেছে।
সবাই মিলে ঠিক করল, ওকে এক মাস তাদের গ্রহে রাখবে। এরপর মুক্তি মিলবে।
‘চলে যাওয়ার কথা বললে তোমাকে ধরে ইক্কিরিং ফলের জুস খাইয়ে দেব।’
নাম শুনেই মনে হলো দারুণ বিস্বাদ হবে ওই জুস। গভীর চিন্তায় পড়ে গেল প্রাণীটা। এখানে এক মাস কেন দুই দিন থাকার রসদও তার নেই। এর আগেই কেটে পড়তে হবে। তা না হলে মহাবিপদ। এদিকে প্রাণীগুলো খুব আমুদে। অল্পতেই হেসে কুটি কুটি।
আচমকা একটা বুদ্ধি পেল ভিনগ্রহের প্রাণী। বলল, ‘একটা কৌতুক শুনবে? মানে মজার গল্প।’ সবাই চোখ বড় বড় করে চুপ করে গেল। ভিনগ্রহের মজার গল্প শুনবে, এমনটা তারা স্বপ্নেও ভাবেনি যেন। ভিনগ্রহের প্রাণীটা বলতে শুরু করল, ‘দুটো গরু ঘাস খাচ্ছিল। এমন সময় একটা গরু জোরে ডাকল হুহুম্বা...হুহুম্বা। এটা শুনে আরেকটা গরু খাওয়া থামিয়ে অবাক হয়ে বলল, আরে! ঠিক এ কথাটাই তো আমি বলতে যাচ্ছিলাম!’
কৌতুকটা শুনে সবার সেকি লুটোপুটি হাসি, গড়াগড়ি হাসি, দম আটকানো হাসি। সবাই যখন চোখ বন্ধ করে হাসছে, তখন সুযোগ বুঝে পালিয়ে গেল ভিনগ্রহের প্রাণী। একদৌড়ে উঠে গেল মহাকাশযানে। ফিরে গেল পৃথিবীতে।