ভূত আমার বন্ধু হলো

একদিন বাবা, আম্মু, আবির কেউই বাড়িতে ছিল না। আমি ভাবলাম, দরজা-জানালা বন্ধ করে বাড়িটাকে একটু রাত বানিয়ে দিই। আমার ভূতকে বন্ধু বানানোর খুব শখ। তখন একটু ভয় ভয় লাগছিল। হঠাৎ দেখলাম, সত্যি সত্যি একটা ভূত চলে এসেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ভূতটা আমার দিকে এসে বলল, ‘তুমি আমার বন্ধু হতে চাও?’
আমি বললাম, ‘হ্যাঁ।’
সে বলল, ‘চলো। আমরা খেলি।’
বাবা, আম্মু, আবির যখন বাড়িতে এল, তখন সে চুপচাপ চলে গেল। যাওয়ার আগে আমি ভূতটাকে বললাম, ‘তুমি আবার এসো।’
ভূতটা বলল, ‘ঠিক আছে।’
সকালে ঘুম থেকে উঠে দেখি, ভূতটা আবার এসেছে। আমি বললাম, ‘তুমি কি ব্রাশ করো?’
‘না।’
‘তোমার বাড়ি কোথায়?’
‘আমার বাড়ি নাই। আমি গাছে থাকি।’
‘তোমার খুব মজা, তাই না?’
‘না, একদম না। ওখানে খুব মশা।’
‘আচ্ছা চলো, এবার ব্রাশ করি। ব্রাশ করা হলে আমরা একসঙ্গে নাশতা খাব।’
ভূতটা জিজ্ঞেস করল, ‘কী নাশতা?’
‘পরোটা আর ডিম পোচ।’
‘আমি এসব খাই না। তোমার বাড়িতে কি কাঁচা মাছ-মাংস আছে?’

‘ফ্রিজে আছে।’
আমি ভূতটাকে কাঁচা মাংস দিলাম। সে ভীষণ খুশি হলো। আমার বন্ধু হয়ে গেল।
বাবা, আবির বা আম্মুকে আমি আমার ভূত-বন্ধুর কথা বলিনি। বাবা জানতে পারলে নিশ্চয়ই আমাকে ভূত-বন্ধুর সঙ্গে আর খেলতে দেবে না। কিন্তু ভূত-বন্ধু না এলে আমি খেলব কার সঙ্গে? আম্মু আমাকে মাঝেমধ্যে আমাদের এক তলার ভাড়াটে আন্টির কাছে রেখে অফিসে যায়। ভাড়াটে আন্টির ছেলে জারিফ তো অনেক ছোট। হাঁটতেই শেখেনি। ও তো আমার সঙ্গে খেলতেও পারে না।
বিকেলে আম্মু অফিস থেকে ফিরে মেইন গেটে তালা দিয়ে পত্রিকা পড়ে, নয়তো আমার আর আবিরের জন্য নাশতা বানাতে ব্যস্ত হয়ে যায়। আমি জানালা দিয়ে সামনের খোলা মাঠের দিকে তাকিয়ে দেখি কত বাচ্চা খেলছে। আমি যেতে চাইলে আম্মু বলে, ‘ওরা সব বস্তির ছেলে। ওদের সঙ্গে খেলতে হবে না।’
বস্তির ছেলেদের সঙ্গে খেললে কী হয়? ওরা কত মজা করে খেলে! আমার এসব কথা শুনে আমার বন্ধু খ্যাঁ খ্যাঁ করে হেসে ওঠে। ওর হাসি দেখে আমার ভীষণ রাগ হয়। আমি বলি, ‘যাও। তোমার সঙ্গে খেলব না।’
ও বলে, ‘রাগ করলে তুমি হেরে যাবে। রাগ করতে নেই।’
সত্যিই তো। আমি ভূত-বন্ধুর সঙ্গে রাগ করলে খেলব কার সঙ্গে? তাই ওকে সঙ্গে নিয়ে আবার লুকোচুরি খেলতে শুরু করলাম।
ইদানীং বাবাকে দেখি অফিস থেকে ফিরে আমাকে দুটো চকলেট, না হয় দুটো আইসক্রিম দেয়। বাবা কি তাহলে সব বুঝে ফেলেছে! আমার দুশ্চিন্তার কথা শুনে ভূত-বন্ধু আবার খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল। এখন ওর হাসি দেখলে আমার আর রাগ হয় না।
তৃতীয় শ্রেণি, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী