ভূতের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সেবার বার্ষিক পরীক্ষার পর আমরা গিয়েছি ধ্রুবর দাদুবাড়িতে। আমরা মানে আমি, তন্বী, নাফিসা, প্রভাত, জান্নাত আর অবশ্যই ধ্রুব। ওদের গ্রামে একটা পোড়োবাড়ি আছে। বাড়িটা নিয়ে নানা রকম ভৌতিক গল্প শোনা যায়। যেমন: রাত-বিরাতে ভূতের বাচ্চার কান্না, পূর্ণিমা রাতে নাকি গলায় গান, আমাবস্যায় উড়তে থাকা ধবধরে সাদা শাড়ির আঁচল...ইত্যাদি ইত্যাদি।
ধ্রুব হঠাৎ বলল, ‘তোদের মধ্যে কেউ কি আছে যে এই বাড়িতে আজ আমাবস্যার রাতে থাকতে পারবে? জানি কেউ নেই। থাকলে এগিয়ে আয়। দেখিয়ে দে একা একটা রাত এ বাড়িতে কাটিয়ে। অবশ্য আমার এত সব বলাটা বৃথা। তোরা সব তো ভিতুর ডিম!’
এমন অপমান সত্ত্বেও কেউ এগিয়ে আসছিল না। আমি আর কীভাবে চুপ থাকি বলো? আমি গ্রহণ করলাম ধ্রুবর চ্যালেঞ্জ!
তখন আমি পোড়োবাড়িতে একা। আমাবস্যার অন্ধকার চারদিকে। বাড়ির পাশের বড় বড় গাছ যেন ডালপালা নাড়িয়ে খেলছে। বাড়ির দেয়ালগুলো বড় বেশি স্থির। আমার কিন্তু ভয় করছিল না। সবাই জানে, ভূতে আমার বিশ্বাস নেই।
রাত গভীর হচ্ছে। অন্ধকার যেন আরও ঘন হয়ে আসছে। হঠাৎ বাতাস জোরে জোরে বইতে শুরু করল। পাতার শিরশির শব্দের সঙ্গে ভেসে আসছে তক্ষকের ডাক। দূরে একটা কুকুর ডাকছিল। সেই ডাক হঠাৎ বন্ধ হয়ে গেল। শুকনো পাতার ওপর হাঁটার খসখস শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ কোথা থেকে একটু আলো এল। দেখতে পেলাম, কালো জিনিসটাকে। শিমুলগাছটার নিচে দাঁড়িয়ে আমার সমান লম্বা একটা ভূত!
ভাবছ আমি তখন ভয়ে কাঁপছি? ব্যাপারটা কিন্তু তা নয়। আমার অনেক দিনের ইচ্ছা একটা ভূতের সঙ্গে বন্ধুত্ব করার। ভূতে অবিশ্বাসের ব্যাপার আসলে মিথ্যে।
আমি ভূতটাকে বললাম, ‘তোমাকে দেখে তো আমার বয়সীই মনে হচ্ছে। হবে আমার বন্ধু?’
এমন সময় হাসির রোল পড়ে গেল। কালো কোট খুলে ফেলল প্রভাত। হতচ্ছাড়া ধ্রুবটা চার্জার ফ্যানের পাশে দাঁড়িয়ে হাসছে। টর্চ হাতে নাফিসা আর খালি হাতে বাকিগুলো দাঁড়িয়ে।
‘খুব দাঁত বেরোচ্ছে না? দেখে নেব, সব কটাকে দেখে নেব!’ হাত মুঠো করে বলেছিলাম আমি।
এদিকে সারা স্কুলে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। সবাই আমাকে খ্যাপাত, ‘ভূতের ফ্রেন্ড যায়, নীল জামা গায়’। বন্ধুদের সঙ্গে বেশ রাগারাগি হয়েছিল। কিন্তু ভূতের মতো দুষ্ট বন্ধুগুলোর ওপর আসলে রাগ করে থাকা যায় না। ওরা থাকলে ভূতবন্ধুর দরকারও পড়ে না!
সপ্তম শ্রেণি, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়